img

আজ থেকে চালু এনইআইআর, অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কেই বন্ধ হবে

প্রকাশিত :  ০৭:২০, ০১ জানুয়ারী ২০২৬

আজ থেকে চালু এনইআইআর, অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কেই বন্ধ হবে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যক্রমে আসছে। এর ফলে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ বা নিবন্ধনবিহীন মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ব্যবসায়ীদের আবেদনে স্টকে থাকা ফোনের আইএমইআই জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে কার্যক্রম শুরু হচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত বা অননুমোদিত কোনো হ্যান্ডসেটই বন্ধ হবে না। ব্যবসায়ীদের স্টকে থাকা জমাকৃত আইএমইআই তালিকার ফোনও নেটওয়ার্কে সচল থাকবে। নতুনভাবে নেটওয়ার্কে যুক্ত হওয়া ডিভাইসগুলোই যাচাইয়ের আওতায় আসবে।’

প্রবাসীরা ব্যবহৃত ফোনের পাশাপাশি আরও দুইটি নতুন হ্যান্ডসেট দেশে আনতে পারবেন। নিবন্ধনের জন্য সময় পাবেন তিন মাস। প্রয়োজন হবে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র।

ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, উপদেষ্টা পরিষদ যদি আজ মোবাইল আমদানি ও উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়, তবে এনইআইআর বাস্তবায়ন আরও সহজ হবে।

গত ১০ ডিসেম্বর গ্রে মার্কেটের ফোন বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ হয়। পরে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তের কথা বলা হলেও বিটিআরসি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নির্দেশনা পায়নি কমিশন।

বিটিআরসি বলছে, অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণ, চুরি হওয়া ফোন বন্ধ ও বাজারে শৃঙ্খলা ফেরাতে এনইআইআর চালু করা হচ্ছে। ডিভাইস শনাক্তে সিস্টেম আইএমইআই, সিম নম্বর ও আইএমএসআই মিলিয়ে নেটওয়ার্ক সচল রাখবে। কল বা মেসেজ রেকর্ড করার ক্ষমতা নেই বলেও জানায় সংস্থাটি।

তবে কেন্দ্রীয় ডাটাবেজ থাকার কারণে নজরদারির সুযোগ নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাইবার সুরক্ষা দুর্বল হলে তথ্য অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে। সরকার জানায়, সংশোধিত টেলিযোগাযোগ অধ্যাদেশে গোপনীয়তা সুরক্ষা ও হয়রানি বন্ধে ধারা যুক্ত করা হয়েছে। লঙ্ঘন করলে শাস্তির বিধান থাকবে।

তবে- ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চুরি হওয়া ফোন বন্ধে আগেই এ ব্যবস্থা চালু আছে।

img

ফেসবুকে এবার ফ্রিতেই মিলবে ভেরিফায়েড ব্যাজ

প্রকাশিত :  ০৭:৩৩, ২৫ জুলাই ২০২৬

ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুক। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে আসা এ সেবার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিনামূল্যেই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে। ভুয়া অ্যাকাউন্টের বিস্তার কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় সহজে শনাক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

তবে সবাই এই সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।

প্রথম ধাপে কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। মেটার আশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর