img

ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না: প্রধানমন্ত্রী বার্নহ্যাম

প্রকাশিত :  ১২:২১, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩১, ২৬ জুলাই ২০২৬

ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না: প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও প্রস্তুত থাকার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম বড় সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আজ রোববার (২৬ জুলাই) বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপটা বেশ ভালো হয়েছে। ট্রাম্পকে তিনি খুবই আন্তরিক বলে মনে করেছেন।

তবে মার্কিন প্রেসিডেন্টের ওপর ভরসা করেন কি না, এমন প্রশ্ন দুবার করা হলেও সরাসরি কোনো জবাব দেননি তিনি। উত্তর এড়িয়ে বলেন, বিশ্ব প্রতিনিয়ত পাল্টাচ্ছে। পরিস্থিতি যেভাবে সামনে আসবে, সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে।

আগামীকাল সোমবার পুরো সাক্ষাৎকার সম্প্রচার করা হবে। তাতে বার্নহ্যাম আরও বলেন, আমি কোনো অবস্থাতেই এমন কথা বলতে পারি না যে তার সঙ্গে আমার কখনো মতবিরোধ হবে না। ব্রিটেনের জন্য যা সঠিক, সেই ভিন্ন চিন্তাভাবনা প্রকাশের প্রয়োজন আমার হতেই পারে।

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সাধারণ মানুষের কাছাকাছি থাকাই আমার মূল শক্তি। প্রধানমন্ত্রী হওয়ার পরও এ অভ্যাসের কোনো পরিবর্তন হবে না।

দেশের জন্য সঠিক মনে হলে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হবেন কি না জানতে চাইলে নতুন প্রধানমন্ত্রী স্পষ্ট জবাব দেন, অবশ্যই। যুক্তি দিয়ে তিনি বলেন, যেকোনো কিছুর আগে নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়। এ দায়িত্ব ঠিকমতো পালন করতে চাইলে এটাই প্রধান কাজ।

ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সংঘাত শুরু করার বিষয়ে নিজের ‘উদ্বেগ’ ছিল বলেও জানান বার্নহ্যাম। তিনি স্পষ্ট করেন, নিজের কাছে যা সঠিক মনে হবে, তা বলতে কখনোই কুণ্ঠা বোধ করবেন না।

অবশ্য সামরিক খাতে জিডিপির ৩ শতাংশ খরচের বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ বা সময়সীমা বেঁধে দিতে রাজি হননি তিনি। তার বর্তমান অর্থমন্ত্রী জন হিলি আগের সরকারের সময় পদত্যাগ করেছিলেন। সে সময় হিলির অবস্থান ছিল, ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে এ পরিমাণ অর্থ বরাদ্দ না করলে দেশ নিরাপদ থাকবে না।

এ প্রসঙ্গে বার্নহ্যাম বলেন, নতুন চ্যান্সেলরকে নিয়োগ দেওয়ার সময় প্রতিরক্ষা খাতের খরচের গুরুত্ব এবং তার আগের অবস্থান সম্পর্কে আমি পুরোপুরি অবগত ছিলাম। তবে এ মুহূর্তে আমাদের দুজনের সামনে প্রথম চ্যালেঞ্জ হলো, প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তহবিলের জোগান নিশ্চিত করা। চলতি বছরের শেষের দিকে বাজেট ঘোষণার আগে এ বিষয়টিই গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে।

প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি নিয়ে আবার জানতে চাইলে তার সংক্ষিপ্ত জবাব ছিল, আমাদের এটি করার পথ খুঁজে বের করতে হবে।

এদিকে ২০২৯ সালের আগে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবারই প্রথম সরাসরি নাকচ করে দিয়েছেন বার্নহ্যাম। জনগণের অনীহাকে কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি আগাম নির্বাচনের সম্ভাবনা পুরোপুরি বাতিল করে দিচ্ছি। আমার মনে হয় না, মানুষ এখন কোনো নির্বাচন চায়।

আগাম নির্বাচনের চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী পুরো মনোযোগ এখন দেশকে আবার কাঙ্ক্ষিত জায়গায় ফিরিয়ে নেওয়ার।

জাতীয় এর আরও খবর

img

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

প্রকাশিত :  ১৩:২৯, ২৬ জুলাই ২০২৬

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্ত শেষ হলে জনস্বার্থ বিবেচনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ীই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে সরকার সাংবিধানিক প্রক্রিয়াই অনুসরণ করবে।

অনুষ্ঠানে তিনি দাবি করেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দেশের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমপরিমাণ। তিনি আরও অভিযোগ করেন, খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ এবং পিরোজপুরে এলজিইডির সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে কাগজে-কলমে উন্নয়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা আগের তুলনায় অনেক কমেছে।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো সহজ পথ নেই। নিয়মিত অধ্যয়ন, দক্ষতা অর্জন, পেশাগত সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়েই এগিয়ে যেতে হবে। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি, তা নিজের রাজনৈতিক দলের কেউ হলেও।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত এ কর্মশালায় প্রায় এক হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবীদের পেশাগত নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় এর আরও খবর