img

শতাধিক মাদরাসা শিক্ষার্থী পেল গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ

প্রকাশিত :  ১১:২০, ১৩ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:২৭, ১৩ জানুয়ারী ২০২৬

শতাধিক মাদরাসা শিক্ষার্থী পেল গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ

আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ প্রজেক্টের আওতায় বৃত্তি পেয়েছে ১০৮ জন মাদরাসা শিক্ষার্থী। রবিবার বেলা ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই স্থিত জালালাবাদ আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ ওয়েস্ট অব স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কৃত্তিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ভিজিটিং প্রফেসর ড. এএসএম আশরাফ মাহমুদ।

মাদরাসা শিক্ষার্থী মাছুম আহমদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যুক্তরাজ্যস্থ লন্ডন মুসলিম সেন্টারের সাবেক ডিরেক্টর দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, লন্ডন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদী ক্যারল, স্থানীয় প্রতিনিধি, মাদরাসার শিক্ষ ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এএসএম আশরাফ মাহমুদ বলেন, গ্লোবাল এইড ট্রাস্ট এ পর্যন্ত প্রায় বিশ্বব্যাপী দেড় কোটি মানুষকে সহযোগিতা করেছে। এখন পর্যন্ত অনেক প্রকল্প চলমান রয়েছে এবং অনেকগুলো বাস্তবায়নও করা হয়েছে। হাফেজ তৈরির জন্য গরিব ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩ বছর ব্যাপী মেয়াদের বৃত্তির অংশ হিসেবে ১০৮ শিক্ষার্থীর হাতে মাসিক এ বৃত্তির টাকা তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গ্লোবাল এইড ট্রাস্ট আশা করে এই আর্থিক সহযোগিতার মাধ্যমে বাচ্চারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিবে। সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর হবে এবং প্রতিটি ঘরে কোরআনে হাফেজ তৈরি হবে। এসবের বিনিময়ে গ্লোবাল এইড ট্রাস্ট শুধুমাত্র দোয়াটুকু প্রত্যাশা করে। বিজ্ঞপ্তি 

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রিপেয়ার পলিসি সম্পর্কে মতামত জানানোর আহ্বান

প্রকাশিত :  ০৯:২৯, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪৮, ২১ অক্টোবর ২০২৬

আপনি কি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভাড়াটিয়া বা লিজহোল্ডার? হাউজিং রিপেয়ার সার্ভিসেস বা আবাসন মেরামত পরিষেবার মান উন্নত করতে কাউন্সিলের নতুন মেরামত নীতি প্রণয়নের কাজে আপনার মতামত জানান।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার হাউজিং রিপেয়ার পলিসি বা নীতি পর্যালোচনা ও হালনাগাদ করছে। এ উদ্যোগের লক্ষ্য হলো বাসিন্দাদের চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে মেরামত পরিষেবাকে আরও কার্যকর, নির্ভরযোগ্য ও বাসিন্দাবান্ধব করে তোলা।

বাসিন্দাদের দৈনন্দিন অভিজ্ঞতা মেরামত পরিষেবার বিভিন্ন দিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই কাউন্সিলের ভাড়াটিয়া ও লিজহোল্ডারদের কাছ থেকে এ বিষয়ে মতামত ও পরামর্শ চাওয়া হচ্ছে।

যেসব বিষয়ে মতামত জানাতে পারবেন

প্রস্তাবিত মেরামত নীতি পর্যালোচনার আওতায় রয়েছে:

মেরামতের দায়িত্বঃ বাড়ির কোন ধরনের মেরামতের দায়িত্ব কাউন্সিলের এবং কোনগুলোর দায়িত্ব ভাড়াটিয়া বা লিজহোল্ডারের, তা স্পষ্ট করা।

মেরামতের অগ্রাধিকারঃ জরুরি ও সাধারণ মেরামতের ক্ষেত্রে কোন কাজ কত দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, তা নির্ধারণ।

অ্যাপয়েন্টমেন্টের মানদণ্ডঃ মেরামতের জন্য নির্ধারিত সময়ে কর্মীদের উপস্থিতি এবং অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মান উন্নয়ন।

পরিষেবার মান ও কার্যকারিতা: মেরামতের কাজ কতটা ভালোভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে, তা মূল্যায়ন ও উন্নত করা।

যেভাবে মতামত জানাবেন

কাউন্সিলের রিপেয়ার পলিসি (মেরামত নীতি) পর্যালোচনায় অংশ নেওয়ার জন্য বাসিন্দাদের সামনে কয়েকটি সুযোগ রয়েছে। তাঁরা টাউন হলে আয়োজিত পরামর্শ সভায় সরাসরি অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইনে সভায় যোগ দেওয়া, অনলাইন জরিপে মতামত দেওয়া অথবা হাউজিং ইমপ্রুভমেন্ট ফোরামের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরতে পারবেন।

বাসিন্দাদের দেওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে মেরামত পরিষেবার ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তৈরিতে কাজে লাগানো হবে।

আপনার মতামত কেন গুরুত্বপূর্ণ?

বাড়ির মেরামতসংক্রান্ত সমস্যা, কাজ সম্পন্ন হতে দেরি, অ্যাপয়েন্টমেন্টের অভিজ্ঞতা কিংবা পরিষেবার মান সম্পর্কে বাসিন্দাদের বাস্তব অভিজ্ঞতা নীতি উন্নয়নে সহায়তা করতে পারে। এই পরামর্শ প্রক্রিয়ায় অংশ নিয়ে আপনি এমন একটি মেরামত পরিষেবা গড়ে তুলতে অবদান রাখতে পারেন, যা বাসিন্দাদের প্রয়োজনের প্রতি আরও বেশি সাড়া দেবে এবং আগামী বছরগুলোতে আরও উন্নত সেবা নিশ্চিত করতে সাহায্য করবে।

আপনি কাউন্সিলের ভাড়াটিয়া বা লিজহোল্ডার হলে আপনার মতামত জানান এবং মেরামত পরিষেবার ভবিষ্যৎ গঠনে অংশ নিন।

বিস্তারিত জানতে এবং মতামত জানানোর সুযোগগুলো সম্পর্কে জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট দেখুন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট

কমিউনিটি এর আরও খবর