img

বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধ: ইরান

প্রকাশিত :  ১৫:২৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধ: ইরান

ইরানের সামরিক ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের চালানো নতুন হামলায় এক বিভীষিকাময় ট্র্যাজেডি ঘটে গেছে। মার্কিন বাহিনী এই অভিযানকে সফল বললেও ইরানের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়েছে তারা। বর-কনে আর অতিথিদের আনন্দময় মুহূর্তটি চোখের পলকে কান্নার রোলে ভেসে যায়।

ইরানি সংবাদমাধ্যম জানায়, বিয়ের আসরে চালানো ওই হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৬৭ জন। এই ভয়াবহ ঘটনাকে সরাসরি \'যুদ্ধাপরাধ\' বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরপরাধ মানুষের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে বারবার শিশু ও সাধারণ মানুষকে হত্যা করছে।

তবে এই অভিযোগের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, তারা খবরটি সম্পর্কে জানেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী কখনোই সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

এদিকে হোয়াইট হাউসে দাঁড়িয়ে অভিযানের খোলামেলা প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন বাহিনী গত রাতে ইরানকে খুব শক্ত আঘাত করেছে। প্রয়োজনে যেকোনো সময় তারা আবার হামলা চালাতে প্রস্তুত।

ট্রাম্প আরও জানান, মার্কিন সেনাবাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং ইরানের রাডার ও মাইন বসানোর ক্ষমতা গুঁড়িয়ে দিয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পানিপথটির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখারও আভাস দিয়েছেন তিনি। একদিকে ওয়াশিংটনের কড়া হুমকি, আর অন্যদিকে বিয়ের অনুষ্ঠানে মানুষের রক্তাক্ত লাশ—সব মিলিয়ে সংঘাত এখন চরম রূপ নিয়েছে।

সূত্র: বিবিসি।


আন্তর্জাতিক এর আরও খবর

img

‘চিকেনস নেকে’ ২ হাজার কোটি রুপি খরচে নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত

প্রকাশিত :  ১৮:৫৯, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এ নতুন চার লেনের মহাসড়ক নির্মাণে দুই হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই করিডোরে ৩১ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি জাতীয় মহাসড়ক-২৭-এর (এনএইচ২৭) সমান্তরালে নির্মাণ করা হবে। খবর দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি জানান, নতুন সড়ক নির্মাণে দুই হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন দেওয়া হয়েছে। সড়কটি পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে বিহারের গলগালিয়া পর্যন্ত পানিটাঙ্কি ও খড়িবাড়ি হয়ে যাবে।

৩১ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ সড়কটির নাম হবে জাতীয় মহাসড়ক-৩২৭ (এনএইচ৩২৭)। এটি এনএইচ২৭ থেকে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে নির্মাণ করা হবে।

‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোরটি প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। নেপাল ও বাংলাদেশের মাঝখানে অবস্থিত এই সরু ভূখণ্ডই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশটির বাকি অংশের একমাত্র স্থল যোগাযোগপথ। একই সঙ্গে এটি চীন ও ভুটান সীমান্তের কাছাকাছি হওয়ায় ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গড়করি বলেন, ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর দিয়ে নির্মিত এই প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ শক্তিশালী করার পাশাপাশি নেপাল, ভুটান ও বাংলাদেশের দিকে যাতায়াত ব্যবস্থাও উন্নত করবে।’

তিনি আরও বলেন, ‘মহাসড়কটি চার লেনে উন্নীত হলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিটাঙ্কি এলাকায় যানজট কমবে। পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগ বাড়বে। কৃষি, উদ্যানজাত পণ্য, চা ও অন্যান্য স্থানীয় পণ্য দ্রুত বড় বাজারে পৌঁছানোর সুযোগও তৈরি হবে।’

বিহারের কিষানগঞ্জ জেলার গলগালিয়া এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার পানিটাঙ্কি এই প্রকল্পের গুরুত্বপূর্ণ দুই প্রান্ত। পানিটাঙ্কি নেপালে যাতায়াতের অন্যতম জনপ্রিয় ট্রানজিট রুট।

প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং মহাসড়কের দুই পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ও অবকাঠামো জোরদারে আরও তৎপর হয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। করিডোরটিতে প্রতিরক্ষা স্থাপনা বাড়ানোর পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

সম্প্রতি বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) পর্যন্ত একটি দ্রুতগতির রেল করিডোর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। মালদা থেকে এনজেপি পর্যন্ত চতুর্থ রেললাইন স্থাপনের অনুমোদনও দিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়।

অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেন, এনজেপির সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগের মতো এনএইচ২৭ শিলিগুড়ি ও উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের প্রধান সড়ক যোগাযোগ। এখন বিহারের গলগালিয়া থেকে ‘চিকেনস নেক’ হয়ে দ্বিতীয় ও সমান্তরাল একটি মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পেছনে কৌশলগত কারণও থাকতে পারে।

এদিকে বাগডোগরা বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নেও কাজ করছে ভারতীয় সরকার। আলিপুরদুয়ার জেলার হাসিমারা থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে। হাসিমারা বিমানঘাঁটিতে ভারতের রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন রয়েছে।

নতুন মহাসড়ক প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস। এনএইচ৩২৭-এর যে অংশটি কার্শিয়াং বন বিভাগের মধ্য দিয়ে যাবে, সেখানে কয়েকটি এলাকাকে ‘হাতি চলাচল অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সড়কটির নিচ দিয়ে হাতি চলাচলের জন্য আলাদা পথ নির্মাণের দাবি জানিয়েছিল বন বিভাগ। এক জ্যেষ্ঠ বন কর্মকর্তা বলেন, ধান কাটার মৌসুমে এসব এলাকায় হাতির চলাচল সবচেয়ে বেশি দেখা যায়।

তিনি বলেন, পাঁচটি আন্ডারপাস নির্মাণ হলে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় হাতি আহত বা নিহত হওয়ার ঝুঁকি কমবে।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা মহাসড়ক প্রকল্পকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই প্রকল্পের তাৎপর্য শুধু আঞ্চলিক যোগাযোগ উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রয়োজনীয় পণ্য, সেবা ও মানুষের চলাচল আরও সহজ করবে।

সূত্র : এনডিটিভি


আন্তর্জাতিক এর আরও খবর