img

পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন মিমি

প্রকাশিত :  ০৭:৪৩, ১০ জানুয়ারী ২০২৬

পছন্দের চকলেটের সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন মিমি

অভিনেত্রী আফসানা মিমি নব্বইয়ের দশকের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। সংযত অভিনয়, সহজ উপস্থিতি আর চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতায় তিনি হয়ে উঠেছিলেন দর্শকের নির্ভরতার নাম।

গত ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রেখেছেন নন্দিত এ অভিনেত্রী। প্রতি বছর নিজের জন্মদিনটি তিনি পালন করেন এক বিশেষ ও মানবিক উপায়ে। 

রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ওই দিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই উপহার পৌঁছে দিয়ে আসেন তিনি। বছরের পর বছর নিরবে এই কাজ করে আসলেও এর নেপথ্যের গল্পটি এতদিন আড়ালেই ছিল। 

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে অতিথি হয়ে এসে জীবনের এমন অনেক না বলা কথা জানিয়েছেন মিমি। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই আড্ডায় উঠে আসে তার ‘মিমি’ হয়ে ওঠার সেই মজার কাহিনী।

আফসানা মিমি জানান, শৈশবে ‘মিমি’ চকোলেট তার ভীষণ প্রিয় ছিল। বড় বোন ‘অ্যানি’র নামের সাথে মিল রেখে তার পারিবারিক নাম রাখা হয়েছিল ‘জুনি’, আর ভালো নাম ছিল ‘আফসানা করিম’। 

অন্যদিকে বাবা তাকে আদর করে ডাকতেন ‘মিম’। কিন্তু চকোলেটের প্রতি ভালোবাসা থেকেই তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নেন।

মজা করে মিমি বলেন, আমি বোধ হয় পৃথিবীর একমাত্র শিশু, যে কিনা নিজের নাম নিজেই চূড়ান্ত করেছে।

হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকের মধ্য দিয়ে আফসানা মিমির টিভি নাটকে অভিষেক হয়। এরপর আর থেমে থাকেননি তিনি। 

নব্বইয়ের দশকে প্রচারিত তার অভিনীত নাটকগুলোর মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছিল ‘একদিন হঠাৎ’, ‘অপেক্ষা’, ‘শেষ বিকেলের মেয়ে’ এবং ‘নির্জন দ্বীপ’-এ ধরনের সম্পর্কনির্ভর ও চরিত্রপ্রধান কাজগুলো।


 

বিনোদন এর আরও খবর

img

এই ঈদে আসছে শাকিব-সাবিলার ‘রকস্টার’

প্রকাশিত :  ০৯:৩৯, ২৬ মে ২০২৬

বহুল আলোচিত সিনেমা রকস্টার ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে । আজমান রুশো পরিচালিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ (U) সার্টিফিকেট পেয়েছে।

পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে এক রকস্টারের উত্থান-পতন, তারকাখ্যাতির চাপ ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে। 

সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন তিন নায়িকা। সম্প্রতি প্রকাশিত টিজারে শাকিব খানের সঙ্গে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েককে।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ বক্স অফিসে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।