জলবায়ু পরিবর্তন নিয়ে ভুল তথ্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে গ্রিন উইক ২০২৬
বিনামূল্যের অনুষ্ঠান, পরিবেশবিষয়ক আলোচনা, গাছ লাগানো, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবারকেন্দ্রিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান কাউন্সিলের
জলবায়ু পরিবর্তন নিয়ে ভুল তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে টাওয়ার হ্যামলেটসে শুরু হয়েছে গ্রীন উইক ২০২৬। ১৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলা এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের জন্য রয়েছে বিনামূল্যের বিভিন্ন অনুষ্ঠান, পরিবেশবিষয়ক আলোচনা, টেকসই জীবনযাপন নিয়ে কর্মশালা, গাছ লাগানোর উদ্যোগ এবং শিশু ও পরিবারের জন্য নানা কার্যক্রম।
ইন্টারনেট ও সংবাদমাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ায় কোনটি সঠিক তথ্য, কোনটি ভুল এবং পরিবেশ রক্ষায় কোন পদক্ষেপগুলো সত্যিকার অর্থে কার্যকর, তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ বিষয়টিকে সামনে রেখে এবারের গ্রিন উইকের মূল লক্ষ্য হলো নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে বাসিন্দাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানার সুযোগ করে দেওয়া এবং নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব পদক্ষেপ নিতে উৎসাহিত করা।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে এই কর্মসূচিতে বাসিন্দারা জলবায়ু পরিবর্তন ও টেকসই জীবনযাপন সম্পর্কে প্রচলিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষ ও সংগঠনগুলোর উদ্যোগ সম্পর্কে জানার এবং নিজেদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনার উপায় খুঁজে বের করার সুযোগ পাবেন।
এ সপ্তাহ প্রসঙ্গে মন্তব্যকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বরো গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। জলবায়ু পরিবর্তন নিয়ে সঠিক তথ্য জানা এবং ভুল তথ্যের বিষয়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিন উইকের মাধ্যমে বাসিন্দারা বিশেষজ্ঞ ও স্থানীয় পরিবেশকর্মীদের কাছ থেকে জানার, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এবং পরিবেশ রক্ষায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন।\"
মেয়র টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, \"আমাদের প্রত্যেকের ছোট ছোট উদ্যোগ সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে।”
ক্লিন অ্যান্ড গ্রিন বরো বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর শাফি আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সঠিক তথ্য, জনসম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে পরিবেশগত সমস্যাগুলো সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই নির্ভরযোগ্য তথ্য জানা, প্রশ্ন করা এবং বিজ্ঞানভিত্তিক সমাধান সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।\"
তিনি আরও বলেন, “গ্রিন উইকের কর্মসূচিতে বাসিন্দারা জীববৈচিত্র্য সংরক্ষণ, গাছ লাগানো, খাদ্য উৎপাদন, পুনর্ব্যবহার এবং দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বিভিন্ন উপায় জানতে পারবেন। আমরা চাই, সব বয়সের মানুষ এই উদ্যোগে অংশ নিয়ে নিজেদের কমিউনিটিকে আরও সবুজ ও টেকসই করে তুলতে ভূমিকা রাখুন।”
গ্রিন উইকের উল্লেখযোগ্য আয়োজন
১৯ ও ২০ অক্টোবরঃ জলবায়ু জরুরি অবস্থা নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা
জলবায়ু ও প্রকৃতির সংকটের কারণ, প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ে সচেতনতা বাড়াতে \"দ্যা পিপল\'স্ ইমার্জেন্সি ব্রিফিং\" চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।
১৯ অক্টোবর সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আইডিয়া স্টোর ওয়াটনি মার্কেটে চলচ্চিত্র প্রদর্শনীর পর স্থানীয় পর্যায়ে জলবায়ু জরুরি অবস্থার প্রভাব, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত টাউন হলের গ্রোসার্স উইংয়ে একই চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর পর স্থানীয় বক্তাদের অংশগ্রহণে আলোচনায় টাওয়ার হ্যামলেটসে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ রক্ষায় চলমান উদ্যোগ এবং ভবিষ্যতে কী করা যেতে পারে, তা নিয়ে মতবিনিময় হবে।
দুটি আয়োজনের লক্ষ্য হলো বাসিন্দাদের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বুঝতে এবং স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে উৎসাহিত করা।
২১ অক্টোবরঃ টেকসই জীবনযাপন ও পরিবেশবিষয়ক মেলা
বুধবার ২১ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস টাউন হলের গ্রোসার্স উইংয়ে অনুষ্ঠিত হবে \'টাওয়ার হ্যামলেটস্ সাসটেইনেবিলিটি ফেয়ার\"।
বিনামূল্যের এই মেলায় বাসিন্দারা জলবায়ু পরিবর্তন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য, প্রচলিত ভুল ধারণা দূর করার উপকরণ এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় সফল উদ্যোগগুলোর সঙ্গে পরিচিত হতে পারবেন। পাশাপাশি পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সহযোগিতার সুযোগ তৈরি হবে।
পরিবেশ নিয়ে যাঁদের প্রশ্ন রয়েছে বা যাঁরা নিজেদের দৈনন্দিন জীবনে টেকসই অভ্যাস গড়ে তুলতে চান, তাঁদের জন্য এই আয়োজন বিশেষভাবে উপযোগী।
২২ অক্টোবরঃ জীববৈচিত্র্য ও সবুজ পরিবেশবিষয়ক সম্মেলন
বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইকোলজি প্যাভিলিয়নে (১২৫ গ্রোভ রোড, লন্ডন ই৩ ৫আরপি) অনুষ্ঠিত হবে \"টাওয়ার হ্যামলেটস্ বায়োডায়ভারসিটি এন্ড গ্রোয়িং সিম্পোজিয়াম\"। এই সম্মেলনে কমিউনিটি সংগঠন, স্থানীয় বাসিন্দা, পরিবেশ ও শিল্প খাতের পেশাজীবী, জমির মালিক এবং উন্নয়নসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। বরোর জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ জায়গার পরিমাণ ও মান উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হবে।
দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় পরিবেশ প্রকল্প, নতুন উদ্যোগ ও নীতিমালা নিয়ে আলোচনা ছাড়াও কর্মশালা এবং বিভিন্ন উদ্যোগ সরেজমিনে দেখার সুযোগ থাকবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন এবং পরিবেশ রক্ষায় নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে পাবেন।
২৪ অক্টোবরঃ কমিউনিটি ট্রি প্ল্যান্টিং ডে
২৪ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কমিউনিটি বৃক্ষ রোপন দিবস কার্যক্রম। বিনামূল্যের এই কর্মসূচিতে পরিবারসহ সব বয়সের বাসিন্দারা অংশ নিতে পারবেন। গাছ লাগানোর মাধ্যমে স্থানীয় পরিবেশ উন্নয়ন, সবুজ জায়গা সমৃদ্ধ করা এবং পরিবেশ রক্ষায় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।
গাছ লাগানোর মতো স্থানীয় উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২৫ অক্টোবরঃ কমিউনিটি ফুড গার্ডেন শুরু করার কর্মশালা
২৫ অক্টোবর রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত \'রাইট টু গ্রো টাওয়ার হ্যামলেটস\' উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে \"কিভাবে কমিউনিটি ফুড গার্ডেন\" শুরু করবেন, সেসম্পর্কিত কর্মশালা।
নিজেদের কমিউনিটিতে কীভাবে খাদ্য উৎপাদনের বাগান গড়ে তোলা যায়, কীভাবে স্থানীয় মানুষকে একসঙ্গে যুক্ত করা যায় এবং পরিবেশবান্ধব উপায়ে খাদ্য উৎপাদন করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীরা জানতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় খাদ্য উৎপাদন, স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র এবং কমিউনিটির সহযোগিতামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হবে।
২৬ অক্টোবরঃ পরিবেশবিষয়ক ভুল তথ্য মোকাবিলায় ওয়েবিনার
২৬ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইউনিসন ইয়ার অব গ্রীন এক্টিভিটিঃ ওয়ার্কাস্ এন্ড গ্রীণ মিসইনফরমেশন\" শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হবে। এই ওয়েবিনারে স্থানীয় সরকারে কর্মরত ব্যক্তিদের ওপর পরিবেশবিষয়ক ভুল তথ্যের প্রভাব এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কর্মীরা কীভাবে ভূমিকা রাখতে পারেন, তা নিয়ে আলোচনা হবে।
আলোচনায় অংশ নেবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাসটেইনেবল এনার্জি অ্যান্ড ওয়াটার অফিসার মেগান মনকম্যান এবং ইউনিসন-এর জাতীয় নীতিবিষয়ক কর্মকর্তা মিশেল সিঙ্গলটন।
পরিবেশবিষয়ক ভুল তথ্য চিহ্নিত করা এবং সে সম্পর্কে সচেতনতা তৈরির মাধ্যমে বাস্তব পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করাই এই আয়োজনের লক্ষ্য।
২৬ অক্টোবরঃ পরিবেশ রক্ষার অঙ্গীকার ও সৃজনশীল কার্যক্রম
একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত \"মেক ইওর এনভায়রনমেন্ট প্লেজ\" শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে পারবেন বাসিন্দারা।
এই সম্মিলিত শিল্পকর্মের মাধ্যমে পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার প্রকাশ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এ ছাড়া ২৬ অক্টোবর বেথনাল গ্রিন নেচার রিজার্ভে \"দ্যা কেস অব দ্যা কোয়াইট পন্ড\" নামের একটি অংশগ্রহণমূলক জলবায়ুবিষয়ক গেম অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রকৃতি, বিভিন্ন প্রজাতির প্রাণী এবং পরিবেশগত ভারসাম্য সম্পর্কে সৃজনশীল উপায়ে জানতে পারবেন।
২৬ থেকে ২৯ অক্টোবরঃ শিশু ও পরিবারের জন্য গ্রিন লাইব্রেরিজ সপ্তাহ
গ্রিন উইকের অংশ হিসেবে আইডিয়া স্টোর ও স্থানীয় লাইব্রেরিগুলোতে শিশু, অভিভাবক ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন থাকছে।
কর্মসূচির মধ্যে রয়েছেঃ
২৬ অক্টোবর: আইডিয়া স্টোর ক্রিস্প স্ট্রিটে LEGO Build the Change: Bengal Tiger এবং আইডিয়া স্টোর ক্যানারি ওয়ার্ফে পুনর্ব্যবহার কেন্দ্র তৈরির লেগো কার্যক্রম।
২৭ অক্টোবর: আইডিয়া স্টোর ওয়াটনি মার্কেটে Green Storytime, আইডিয়া স্টোর বো-তে Green Scavenger Hunt এবং ওয়াটনি মার্কেটে Create a World Puzzle।
২৭ অক্টোবর: বেথনাল গ্রিন লাইব্রেরিতে LEGO Build the Change: Turtle Rescue Mission।
২৮ অক্টোবর: আইডিয়া স্টোর ওয়াটনি মার্কেটে LEGO Build the Change: Pollution Challenge।
২৯ অক্টোবর: আইডিয়া স্টোর ক্রিস্প স্ট্রিটে Ocean Eco-Warriors এবং আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল ও বো-তে পুনর্ব্যবহারবিষয়ক লেগো চ্যালেঞ্জ।
এসব আয়োজনের মাধ্যমে শিশুরা খেলা, গল্প, ধাঁধা ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে পরিবেশ, বন্যপ্রাণী, দূষণ এবং পুনর্ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পাবে।
দৈনন্দিন জীবনেও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান
গ্রিন উইক শুধু কয়েক দিনের অনুষ্ঠান নয়, বরং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জানা এবং দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার একটি সুযোগ।
পুনর্ব্যবহার, অপ্রয়োজনীয় বর্জ্য কমানো, গাছ লাগানো, স্থানীয় সবুজ জায়গা রক্ষা করা এবং কমিউনিটির পরিবেশগত উদ্যোগে অংশ নেওয়ার মতো পদক্ষেপের মাধ্যমে বাসিন্দারা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন।
কাউন্সিল বাসিন্দাদের জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচলিত তথ্য যাচাই করতে, নির্ভরযোগ্য উৎস থেকে জানতে এবং পরিবেশের জন্য কার্যকর পদক্ষেপ বেছে নিতে উৎসাহিত করছে।
গ্রিন উইকের বিভিন্ন আয়োজনের সময়, স্থান, নিবন্ধন এবং অংশগ্রহণের বিস্তারিত তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সম্পূর্ণ অনুষ্ঠানসূচি: Tower Hamlets Green Week 2026



















