শ্রীমঙ্গলে সিংহ বানর উদ্ধার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরে বৈদ্যুতিক শকে আহত একটি উল্টোলেজি বানর (সিংহ বানর) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, একটি বানর বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। পরে তাঁরা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা বৈদ্যুতিক শকে আহত বানরটিকে দেখতে পান। পরে বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই লোকালয়ে বন্যপ্রাণী চলে আসে। স্থানীয় লোকজন খবর দিলে ফাউন্ডেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব প্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
শ্রীমঙ্গল পাহাড়, টিলা, বনাঞ্চল ও চা-বাগানবেষ্টিত এলাকা। এর পাশেই রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এসব বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বসবাস রয়েছে। তবে বনাঞ্চল সংকুচিত হওয়ায় খাবার ও আবাসস্থলের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে বলে পরিবেশকর্মীরা জানান।
তাঁদের ভাষ্য, লোকালয়ে আসার পথে অনেক বন্যপ্রাণী সড়কে যানবাহনের চাপায়, রেললাইনে ট্রেনের নিচে পড়ে কিংবা মানুষের হাতে মারা যাচ্ছে। এ অবস্থায় লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



















