img

রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো কণ্ঠে বর্ষবরণ

প্রকাশিত :  ০৯:১৫, ১৪ এপ্রিল ২০২৬

রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো কণ্ঠে বর্ষবরণ

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঐতিহ্যবাহী ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানানো হয়েছে। পুরনো বছরের সব গ্লানি ঝেড়ে নতুন সূচনার বার্তা নিয়ে আয়োজিত হয় ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান, যেখানে নেতৃত্ব দেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ভোর হওয়ার আগেই কানায় কানায় ভরে ওঠে। সূর্য ওঠার আগেই মানুষের ঢল প্রমাণ করে বাঙালির সংস্কৃতির প্রতি গভীর টান।

‘ওঠো ওঠো ওঠোরে…’ গানের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর হাজারো কণ্ঠের সঙ্গে একাত্ম হয়ে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। পাশাপাশি মঞ্চে গান শোনান রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায় এবং স্বাতী সরকার।

অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হন কোনাল, যিনি বাউল সাধক শাহ আবদুল করিম-এর গান পরিবেশন করেন।

আবৃত্তিতে মুগ্ধতা ছড়ান জয়ন্ত চট্টোপাধ্যায়। সবশেষে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

এর আগে, সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিটে একই স্থানে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির বিশেষ আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াংকা গোপ এবং স্বাতী সরকার।

আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও প্রেমা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন সামান্তা ইসলাম এবং সানজিদা।


বিনোদন এর আরও খবর

img

এই ঈদে আসছে শাকিব-সাবিলার ‘রকস্টার’

প্রকাশিত :  ০৯:৩৯, ২৬ মে ২০২৬

বহুল আলোচিত সিনেমা রকস্টার ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে । আজমান রুশো পরিচালিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ (U) সার্টিফিকেট পেয়েছে।

পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে এক রকস্টারের উত্থান-পতন, তারকাখ্যাতির চাপ ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে। 

সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন তিন নায়িকা। সম্প্রতি প্রকাশিত টিজারে শাকিব খানের সঙ্গে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েককে।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ বক্স অফিসে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।