img

পিপারমিন্ট তেল রক্তচাপ কমাতে কার্যকর—নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

প্রকাশিত :  ১৮:২১, ১৩ মে ২০২৬

পিপারমিন্ট তেল রক্তচাপ কমাতে কার্যকর—নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

জনমত রিপোর্ট : যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ল্যাঙ্কাশায়ারের এক নতুন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় পিপারমিন্ট তেল গ্রহণ করলে উচ্চ রক্তচাপ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি PLOS One জার্নালে প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, দিনে দুইবার ১০০ মাইক্রোলিটার করে পিপারমিন্ট তেল ২০ দিন ধরে গ্রহণ করলে সিস্টোলিক ব্লাড প্রেসার (রক্তচাপের উপরের সংখ্যা) গড়ে ৮.৫ mmHg পর্যন্ত কমে যায়। গবেষকরা বলছেন, এটি হালকা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য একটি সহজ, সাশ্রয়ী এবং সহনীয় পদ্ধতি হতে পারে।

গবেষণায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী মোট ৪০ জন অংশগ্রহণকারীকে দুটি দলে ভাগ করা হয়। একটি দল, যাদের প্রিহাইপারটেনশন বা স্টেজ-১ হাইপারটেনশন ছিল, নিয়মিত পিপারমিন্ট তেল গ্রহণ করে। অন্য দলটি পিপারমিন্ট স্বাদের প্লাসিবো গ্রহণ করে, যেখানে কার্যকর তেলের উপাদান ছিল না। ফলাফলে দেখা যায়, পিপারমিন্ট তেল গ্রহণকারী দলের রক্তচাপে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেলেও প্লাসিবো গ্রুপে তেমন কোনো পরিবর্তন হয়নি।

গবেষণার প্রধান লেখক ড. জনি সিনক্লেয়ার বলেন, “উচ্চ রক্তচাপ বিশ্বজুড়ে হৃদরোগ ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর চিকিৎসায় বিপুল ব্যয় হয় এবং অনেক ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ দীর্ঘমেয়াদে কতটা কার্যকর তা স্পষ্ট নয়, পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে।”

পিপারমিন্টে থাকা মেনথল ও ফ্ল্যাভোনয়েডসের মতো উপাদান রক্তনালীর উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় শুধু সিস্টোলিক নয়, ডায়াস্টোলিক রক্তচাপ, হার্ট রেট, শারীরিক গঠন, মানসিক সুস্থতা এবং ঘুমের মানসহ নানা বিষয়ও পর্যবেক্ষণ করা হয়।

ড. সিনক্লেয়ার আরও বলেন, “এই ফলাফল ক্লিনিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উচ্চ রক্তচাপই কার্ডিওমেটাবলিক রোগের সবচেয়ে সাধারণ প্রতিরোধযোগ্য ঝুঁকি এবং বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ।”

বিশেষজ্ঞরা মনে করছেন, কম ক্যালরি ও কম দামে সহজলভ্য হওয়ায় পিপারমিন্ট তেল ভবিষ্যতে লাখো মানুষের জন্য একটি কার্যকর বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হতে পারে। তবে নিয়মিত ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও তারা গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

বট-ভুয়া আইডি নিয়ে পাকিস্তানকে নিশানা নেতানিয়াহুর

প্রকাশিত :  ০৭:৫৯, ১২ মে ২০২৬

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠতা খারাপ করার চেষ্টা চলছে। তার অভিযোগ, এ ধরনের অপপ্রচারে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান।

গতকাল রোববার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত নেতানিয়াহু বলেন, বিভিন্ন দেশ পরিকল্পিতভাবে ভুয়া পরিচয়ে অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তবে সবচেয়ে বেশি সক্রিয় পাকিস্তান।

তার ভাষ্য, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এমন বার্তা ছড়ানো হচ্ছে যাতে মনে হয়, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ইসরায়েলের প্রতি সমর্থন হারিয়ে ফেলছে।

নেতানিয়াহু বলেন, কিছু দেশ সংগঠিতভাবে বট ফার্ম পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা এমন ধারণা তৈরি করতে চায় যে আমেরিকানরা আর ইসরায়েলের পাশে নেই। মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করা।

তিনি আরও দাবি করেন, অনেক সময় আমেরিকান পরিচয়ে ভুয়া বার্তা পাঠানো হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, মেসেজে লেখা থাকে, “আমি টেক্সাসের একজন নাগরিক। সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু এখন আর পারছি না।” অথচ অনুসন্ধান করলে দেখা যাবে, ওই বার্তাটি পাকিস্তানের কোনো বেজমেন্ট থেকে পাঠানো হয়েছে।

তবে নেতানিয়াহুর এমন দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর