img

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৫:৪৩, ০৪ জুন ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিধ্বংসী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ নাকচ করে বলেছে, ইরান ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বুধবার (৩ জুন) দাবি করেছে তারা। তাদের দাবি, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল।

এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী বলেছে, ‘ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে।’

নৌবাহিনী আরও জানায়, তারা অঞ্চলে ‘মার্কিন-জায়নবাদী’ তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পালটা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, ‘ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’


আন্তর্জাতিক এর আরও খবর

img

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

প্রকাশিত :  ০৭:২৭, ০৪ জুন ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম গতকাল বুধবার (৩ জুন) কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।  এতে দলটির চলমান সংকট আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর  এনডিটিভির। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের পদত্যাগ এবং দলীয় অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল।

৬৭ বছর বয়সি ফিরহাদ হাকিমের স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সমস্যার কথা উল্লেখ করে হাকিম এর আগেও পদত্যাগের অনুমতি চেয়েছিলেন। তবে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদে থাকার অনুরোধ করেছিলেন।

তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আজ আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগের অনুমতি চান এবং এবার তিনি সম্মতি দিয়েছেন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

কলকাতা পৌর করপোরেশন ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত মাসে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে বিরোধী দলের উপনেতা হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানান। 


আন্তর্জাতিক এর আরও খবর