img

ইতিহাস গড়লেন ফয়ছল হোসেন চৌধূরী এমবিই এমএসপি

প্রকাশিত :  ১৯:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইতিহাস গড়লেন ফয়ছল হোসেন চৌধূরী এমবিই এমএসপি

প্রথম বাংলাদেশী হিসাবে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাদরদি গ্রামের সন্তান ফয়ছল হোসেন চৌধূরী এমবিই এমএসপি।

তিনি মরহুম আলহাজ্ব গোলাম রব্বানী চৌধূরী এবং রুকেয়া রব্বানী চৌধূরী দম্পত্তির বড় ছেলে। তাঁর পরিবার ১৯৮২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চলে আসেন এবং একই বছরের ডিসেম্বরে স্কটল্যান্ডের এডিনবার্গে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, অসুস্থ বাবার ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন ফয়ছল চৌধূরী। তিনি শুধু ব্যবসাটি সফলভাবে পরিচালনা করেননি, বরং তা সম্প্রসারণ করে আজ যুক্তরাজ্য ও বাংলাদেশ জুড়ে ক্যাটারিং, আতিথেয়তা, অর্থ ও রিয়েল এস্টেট খাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।

শুধু ব্যবসায়ী নন, তিনি যুক্তরাজ্যের একজন বিশিষ্ট কমিউনিটি কর্মীও। সামাজিক ন্যায়বিচার, কমিউনিটি সম্পর্ক উন্নয়ন এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি একাধিক দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত।

২০১৭ সালে ওয়েস্টমিনস্টার সংসদ নির্বাচনে লেবার পার্টির হয়ে এডিনবার্গ সাউথওয়েস্ট আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পর, অবশেষে, ২০২১ সালে তিনি ইতিহাস তৈরি করেন—স্কটিশ পার্লামেন্টের (হলিরুড) প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য (এমএসপি) হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও, ফয়ছল হোসেন চৌধূরী হচ্ছেন যুক্তরাজ্যের একমাত্র পুরুষ ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য, যিনি আজ চারজন বিশিষ্ট নারী এমপির সঙ্গে (রুশনারা আলী, আফসানা বেগম, রূপা হক ও টিউলিপ সিদ্দিক) ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি স্কটিশ পার্লামেন্টে ছায়া মন্ত্রী (সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন)।

২০২১ সালে নির্বাচিত হওয়ার পর থেকে বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কমিউনিটি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি সোচ্চার ভূমিকা পালন করছেন। তাঁর নিজের ভাষায়:

“আমার জন্য, এটি কখনোই শুধু একটা পদ নয়। এটি একটি দায়িত্ব—স্কটল্যান্ডের প্রতিটি নাগরিকের কথা ভাবার এবং বিশেষ করে প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করার।”

রাজনীতি, ব্যবসা ও সমাজসেবার পাশাপাশি তিনি একজন নিবেদিত পরিবারপ্রেমী মানুষ। তাঁর স্ত্রী মির্জা তাহমিনা ফয়ছল চৌধূরী (মনি) এবং তাঁদের দুই সন্তান—

ইকরাম হোসেন চৌধূরী, যিনি বর্তমানে একজন অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)।

মাদিহা জান্নাত চৌধূরী, যিনি ২০২১ সালে স্কটিশ ইয়ুথ পার্লামেন্টের সদস্য (MSYP) নির্বাচিত হয়ে তরুণ নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছেন।

বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে ব্রিটিশ পার্লামেন্টে পথচলা—ফয়ছল হোসেন চৌধূরী এমবিই এমএসপি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম, অঙ্গীকার ও কমিউনিটির প্রতি ভালোবাসা দিয়ে ইতিহাস লেখা সম্ভব।

আজ তিনি শুধু গ্রেটার সিলেট নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। লাল-সবুজের পতাকা উঁচু করে ধরেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাঁর জীবনগাথা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে—যারা বিশ্বাস করে প্রতিনিধিত্ব, ন্যায়বিচার এবং কমিউনিটি কর্মের শক্তিতে।

কমিউনিটি এর আরও খবর

img

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : দুশ্চিন্তা বিভ্রান্তি অশান্তিতে আল্লাহর ওপর ভরসা

প্রকাশিত :  ১৩:২৩, ০১ মে ২০২৬

শায়খ আবদুল কাইয়ুম

আমরা অনেক সময় দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে ভয়, নিজের ব্যর্থতার অনুভূতি এবং মনের অশান্তির মধ্যে থাকি । কখনো কখনো ইবাদতের সময়ও আমরা কষ্ট পাই। নামাজে দাঁড়াই, কিন্তু মন বসে না। কুরআন খুলি, কিন্তু হৃদয় দূরে থাকে। তবুও আমরা অনেক সময় শান্তি খুঁজি আল্লাহ ছাড়া অন্য কোথাও, আর ভুলে যাই সেই সত্তাকে, যিনি আসল শক্তি, সাহায্য এবং পথনির্দেশের মালিক।

রাসূলুল্লাহ (সা:) আমাদের এই উম্মাহকে কোনো দিকনির্দেশনা ছাড়া রেখে যাননি। তিনি হৃদয়ের রোগগুলো চিনিয়ে দিয়েছেন এবং তার স্পষ্ট ও বাস্তব সমাধানও শিখিয়েছেন । সেই সমাধান হলো—আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তাঁর ওপর পুরোপুরি ভরসা করা এবং তাঁর ফয়সালার কাছে নিজেকে সঁপে দেওয়া।

কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মানে কী? এর মানে হলো—পুরো বিশ্বাস রাখা যে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো উপকার বা ক্ষতি আমাদের কাছে আসতে পারে না। জীবনের প্রতিটি বিষয়—সফলতা, ব্যর্থতা, সুখ, কষ্ট—সবই আল্লাহর হাতে । শুধু কষ্টের সময় নয়, সুখের সময়েও তাঁর দিকে ফিরে যাওয়া। নিজের দুর্বলতা বুঝে তাঁর ইবাদত করা।

এ কারণেই আমরা প্রতিদিন নামাজের প্রতিটি রাকাতে এই দোআ পড়ি।

“আমরা শুধু তোমারই ইবাদত করি, এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই।”

(কুরআন ১:৫)

একবার চিন্তা করুন—আমরা দিনে বহুবার স্বীকার করছি যে, আল্লাহর সাহায্য ছাড়া আমরা ঠিকভাবে ইবাদতও করতে পারি না। আমরা বলছি: “হে আল্লাহ, তোমার সাহায্য ছাড়া আমি ভালোভাবে নামাজও পড়তে পারি না।”

একজন আলেম বলেছেন: “যাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে অনুপ্রাণিত করা হয়েছে, সে ইতিমধ্যেই সফল হয়েছে। আরেকজন বলেছেন: “আমি অবাক হই সেই ব্যক্তির ওপর, যে আল্লাহর কাছে সাহায্য চায় না, কিন্তু মুক্তি আশা করে।

আমাদের বুঝতে হবে—আমরা দুর্বল । আল্লাহ নিজেই বলেছেন, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে।” (কুরআন ৪:২৮)

আপনি আপনাকে যতই শক্তিশালী ভাবুন না কেন—আপনার সম্পদ, স্বাস্থ্য, অবস্থান—সবকিছু এক মুহূর্তে বদলে যেতে পারে।

তাহলে আমরা কোথায় ফিরব? আল্লাহ তায়ালা বলেন: “যে আল্লাহর ওপর ভরসা করে—তিনিই তার জন্য যথেষ্ট।” (কুরআন ৬৫:৩)। আমাদের আসল শক্তি নিজের আত্মবিশ্বাসে নয়, বরং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসায়।

রাসূল (সা:) বলেছেন: শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে বেশি প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যাণ আছে।

তিনি আমাদের একটি সুন্দর পথনির্দেশ দিয়েছেন। যা উপকারী, তা অর্জনের চেষ্টা করো, আল্লাহর সাহায্য চাও, এবং হাল ছেড়ো না। যদি কিছু হয়ে যায়, তাহলে “যদি এমন করতাম…” এসব বলো না। বরং বলো: আল্লাহ যা নির্ধারণ করেছেন, তাই হয়েছে।”

কারণ “যদি” শব্দটি শয়তানের দরজা খুলে দেয় । অনুশোচনা আর দুঃখ বাড়ায়। কিন্তু মুমিন সেই দরজা বন্ধ করে দেয় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকে।

আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুধু বড় বিষয় নয়—ছোট বিষয়েও। রাসূল (সা:) মুআয (রা:)-এর হাত ধরে বলেছিলেন: “আমি তোমাকে ভালোবাসি।” তারপর একটি দোআ শিখিয়েছিলেন: “হে আল্লাহ, আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, এবং সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি।”

এমনকি আমাদের ইবাদতেও আল্লাহর সাহায্য প্রয়োজন। রাসূল (সা:) আরও বলেছেন, তোমাদের কেউ যেন তার সব প্রয়োজনে আল্লাহর কাছে চায়-এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও। কিছুই ছোট নয়। প্রতিটি প্রয়োজনের জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে।

কারণ আল্লাহর ওপর ভরসা শুধু একটি কাজ নয়—এটি একটি সম্পর্ক। বলা হয়েছে, আল্লাহর ওপর ভরসা করা দ্বীনের অর্ধেক, আর বাকি অর্ধেক হলো তাঁর দিকে ফিরে আসা।

তাই আসুন, প্রতিটি দুশ্চিন্তায়, প্রতিটি বিভ্রান্তিতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি । চারদিকে সমাধান খোঁজার আগে তাঁর সাথে সম্পর্ক ঠিক করি।

আমরা সব জায়গায় সমাধান খুঁজি, কিন্তু ভুলে যাই সেই সত্তাকে, যিনি সবকিছুর নিয়ন্ত্রক।

হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সত্যিকারভাবে আপনার ওপর ভরসা করে। আমাদের অন্তরকে ঈমান দিয়ে শক্তিশালী করুন।

আমাদেরকে সাহায্য করুন যেন আমরা আপনাকে স্মরণ করতে পারি, কৃতজ্ঞ হতে পারি, এবং সুন্দরভাবে ইবাদত করতে পারি।

হে আল্লাহ, আমাদের অন্তরে শান্তি দিন এবং আপনার যেকোনো সিন্ধান্তে সন্তুষ্টি দান করুন। আমীন।


শায়খ আবদুল কাইয়ুম: প্রধান ইমাম ও খতীব, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার । জুমার খুতবা, ২৪ এপ্রিল ২০২৬।

কমিউনিটি এর আরও খবর