img

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৯:১২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনের রেডব্রিজ স্পোর্টস অ্যান্ড লেজার সেন্টারের জ্যঁ ব্রাউন ইনডোর অ্যারেনায় দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে ব্যয় করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা শেষে অ্যাডভান্স গ্রুপের ফাইনালে নোমান ও ওয়াক্কাস জুটি, শামিম ও উজ্জ্বল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ইন্টারমিডিয়েট  গ্রুপে ফাইনালে শাফি ও মারুফ জুটি, টিপু ও সুজন জুটিকে পরাজিত করে শিরোপা জয় করেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের অন্যতম স্পন্সর আতিক চৌধুরী, স্পন্সর আব্দুল হালিম, ইমামুল চৌধুরী, সাংবাদিক মাহবুব রহমান, ব্যারিস্টার সেবুলুল হকসহ অন্যান্য অতিথি ও স্পন্সররা।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ইস্টহ্যান্ডস চ্যারিটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, প্রবীণ সাংবাদিক নবাব উদ্দিন। এ সময় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, ভলান্টিয়ার, ট্রাস্টি, স্পন্সর ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার কারণেই সফলভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুক্তরাজ্যের স্থানীয় কমিউনিটির সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০২০ সালে ইস্টহ্যান্ডস চ্যারিটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দেশে-বিদেশে কাজ করে যাচ্ছে।

ইস্টহ্যান্ডস চ্যারিটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা, প্রবীণদের সুস্বাস্থ্য, শিশুদের বিনোদন এবং শিল্প-সংস্কৃতিবিষয়ক বিভিন্ন আয়োজন। ‘সত্যেন সেন পারফর্মিং স্কুল’-এর সহযোগিতায় শিল্প ও সাহিত্যবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানও পরিচালনা করা হচ্ছে। এছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাব ও আকিলা নূর ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সামার ট্রিপসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আয়োজনের কথাও তুলে ধরা হয়।

গত বছর ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে সংগ্রহ ৫ হাজার পাউন্ড

ইস্টহ্যান্ডস চ্যারিটির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সংগঠনটির অন্যতম প্রধান অর্থ সংগ্রহের আয়োজন। গত বছর টুর্নামেন্টে ২২০ জনেরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন এবং এর মাধ্যমে প্রায় ৫ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়।

এবারের টুর্নামেন্ট সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেন ব্যাডমিন্টন প্রজেক্টের ইন-চার্জ সাবেক কাউন্সিলর আতা রহমান, ট্রাস্টি বাবলুল হক, উপদেষ্টা জাহেদী ক্যারল, হাবিব রহমান, ফকরুল ইসলাম, আতিক, নবিন, মোহাম্মদ কিনু, শিপন ও মাহিদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা। আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়াও উপস্তিত ছিলেন উপদেষ্টা আ স ম মাসুম, সাংবাদিক রুমেনা রাখি, বিশ্বদবীপ দাশ, জাপানিজ রেস্টুরেন্টের কামরুল হুদা আজাদ ও বি এ এক্সচেঞ্জের আব্দুর রহিম। 

এবারের আয়োজনেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। স্পন্সরদের মধ্যে রয়েছেন অ্যাম্পলের আব্দুল হালিম, কারপ্ল্যানেটের তফজ্জুল মিয়া, হ্যালো পয়সা, বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির রফিক হায়দার, সেন্সমেডিকেলের আব্দুল জাহাঙ্গীর, ইয়াম ইয়াম থাই রেস্টুরেন্টের আতিক চৌধুরী, ইয়াকি ইয়া জাপানিজ রেস্টুরেন্টের কামরুল হুদা আজাদ, ট্রাভেললিঙ্কের সামি ছানাউল্লাহ, বি এ এক্সচেঞ্জের শের মাহমুদ ও আব্দুর রহিম, মাহি অ্যান্ড কো-এর আবু তাহের এমবিই, দ্য মিটারি রেস্টুরেন্টের মো. দেলোয়ার হোসেন, কিংডম সলিসিটরের ব্যারিস্টার তারেক চৌধুরী এবং বারাকা ইটারি রেস্টুরেন্টের ইসলাম উদ্দিন।

আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রতিবছর এ চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।

কমিউনিটি এর আরও খবর

img

লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত :  ১৯:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার উদ্যোগে শায়খে কাতিয়া রহ.-এর জ্যেষ্ঠ পুত্র, হযরত ফেদায়ে মিল্লাত রহ.-এর খলিফা, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি এবং কাতিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন, ইলমি ও দ্বীনি খেদমত এবং বহুমুখী কর্মময় জীবন নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন লন্ডন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ।

আলোচনা সভায় বক্তারা মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর বর্ণাঢ্য জীবন, ইলমি মেহনত, দ্বীনি খেদমত, আখলাক, আমল, বিনয়, ইখলাস এবং মানুষের কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ. ছিলেন পদ-পদবির প্রতি সম্পূর্ণ অনাসক্ত, অত্যন্ত মুখলিস, পরহেজগার ও আল্লাহওয়ালা একজন বুযুর্গ। ইলম ও আমলের সমন্বয়ে গড়ে ওঠা তাঁর জীবন ছিল সুন্নাতের প্রতি গভীর ভালোবাসা ও পাবন্দির উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তাঁর পিতা, আশিকে মাদানি রহ. মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রহ.-এর সুন্নতি আমল, আদর্শ ও দ্বীনি মেজাজকে নিজের জীবনে ধারণ করেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

বক্তারা আরও বলেন, শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ছিল নীরব দ্বীনি খেদমত, ইখলাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। তিনি ব্যক্তিগত জীবনের পাশাপাশি মাদরাসা, তালিম-তরবিয়ত ও দ্বীনি কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘ সময় মানুষের মাঝে দ্বীনের খেদমত করে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিষ্য এবং বৃহত্তর উলামায়ে কেরাম ও জমিয়তের অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইউকে জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া; কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ; শায়খে কাতিয়া রহ.-এর সুযোগ্য উত্তরসূরি মাওলানা ইউসুফ আমিনী; জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসেমী; কেন্দ্রীয় জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ; ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী; ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ; জমিয়তে উলামায়ে ইসলাম ওমান শাখার সভাপতি মাওলানা রশীদ আহমদ; সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল হালীম সাতবাকী এবং সেক্রেটারি মাওলানা জাহেদ নাসির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর জমিয়তের উপদেষ্টা মাস্টার আব্দুর রউফ, সহ-সভাপতি হাফিজ জিয়াউদ্দীন, সহ-সভাপতি হাফিজ রশীদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, তাফসিরুল কুরআন বিষয়ক সম্পাদক মুফতি ওলিউর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ-প্রচার সম্পাদক মাওলানা জাবির হুসাইন, ওয়েলফেয়ার সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সৈয়দ আল আমীন, হাফিজ মাওলানা সৈয়দ সোহাইল, মাওলানা আমিনুল ইসলাম রাজু, শায়খে কাতিয়ার সুযোগ্য নাতি মাওলানা নোমান আহমদ, মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জ্যেষ্ঠ পুত্র মাওলানা মুবাশ্বির আহমদ ও মেঝো পুত্র মাওলানা মুদ্দাসসির আহমদসহ জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুম হাফিজ মাওলানা শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর রূহের মাগফিরাত, মর্যাদা বৃদ্ধি এবং তাঁর সকল দ্বীনি খেদমত কবুলের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও সবর ও উত্তম প্রতিদানের দোয়া করা হয়।


কমিউনিটি এর আরও খবর