img

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

প্রকাশিত :  ০৭:২৭, ০৪ জুন ২০২৬

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম গতকাল বুধবার (৩ জুন) কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।  এতে দলটির চলমান সংকট আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর  এনডিটিভির। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের পদত্যাগ এবং দলীয় অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল।

৬৭ বছর বয়সি ফিরহাদ হাকিমের স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সমস্যার কথা উল্লেখ করে হাকিম এর আগেও পদত্যাগের অনুমতি চেয়েছিলেন। তবে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদে থাকার অনুরোধ করেছিলেন।

তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আজ আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগের অনুমতি চান এবং এবার তিনি সম্মতি দিয়েছেন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

কলকাতা পৌর করপোরেশন ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত মাসে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে বিরোধী দলের উপনেতা হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানান। 


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইসরায়েল-লেবানন শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত

প্রকাশিত :  ০৫:৫৬, ০৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৫৮, ০৪ জুন ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে।  তবে উভয় পক্ষ জানিয়েছে, এর জন্য হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু ‘পাইলট জোন’ গঠনের ব্যাপারেও একমত হয়েছে। 

এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রধান শর্ত হলো হিজবুল্লাহর পক্ষ থেকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়া।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকটি লেবানন ও ইসরাইলের কূটনীতিকদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা ছিল।  গত ২ মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলের ওপর নতুন করে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে।

তথ্যসূত্র: দ্য ডন


আন্তর্জাতিক এর আরও খবর