থুথু নিক্ষেপ ইস্যু

img

ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর আগুন

প্রকাশিত :  ০৪:৫৮, ২৭ অক্টোবর ২০২৫

ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর আগুন
সাভারে তুচ্ছ ঘটনার সূত্র ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আর ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের ওই বাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়া নিয়ে ঘটনার সূত্রপাত। ওই থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা ও ভাঙচুর করেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন। এদিকে সিটি ইউনিভার্সিটির হামলাকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার থানার দু’টি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রশাসনের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেন। পরে প্রক্টর সিটি ইউনিভার্সিটির প্রক্টরকে ফোনে বিষয়টি জানান এবং হামলার প্রমাণ তাদের কাছে হস্তান্তরের আশ্বাস দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান চান।

ভোর সাড়ে চারটার দিকে সিটি ইউনিভার্সিটির ফুটবল দলের কোচ কামরুজ্জামান কাজল জানান, প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এখনও উত্তেজনা চলছে। গাড়িতে আগুন দেওয়া হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রাক্তন শিক্ষার্থী জানান, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান সংঘাত আরও ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। 

আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হোসেন হাসনাত বলেন, ‘এমন পরিস্থিতিতে প্রশাসনকে আরও জোরালো ভূমিকা না নিতে হবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসতে হবে যাতে সংঘাত থামানো যায়। তা না হলে এটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে।’ 

সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন: এদিকে সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন জ্বলতে দেখা গেছে। রাত সাড়ে তিনটার দিকে পাশ্বর্বর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক একটি ভবনে বসবাসকারী এক শিক্ষার্থীর ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেছে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আগুন দেখা গেছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত রাকিবুল হাসান সমকালকে জানান, সিটি ইউনিভার্সিটির সামনে একটি গাড়িতে আগুন দেওয়ার তথ্য পাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিক্ষা এর আরও খবর

img

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ

প্রকাশিত :  ১০:১১, ২৭ জুলাই ২০২৬

সরকার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষককে নিয়োগ দিয়েছে । রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৬(২) ও ৯(১) ধারা অনুযায়ী তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ড. আহমেদ আবদুল্লাহ জামাল, ড. মো. শাহ এমরান ও ড. মো. ওয়াকিলুর রহমান।

ড. আহমেদ আবদুল্লাহ জামাল বর্তমানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ঢাকার অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। 

ড. মো. শাহ এমরান বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চেয়ারম্যান। 

ড. মো. ওয়াকিলুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর ডিপার্টমেন্ট অব রুরাল সোসিওলোজির গ্রেড-২ অধ্যাপক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

পূর্ণকালীন সদস্য হিসেবে তারা তাদের বর্তমান পদ অথবা অবসরের অব্যবহিত পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। 

পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৭(৪) ধারা অনুযায়ী পদমর্যাদা এবং প্রচলিত বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষা এর আরও খবর