মৌলভীবাজারে ট্রাকে ৮০ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ২
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে একটি ট্রাক থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তার সন্ধান পায় পুলিশ। বস্তাগুলো খুলে সেখান থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ROYAL STAG DELUXE WHISKY-এর ৪৬ বোতল, ICONiQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY-এর ১৬ বোতল এবং AC BLACK PURE GRAIN DELUXE WHISKY-এর ১৮ বোতল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।



















