img

লাভ পার্কস সপ্তাহ উদযাপন করুনঃ টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে ভালোবাসুন

প্রকাশিত :  ০২:০৭, ২৯ জুলাই ২০২৬

লাভ পার্কস সপ্তাহ উদযাপন করুনঃ টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে ভালোবাসুন

টাওয়ার হ্যামলেটসের পার্ক ও সবুজ উন্মুক্ত স্থানগুলো আমাদের কমিউনিটিগুলিকে সুখী, সক্রিয় এবং একসঙ্গে সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ২৪ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত টাওয়ার হ্যামলেটস জুড়ে উদযাপিত হচ্ছে “লাভ পার্কস্ সপ্তাহ”, যা আমাদের মূল্যবান পার্ক ও সবুজ স্থানের সৌন্দর্য, গুরুত্ব এবং ইতিবাচক প্রভাবকে তুলে ধরার একটি জাতীয় উদ্যোগ। 

টাওয়ার হ্যামলেটসে রয়েছে ১২০টিরও বেশি পার্ক ও সবুজ উন্মুক্ত স্থান, যা প্রতিদিন হাজারো বাসিন্দা ও দর্শনার্থীর জন্য বিশ্রাম, ব্যায়াম, খেলা এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগের সুযোগ তৈরি করে। ছোট পকেট পার্ক থেকে শুরু করে ঐতিহাসিক গার্ডেন স্কয়ার এবং জাতীয়ভাবে স্বীকৃত পার্ক - সবগুলোই স্থানীয় মানুষের কাছে সমানভাবে প্রিয়।

বারার পার্কগুলো শুধু সবুজ জায়গা নয়, এগুলো আমাদের কমিউনিটির প্রাণকেন্দ্র। এখানে পরিবার, বন্ধু, প্রতিবেশী এবং বিভিন্ন বয়সের মানুষ একত্রিত হন, সময় কাটান এবং সুস্থ জীবনযাপনের সুযোগ পান। “লাভ পার্কস্ সপ্তাহ” -এর লক্ষ্য হলো এই সবুজ স্থানগুলোর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আরও বেশি মানুষকে তাদের স্থানীয় পার্ক ব্যবহার করতে উৎসাহিত করা।

টাওয়ার হ্যামলেটসের পার্কগুলোর সাফল্য ও মান জাতীয় পর্যায়েও স্বীকৃত। বর্তমানে ১৪টি পার্ক গ্রিন ফ্ল্যাগ অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং বারার লন্ডন ইন ব্লুম প্রতিযোগিতায় একাধিক স্বর্ণপদক লাভ করেছে। বিখ্যাত ভিক্টোরিয়া পার্ক গ্রিন ফ্ল্যাগ পিপলস চয়েস তালিকায় দেশের সেরা ১০টি পার্কের মধ্যে স্থান পেয়েছে এবং লন্ডনের অন্যতম সেরা পার্ক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।


ভিক্টোরিয়া পার্ক তার ঐতিহাসিক হ্রদ, ব্যান্ডস্ট্যান্ড এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্য সুপরিচিত। অন্যদিকে মাইল এন্ড পার্ক শিল্প, প্রকৃতি এবং খেলাধুলার এক অনন্য সমন্বয়, যেখানে রয়েছে আর্ট প্যাভিলিয়ন, ইকোলজি প্যাভিলিয়ন, ক্রীড়া সুবিধা এবং বিভিন্ন কমিউনিটি কার্যক্রমের সুযোগ।

সারা বছর জুড়ে টাওয়ার হ্যামলেটসের পার্কগুলোতে বিভিন্ন উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্প প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, হাঁটা, সাইক্লিং এবং পারিবারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পার্ক রেঞ্জাররা নিয়মিতভাবে গাইডেড ওয়াক, স্কুল ছুটির কার্যক্রম, বৃক্ষরোপণ এবং সম্প্রদায়ভিত্তিক নানা আয়োজন পরিচালনা করেন। 

জাতীয়  “লাভ পার্কস্ সপ্তাহ”  প্রচারণা পার্কগুলোর পরিবেশ এবং সমাজে ইতিবাচক অবদানকে তুলে ধরে। পার্কগুলো শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি, সামাজিক সংযোগ শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, \"আমাদের পার্ক ও সবুজ উন্মুক্ত স্থানগুলো টাওয়ার হ্যামলেটসের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে অন্যতম। এগুলো শুধু বিনোদন ও বিশ্রামের জায়গা নয়, বরং আমাদের কমিউনিটিকে একত্রিত করে, শারীরিক ও মানসিক সুস্থতা উন্নত করে এবং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। ‘লাভ পার্কস্ উইক‘ আমাদের অসাধারণ পার্কগুলো উদযাপন করার এবং সেগুলোকে ভালোবাসার আরও কারণ তুলে ধরার একটি চমৎকার সুযোগ। আমি সবাইকে পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে স্থানীয় পার্কগুলো ঘুরে দেখার, সেখানে আয়োজিত কার্যক্রমে অংশ নেওয়ার এবং টাওয়ার হ্যামলেটসের সবুজ স্থানগুলোর সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানাই।\"

এই  “লাভ পার্কস্ সপ্তাহ” -এ পরিবার ও বন্ধুদের নিয়ে আপনার স্থানীয় পার্কে ঘুরে আসুন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন এবং আমাদের অসাধারণ সবুজ স্থানগুলোর প্রতি ভালোবাসা প্রকাশ করুন।

টাওয়ার হ্যামলেটসের পার্ক সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/lgnl/leisure_and_culture/parks_and_open_spaces/visit_our_parks.aspx

কমিউনিটি এর আরও খবর

img

মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রামের প্রথম ১০টি সাইট বাস্তবায়নে £১৪৩ মিলিয়ন পাউন্ড অর্থায়ন অনুমোদন করেছে ক্যাবিনেট

প্রকাশিত :  ১১:০৯, ২৯ জুলাই ২০২৬

টাওয়ার হ্যামলেটসের মেয়রের হাজার হাজার নতুন আবাসন নির্মাণের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। ১৫ জুলাই অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম সংক্ষেপে এমএএইচপি-এর প্রথম ১০টি সাইটের অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কাউন্সিল প্রথম ধাপে ৩৫১টি নতুন বাড়ি নির্মাণের কাজ এগিয়ে নিতে পারবে। এটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার আওতায় বারাজুড়ে কাউন্সিলের মালিকানাধীন ৪২টি সাইটে সর্বোচ্চ ৩ হাজার ৩০০টি নতুন বাড়ি নির্মাণ করা হবে, যার অন্তত ৫১ শতাংশ হবে সাশ্রয়ী মূল্যের (এফোর্ডেবল) আবাসন।

মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কাউন্সিল-নেতৃত্বাধীন আবাসন উদ্যোগ। এর লক্ষ্য হলো উচ্চমানের, প্রকৃত অর্থে সাশ্রয়ী আবাসন (সামর্থাধীন ভাড়ার বাড়ি-ঘর) সরবরাহ করার পাশাপাশি স্থানীয় এলাকায় বিনিয়োগ বৃদ্ধি এবং এমন সব কমিউনিটি গড়ে তোলা, যেখানে মানুষ দীর্ঘমেয়াদে উন্নত জীবনযাপন করতে পারে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, \"এটি আমাদের বাসিন্দাদের প্রয়োজনীয় প্রকৃত অর্থে সাশ্রয়ী এবং পরিবার-বান্ধব আবাসন সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনেক পরিবার এখনও নিরাপদ ও উচ্চমানের আবাসনের অপেক্ষায় রয়েছে এবং  মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম সেই চ্যালেঞ্জের একটি সাহসী জবাব।”

তিনি বলেন, \"এই প্রথম ১০টি সাইটের জন্য অর্থায়ন অনুমোদনের মাধ্যমে আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছি। আমরা শুধু বাড়ি নির্মাণ করছি না; আমরা স্থানীয় এলাকায় বিনিয়োগ করছি, উন্মুক্ত জনপরিসর উন্নত করছি এবং এমন টেকসই কমিউনিটি গড়ে তুলছি, যা আগামী প্রজন্মের বাসিন্দাদের উপকারে আসবে।”

মেয়র আরও বলেন, \"এই কর্মসূচির কেন্দ্রে রয়েছে কমিউনিটির অংশগ্রহণ। যারা তাদের মতামত ভাগ করে নেওয়ার জন্য সময় দিয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাদের মতামত এমন পরিকল্পনা তৈরি করতে সহায়তা করছে, যা স্থানীয় চাহিদা ও অগ্রাধিকারকে প্রতিফলিত করে এবং একই সঙ্গে আমাদের বোরোর জরুরি আবাসন প্রয়োজন পূরণে সহায়তা করে।\"

ক্যাবিনেট £১৪৩ মিলিয়ন বাজেট অনুমোদন করেছে। এই অর্থের একটি বড় অংশ গ্রেটার লন্ডন অথরিটি (জিএলএ)-এর অনুদানের মাধ্যমে সমন্বয় করা হবে, যার পরিমাণ £৭০ মিলিয়ন পাউন্ড, যা লন্ডনের মেয়রের এফোর্ডেবল হোমস্ প্রোগ্রাম (এএইপি) থেকে অনুদান নিশ্চিত করার ওপর নির্ভরশীল। এছাড়া রাইট টু বাই রিসিপটস্ থেকে £৩০.৬ মিলিয়ন পাউন্ড অর্থায়ন করা হবে।

একই সভায় বেথনাল গ্রীণ পিডিসি সাইটে একটি নতুন আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ নির্মাণের জন্য অতিরিক্ত £৫.৭ মিলিয়ন পাউন্ড বাজেটও অনুমোদন করা হয়েছে। এমএএইচপি-এর এই সাইটে ৪৪টি নতুন বাড়ি নির্মাণ করা হবে।

ক্যাবিনেট সভায় উল্লেখ করা হয়েছে যে, কর্মসূচি চালুর পর থেকে বাসিন্দা, ব্যবসায়ী এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শ ও সম্পৃক্ততা কার্যক্রম পরিচালিত হয়েছে, যাতে প্রতিটি সাইটের পরিকল্পনা স্থানীয় চাহিদা ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কমিউনিটি কনভারসেশন অর্থাৎ কমিউনিটির সাথে আলোচনা এবং অনলাইন পরামর্শ কার্যক্রম থেকে প্রাপ্ত মতামত পরিকল্পনার নকশা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পরিকল্পনা অনুমোদনের আবেদন জমা দেওয়ার আগে আরও পরামর্শ কার্যক্রম পরিচালিত হবে, যাতে বাসিন্দা ও স্থানীয় সংগঠনগুলো প্রস্তাবিত পরিকল্পনা পর্যালোচনা করতে পারে এবং প্রতিটি সাইটের ভবিষ্যৎ উন্নয়নে মতামত দেওয়ার সুযোগ পায়। বাসিন্দারা নিয়মিত হালনাগাদ তথ্য পাওয়ার জন্য রেজিস্ট্রেশনও করতে পারবেন।

মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম-এর লক্ষ্য হলো বারাজুড়ে সর্বোচ্চ ৩,৩০০টি নতুন বাড়ি নির্মাণ করা, যার অন্তত ৫১ শতাংশ সাশ্রয়ী মূল্যের আবাসন হবে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ থাকবে সামাজিক ভাড়াভিত্তিক (সোশ্যাল রেন্ট) বাড়ি। পাশাপাশি জনপরিসর উন্নয়ন, জীববৈচিত্র্য বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং কমিউনিটি অবকাঠামোতে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

কমিউনিটি এর আরও খবর