থ্রু ইয়োর লেন্স: মার্কেট ডে ফটো প্রতিযোগিতায় অংশ নিন
টাওয়ার হ্যামলেটসের প্রাণবন্ত বাজারগুলোর রঙ, বৈচিত্র্য ও কমিউনিটির চিত্র তুলে ধরতে “আওয়ার ইস্ট এন্ড” ম্যাগাজিনে চালু হচ্ছে নতুন ফিচার ‘থ্রু ইয়োর লেন্স’।
কাউন্সিলের ত্রৈমাসিক ম্যাগাজিন “আওয়ার ইস্ট এন্ড” -এর নতুন এই উদ্যোগের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসকে স্থানীয় বাসিন্দাদের চোখে দেখানোর সুযোগ তৈরি করা হচ্ছে। প্রতি মাসে একটি নির্দিষ্ট থিমের ওপর ছবি আহ্বান করা হবে এবং প্রথম থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে “মার্কেট ডে“।
টাওয়ার হ্যামলেটসের বাজারগুলো বহু বছর ধরে স্থানীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানকার বাজারগুলো শুধু কেনাকাটার স্থান নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং কমিউনিটির মিলনস্থল। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং দর্শনার্থীদের প্রাণচাঞ্চল্যে ভরপুর এসব বাজারের বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতেই এই আয়োজন।
এ মাসের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হচ্ছে তাদের প্রিয় বাজারের সেইসব ছবি পাঠাতে, যা বাজারের রঙ, চরিত্র, বৈচিত্র্য এবং কমিউনিটির প্রাণবন্ত পরিবেশকে তুলে ধরে। তা হতে পারে ব্যস্ত কোনো বাজারের দৃশ্য, স্থানীয় ব্যবসায়ীদের কর্মব্যস্ততা, তাজা পণ্যের রঙিন প্রদর্শনী অথবা কমিউনিটির মানুষের সঙ্গে দৈনন্দিন জীবনের বিশেষ কোনো মুহূর্ত।
নির্বাচিত ছবিগুলো “আওয়ার ইস্ট এন্ড”-এর সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশ করা হবে এবং “লাভ টাওয়ার হ্যামলেটস্” প্রচারণার অংশ হিসেবে শেয়ার করা হবে, যা ফটোগ্রাফারদের জন্য তাদের কাজ বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার একটি চমৎকার সুযোগ।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের সর্বোচ্চ তিনটি ছবি [email protected] ঠিকানায় ইমেইল করতে হবে। ইমেইলের বিষয় (সাবজেক্ট) লাইনে ‘ওইই ফটো কম্প‘ (OEE Photo Comp) লিখতে হবে। ছবির সঙ্গে অবশ্যই অংশগ্রহণকারীর নাম, ছবিটি কোথায় তোলা হয়েছে তার তথ্য এবং চাইলে একটি সংক্ষিপ্ত ক্যাপশন যুক্ত করতে হবে।
ছবি জমা দেওয়ার শেষ সময় বুধবার ২৯ জুলাই রাত ১১:৫৯ মিনিট।
আপনার ক্যামেরা, মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসে ধারণ করা সেরা মার্কেট ডে মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন এবং টাওয়ার হ্যামলেটসের গল্প বলুন আপনার নিজের দৃষ্টিতে।
আপনার চোখে টাওয়ার হ্যামলেটস কেমন? এবার সেটিই দেখার অপেক্ষা।



















