ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ২০২২ সালে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটিতে সংঘটিত তীব্র লড়াইগুলোর মধ্যে এটি অন্যতম।
শনিবারের (৫ সেপ্টেম্বর) এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিকরাও রয়েছেন বলে দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে। খবর গার্ডিয়ানের।
ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, এ দিন দেশটির দক্ষিণপশ্চিমে দু\'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়।
অপরদিকে ইরান সমর্থিত হুথি গোষ্ঠির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, এ লড়াইয়ে ৩১ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।
সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের এক মেডিকেল সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) হুথিদের অবস্থানে ধারাবাহিকভাবে বিমান হামলা চালায়। এতে দু\'পক্ষের সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়ে ওঠে।



















