img

সাইদুর রহমান সাঈদের ‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত :  ১৮:৩৪, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:৪০, ০৩ অক্টোবর ২০২৬

সাইদুর রহমান সাঈদের ‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সাংবাদিক, প্রাবন্ধিক, কবি সাইদুর রহমান সাঈদের ‘আলোতে আঁধার ঢাকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩ অক্টোবর সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী অফিসে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শারীরিক ভাবে অসুস্থ লেখক সাইদুর রহমান সাঈদের অনুপস্থিতি অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানটি আনন্দের চেয়ে বিষাদে রূপ নেয়। লেখকের ভক্তরা বই নিয়ে আলোচনার বদলে লেখককে নিয়েই স্মৃতিচারণ করতে থাকেন।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ গবেষক কবি এ কে শেরাম বলেন, আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ, প্রকাশনা অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করা হয় কিন্তু আজকের অনুষ্ঠানে শুধু লেখককে নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে হাততালির বদলে নীরব ও নিস্তব্ধ ছিলেন সকলেই। এত মানুষের প্রতি মানুষের ভালোবাসা ফুটে উঠেছে। একজন মানুষ সফল না হলে সে ভালোবাসা পাওয়া যায় না। তিনি একজন সফল মানুষ, সফল লেখক। তিনি আরও বলেন, সাম্যবাদী চেতনা, নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিবাদ এ গ্রন্থে দক্ষতার সাথে লেখক ফুটিয়ে তুলেছেন। তার প্রতিটি গ্রন্থই মানুষকে সাহস যোগায়, শক্তি দেয় সমাজ পরিবর্তনের।

আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের প্রথম প্রকাশিত গ্রন্থ ‘আলোতে আঁধার ঢাকে’। এবার থেকে ট্রাস্ট প্রতি বছর একটি করে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। সৃজনশীল প্রতিভা বিকাশ, প্রসার ও সংরক্ষণের জন্য ট্রাস্টের এ মহতী উদ্যোগ বলে অনুষ্ঠানে জানানো হয়। বাসিয়া প্রকাশনী ও আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান, পূর্ব স্টেশন রোডস্থ ব্যবসায়ী সমিতির সভাপতি, কামালবাজার ইউনিয়নের বর্তমান মেম্বার মো. ছোয়াব আলী।

গীতিকবি হরিপদ চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক কবি এ কে শেরাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়, অধ্যাক্ষ নিয়াজ উদ্দিন, অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, ছড়াকার অজিত রায় ভজন, কবি ও রাজনীতিবিদ দেওয়ান মতিউর রহমান খান, কবি সুমন বনিক, গোয়ালাবাজার গণপাঠাগারের সম্পাদক মো. আরজু মিয়া। অতিথি হিসেবে ইংল্যান্ড থেকে অনলাইনে সংযুক্ত হন আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের পাণ্ডুলিপি যাচাই বাচাই কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাসিয়া প্রকাশনীর জনসংযোগ কর্মকর্তা, বিশিষ্ট নাট্যকার ও লেখক বাবুল আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কবি মুনিরা সিরাজ চৌধুরী, কবি কামাল আহমদ, সাংবাদিক ও কবি মোহাম্মদ নূরুল ইসলাম, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম আলী হোসাইন, সাংবাদিক জালাল জয়, কবি ও সাংবাদিক নুরুদ্দীন রাসেল, কবি বিজন চন্দ্র দাস বিজয়, সাংবাদিক এমরান ফয়সল, আফলাতুন নেছা-পীর বকস ট্রাস্টের কোষাধ্যক্ষ লেখক রহমত আলী খোকন ও নাফিস ইকবাল। -সংবাদ বিজ্ঞপ্তি

সাহিত্য-সংস্কৃতি এর আরও খবর

img

সীমানা পেরিয়ে রেজুয়ান

প্রকাশিত :  ১০:৫৮, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬: ১৯৯১ সালে ‘অভাগী’ নামের একটি ছোটগল্প দিয়ে সাহিত্যে পা রেখেছিলেন রেজুয়ান আহম্মেদ (Rajuan Ahmed)। তিন দশক পেরিয়ে সেই যাত্রা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বপাঠকের দিকে এগোচ্ছে। উপন্যাস, কবিতা, প্রবন্ধ, কলাম, নাটক, গান ও চিত্রনাট্যসহ সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর অবাধ বিচরণ। সাম্প্রতিক বছরগুলোতে ইংরেজিতে ধারাবাহিকভাবে বই প্রকাশ করে তিনি বিদেশি পাঠকের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। এই প্রয়াসই তাঁকে দেশের সাহিত্যাঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে। মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় একটি ভাষায় নিয়মিত লেখা মানে নতুন পাঠকের দরজা খুলে দেওয়া, আবার একই সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া।

দেশীয় পাঠক তাঁকে চেনেন ‘এক মুঠো গল্প’, ‘সন্দেহের ছায়া’, ‘মায়াবী মুহূর্ত’, ‘শঙ্খের শপথ’, ‘শব্দে তুমি’, ‘আলোকছায়া’, ‘স্বপ্নের চাকরি’ ও ‘শেষ সূর্যের আলো’র মতো বইয়ের সূত্রে। এসব রচনায় ঘুরেফিরে উঠে এসেছে মানুষের মনোজগৎ, সম্পর্কের জটিল টানাপোড়েন, টিকে থাকার লড়াই এবং সমকালীন সমাজের নানা বাস্তবতা। চরিত্রের ভেতরের দ্বিধা আর বাইরের সামাজিক চাপের সংঘাত থেকেই তিনি গল্পের গতি তৈরি করেন। তাঁর বাংলা লেখার ভাষা সহজ, কিন্তু বক্তব্যের গভীরতা স্পষ্ট। ফলে পাঠক সহজেই এসব চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পারেন।

সাহিত্যের বাইরে রেজুয়ান আহম্মেদের পরিচয় একজন পুঁজিবাজার বিশ্লেষক ও শিল্পোদ্যোক্তা হিসেবে। ২০০০ সাল থেকে তিনি হেডরুম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নিউজ পোর্টাল ‘অর্থনীতি’র সম্পাদক, কর্মী২৪-এর প্রধান নির্বাহী এবং হিউম্যানিটারিয়ান অ্যালায়েন্স ফর গ্রিন আর্থের চেয়ারম্যান। করপোরেট ব্যস্ততার মধ্যেও লেখার টেবিল তিনি ছাড়েননি। লেখা ও ব্যবসা দুটিই সময় দাবি করে; দুটির মধ্যে ভারসাম্য রেখে নিয়মিত প্রকাশনা ধরে রাখা তাঁর শৃঙ্খলারই পরিচয়। বিনিয়োগ, অর্থনীতি ও প্রতিষ্ঠান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছে, যার ছাপ পড়েছে তাঁর গদ্যেও। বাজার ও ক্ষমতার হিসাব কীভাবে সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে, সেই বোঝাপড়া তাঁর লেখাকে বাস্তবঘনিষ্ঠ করেছে।

গত কয়েক বছরে তাঁর লেখার মূল ঝোঁক ইংরেজির দিকে। এখন পর্যন্ত তাঁর ৫০টি ইংরেজি ও ২২টি বাংলা বই প্রকাশিত হয়েছে। ইংরেজি বইয়ের তালিকায় রয়েছে The Shadow of War, The Days of Gaza, Beyond the Naf, In the Land of Mirages, Love of the Forest Bird, Death Break, Prison of Dreams, We Are All Mad ও Quantum Wizards। এসব বইয়ের বিষয়বস্তু যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, বাস্তুচ্যুতি, পরিচয়ের সংকট ও মানবিক সম্পর্ক থেকে শুরু করে বিজ্ঞানকল্প পর্যন্ত বিস্তৃত। বিষয়ের এই বৈচিত্র্য প্রমাণ করে যে তিনি নির্দিষ্ট কোনো পাঠকগোষ্ঠীর জন্য লেখেন না। ভাষা বদলালেও তাঁর লেখার কেন্দ্রে মানুষই রয়ে গেছে; বদলেছে কেবল প্রেক্ষাপটের পরিধি।

The Shadow of War উপন্যাসের পটভূমি মধ্যপ্রাচ্যের সংঘাত। যুদ্ধের আবহে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও পারস্পরিক সম্পর্ক কীভাবে ভেঙেচুরে নতুন রূপ নেয়, বইটিতে সেই চিত্র আঁকা হয়েছে। এতে উপস্থাপিত ‘Bridges of Peace’ ধারণাটি সহিংসতার বিপরীতে সহমর্মিতা ও সহাবস্থানের পক্ষে অবস্থান নেয়। The Days of Gaza-তে লেখক তুলে ধরেছেন যুদ্ধবিধ্বস্ত জনপদের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসস্তূপের মধ্যেও বেঁচে থাকার অদম্য চেষ্টা। বইটি মনে করিয়ে দেয় যে ভৌগোলিক দূরত্ব যত বেশিই হোক না কেন, যুদ্ধের ক্ষত সবখানে একই রকম গভীর। অন্যদিকে Quantum Wizards-এ তিনি প্রবেশ করেছেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে। সেখানে বিজ্ঞানকল্পের কাঠামোয় তিনি প্রযুক্তি ও মানুষের সম্পর্ককে নতুন আলোয় দেখার চেষ্টা করেছেন।

আন্তর্জাতিক পরিসরে তাঁর একটি উল্লেখযোগ্য অর্জন হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সংগ্রহে The Shadow of War-এর অন্তর্ভুক্তি। বইটি গ্রন্থাগারের ক্যাটালগে স্থান পেয়েছে এবং ডিজিটাল পাঠব্যবস্থা ওভারড্রাইভে (OverDrive) তালিকাভুক্ত হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ গণগ্রন্থাগারে একজন বাংলাদেশি লেখকের ইংরেজি উপন্যাসের জায়গা পাওয়াকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে দেখা হচ্ছে। এর বাইরে যুক্তরাজ্যের Bookshop.org, অস্ট্রেলিয়ার Booktopia, জার্মানির Dussmann এবং সুইজারল্যান্ডের Eldar.ch-এর মতো অনলাইন বিক্রয়কেন্দ্রেও তাঁর বই পাওয়া যাচ্ছে। ফলে ইউরোপ, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার পাঠক চাইলেই তাঁর লেখা সংগ্রহ করতে পারছেন। এভাবে প্রবাসী বাংলাভাষীদের পাশাপাশি ভিনদেশি পাঠকের কাছেও পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

রাজনীতি ও সমাজকে রেজুয়ান আহম্মেদ দেখেন সাধারণ মানুষের অবস্থান থেকে। তাঁর কলমে যুদ্ধ নিছক দুই রাষ্ট্রের শক্তিপরীক্ষা নয়; তাতে মিশে থাকে প্রিয়জন হারানোর শোক, ঘরছাড়া শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ আর শিকড় হারানো মানুষের নীরব যন্ত্রণা। তাঁর চরিত্রেরা প্রায়ই বড় ঘটনার স্রোতে ভেসে যাওয়া মানুষ, ইতিহাসের মূল বয়ানে যাদের কণ্ঠ সচরাচর শোনা যায় না। ব্যক্তির অন্তর্দ্বন্দ্ব, সামাজিক বৈষম্য ও মানবিক মূল্যবোধের প্রশ্ন তাঁর রচনায় বারবার ফিরে আসে। বাস্তব জীবনের গল্প হোক, মানবিক বিপর্যয়ের দলিল হোক কিংবা বিজ্ঞানকল্প হোক, প্রতিটি ক্ষেত্রেই তিনি মানুষের অস্তিত্ব ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। তাই তাঁর লেখায় উত্তরের চেয়ে প্রশ্নই বেশি জোরালো। কোনো একক সাহিত্যধারায় নিজেকে বেঁধে না রাখাই তাঁর লেখার সবচেয়ে বড় স্বাতন্ত্র্য।

প্রকাশনা জগতের সাম্প্রতিক রূপান্তরও এই যাত্রার প্রেক্ষাপট তৈরি করেছে। ডিজিটাল প্রকাশনা, অনলাইন পরিবেশক ও ডিজিটাল গ্রন্থাগারের বিস্তারে এক দেশের লেখকের পক্ষে অন্য দেশের পাঠকের হাতে পৌঁছানো এখন অনেক সহজ। রেজুয়ান আহম্মেদের উদ্যোগ সেই পরিবর্তনেরই একটি দৃষ্টান্ত, যা বাংলাদেশের অন্য লেখকদের জন্যও নতুন পথের ইঙ্গিত দেয়। একসময় বিদেশি প্রকাশক বা সাহিত্য এজেন্টের দ্বারস্থ হওয়াই ছিল প্রায় একমাত্র উপায়; এখন লেখক নিজেই বিশ্ববাজারে বই পৌঁছে দিতে পারছেন। তবে আন্তর্জাতিক সাহিত্যে স্থায়ী আসন গড়তে শুধু বইয়ের সংখ্যা যথেষ্ট নয়। বৈশ্বিক বইবাজারে প্রতিদিন অসংখ্য নতুন বই আসে; সেই ভিড়ে আলাদা করে চোখে পড়তে হলে লেখাকে পাঠকের মনে গভীর দাগ কাটতে হয়। এর জন্য প্রয়োজন ধারাবাহিক মানসম্পন্ন প্রকাশনা, পাঠকের আন্তরিক সাড়া, সমালোচকদের মনোযোগ এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। ‘অভাগী’ দিয়ে শুরু হওয়া এই পথচলা কত দূর গড়াবে, তার চূড়ান্ত উত্তর লুকিয়ে আছে তাঁর লেখার শক্তি ও মানের মধ্যেই।