img

সৌদি আরবে সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা

প্রকাশিত :  ০৬:৩৬, ০৪ মার্চ ২০২৬

সৌদি আরবে সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে হামলা হয়েছে। সরাসরি একটি ড্রোন সেখানে আঘাত হানার দাবি করেছে রয়টার্সের সূত্র। তবে সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত সিআইএ স্টেশন। সোমবার সেখানেই ইরানি ড্রোন আঘাত করে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানায়, ড্রোনটি বিস্ফোরিত হয়েছে। ক্ষয়ক্ষতির চিত্র নিশ্চিত হওয়া যায়নি। তবে সিআইএর স্টেশনটিই সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কি না তা জানাতে পারেনি ওই সূত্র।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যে সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলার ঘটনা ঘটল। এ ছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলেও হামলা হয়েছে।

এদিকে কাতার সরকার জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হয়ে কাজ করছিল, এমন দুটি ‘স্লিপার সেল’ শনাক্ত করে সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, দুই সেলে মোট ১০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে কাতারের গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকি তিনজনকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং গুপ্তচরবৃত্তি ও নাশকতার মিশনে নিয়োজিত থাকার কথা জানিয়েছেন।

কাতারি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছ থেকে সংবেদনশীল স্থাপনার অবস্থান ও স্থানাঙ্ক, যোগাযোগ যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

প্রকাশিত :  ১৯:৫৭, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে গোলাগুলিতে তারা নিহত হয়। আজ রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ জানিয়েছেন, এটি একটি পারিবারিক-সম্পর্কিত হামলার ঘটনা। নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

তিনি জানান, পুলিশের ধাওয়ার পর বন্দুকধারীও নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে। এরপর পুলিশ তাকে অনুসরণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় রয়েছে।

স্মিথ বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। আমাদের অনেকে আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।

লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে বোজিয়ার সিটিতে পুলিশি ধাওয়ার সময় গোলাগুলি হয়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।

পুলিশ সাধারণ জনগণের কারও কাছে ছবি, ভিডিও বা তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানিয়েছে।