img

ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ, চাপে ট্রাম্প

প্রকাশিত :  ০৫:১৫, ০৪ জুন ২০২৬

ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ, চাপে ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)।

গতকাল বুধবার (৩ জুন) ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাশ হয়। ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। উভয় কক্ষে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট) রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেসে এটি পাশ হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

প্রস্তাবটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ এটি কার্যকর হতে হলে সিনেটেও পাশ হয়ে আসতে হবে। ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।

বিশ্লেষকদের মতে, এরপরও এটি ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধাক্কা। এর আগে প্রতিনিধি পরিষদে এমন তিনটি উদ্যোগ ব্যর্থ হয়েছিল, যদিও প্রতিবারই ভোটের ব্যবধান কমেছে।

ইরানে যুদ্ধ শুরু করতে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। তিনি এ যুদ্ধকে ‘ছোটখাটো সংঘর্ষ’ বা ‘স্বল্পমেয়াদি সামরিক অভিযান’ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তবে রিপাবলিকান নেতার বারবার সামরিক শক্তি প্রয়োগ কংগ্রেসের কিছু আইনপ্রণেতাকে হতাশ করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতেই ন্যস্ত।

বুধবারের ভোট ছিল চলতি বছরে চতুর্থবার। এদিন প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করার লক্ষ্যে ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবের ওপর ভোট দেন।

ওয়ার পাওয়ারস অ্যাক্টের ওপর ভোট হওয়ার কথা ছিল ২১ মে, কংগ্রেসের মেমোরিয়াল ডে অবকাশ শুরুর আগের দিন। তবে প্রস্তাবটি রিপাবলিকানদের সমর্থন নিয়ে পাশ হতে পারে—এমন ইঙ্গিত থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ভোটটি বাতিল করা হয়। রিপাবলিকান এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হাউস স্পিকার মাইক জনসন নির্ধারিত সময়ের আগেই অধিবেশন মুলতবি করার সিদ্ধান্ত নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। শনিবার এ সংঘাতের ১০০ দিন পূর্ণ হতে যাচ্ছে। যদিও গত ৮ এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এরপরও এই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে।

সূত্র: আলজাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর

img

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

প্রকাশিত :  ০৭:২৭, ০৪ জুন ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম গতকাল বুধবার (৩ জুন) কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।  এতে দলটির চলমান সংকট আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর  এনডিটিভির। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের পদত্যাগ এবং দলীয় অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল।

৬৭ বছর বয়সি ফিরহাদ হাকিমের স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সমস্যার কথা উল্লেখ করে হাকিম এর আগেও পদত্যাগের অনুমতি চেয়েছিলেন। তবে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদে থাকার অনুরোধ করেছিলেন।

তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আজ আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগের অনুমতি চান এবং এবার তিনি সম্মতি দিয়েছেন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

কলকাতা পৌর করপোরেশন ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত মাসে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে বিরোধী দলের উপনেতা হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানান। 


আন্তর্জাতিক এর আরও খবর