img

ইসরায়েলে ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত :  ০৫:৪০, ০৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০২, ০৮ জুন ২০২৬

ইসরায়েলে ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে ইয়েমেন থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে আসা নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা সাধারণ জনগণকে সতর্কবার্তা পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জেরুজালেমের আকাশে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর ধোঁয়া দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

অন্যদিকে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আইডিএফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার চেষ্টা করছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

পরবর্তীতে আইডিএফ জানায়, পরিস্থিতি পর্যালোচনার পর দেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে দেশজুড়ে উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাতে চালানো এই হামলায় তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে নির্দিষ্ট 'সামরিক লক্ষ্যবস্তু'তে এই হামলা চালিয়েছে। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে একই সময়ে ইসরায়েলের দিকেও ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় আইডিএফ। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

img

ইরানের হামলার পর জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ

প্রকাশিত :  ০৮:৪৩, ০৮ জুন ২০২৬

ইহুদিবাদী ইসরায়েল ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার বন্ধ থাকবে দূতাবাস। 

এক বিবৃতিতে দূতাবাস মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জেরুজালেমে মার্কিন দূতাবাসের সব কর্মীকে নিজ নিজ স্থানে নিরাপদে থাকতে বলা হয়েছে। তাদের সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের কয়েকটি শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর দেশটির রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল লেবাননে হামলার মাধ্যমে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে—এমন অভিযোগ তুলে এর আগে উত্তর ইসরায়েলে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, এই হামলা টানা সপ্তাহব্যাপী আক্রমণের সূচনা মাত্র। অন্যদিকে ইসরায়েলের দাবি, তারা উত্তর ইসরায়েলে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত করেছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মজিদ মুসাভি বলেন, প্রতিশ্রুতি পূরণ হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ইরানি শাসকগোষ্ঠী মারাত্মক ভুল করেছে। 

ইসরায়েলে হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করে ইরান। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইসরায়েল জানায়, দেশের উত্তরাঞ্চলে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তারা গাজা উপত্যকায় প্রবেশের সীমান্ত পথগুলো আবারও বন্ধ করে দিচ্ছে। এর মধ্যে রাফাহ ও কেরেম শালম ক্রসিং অন্তর্ভুক্ত রয়েছে, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়। খবর: বিবিসি ও আল জাজিরা 


আন্তর্জাতিক এর আরও খবর