img

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত :  ০৬:৫৪, ০১ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৯, ০১ আগষ্ট ২০২৬

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় একটি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ চালানো হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের একজনের নাম লুৎফর রহমান। বাকিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্যদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


জাতীয় এর আরও খবর

img

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি

প্রকাশিত :  ১৬:৫৪, ০১ আগষ্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা তাকে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। এ ছাড়া দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

বৈঠকে সালাহউদ্দিন আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।