img

জকসু নির্বাচন: নারী ভোটারদের উপস্থিতি বেশি, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন

প্রকাশিত :  ০৬:৪৮, ০৬ জানুয়ারী ২০২৬

জকসু নির্বাচন: নারী ভোটারদের উপস্থিতি বেশি, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল নয়টা থেকে শুরু হয়েছে, ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এছাড়া সকাল থেকে নারী শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। 

সকাল সাড়ে দশটা পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভোটকেন্দ্রে ৪৬৯ ভোটারের মধ্যে মোট ৩৫ জন ভোট দেন। এছাড়া মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের প্রতিটি কেন্দ্রে ৫০ টি করে ভোট পড়েছে। এদের অধিকাংশই নারী ভোটার বলে দায়িত্বরত নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।  

এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দেবেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।

ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। 

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষা এর আরও খবর

img

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ

প্রকাশিত :  ১০:১১, ২৭ জুলাই ২০২৬

সরকার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষককে নিয়োগ দিয়েছে । রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৬(২) ও ৯(১) ধারা অনুযায়ী তাদেরকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ড. আহমেদ আবদুল্লাহ জামাল, ড. মো. শাহ এমরান ও ড. মো. ওয়াকিলুর রহমান।

ড. আহমেদ আবদুল্লাহ জামাল বর্তমানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ঢাকার অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। 

ড. মো. শাহ এমরান বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চেয়ারম্যান। 

ড. মো. ওয়াকিলুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর ডিপার্টমেন্ট অব রুরাল সোসিওলোজির গ্রেড-২ অধ্যাপক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

পূর্ণকালীন সদস্য হিসেবে তারা তাদের বর্তমান পদ অথবা অবসরের অব্যবহিত পূর্ববর্তী পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। 

পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৭(৪) ধারা অনুযায়ী পদমর্যাদা এবং প্রচলিত বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষা এর আরও খবর