এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলার জবাবে ইসরায়েল এই হামলা চালাল।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে বৈরুতে হামলার প্রতিবাদে গতকাল রবিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এই হামলার পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি ইসরায়েলকে পাল্টা হামলা না চালাতে আহ্বান জানান।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে ইয়েমেন থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে আসা নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা সাধারণ জনগণকে সতর্কবার্তা পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে জেরুজালেমের আকাশে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর ধোঁয়া দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
অন্যদিকে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আইডিএফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার চেষ্টা করছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
পরবর্তীতে আইডিএফ জানায়, পরিস্থিতি পর্যালোচনার পর দেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে দেশজুড়ে উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাতে চালানো এই হামলায় তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে নির্দিষ্ট \'সামরিক লক্ষ্যবস্তু\'তে এই হামলা চালিয়েছে। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে একই সময়ে ইসরায়েলের দিকেও ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় আইডিএফ। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।