img

কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত দিল সরকার

প্রকাশিত :  ১২:০০, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত দিল সরকার

কোনো ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ মাছ চাষের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ফলে এ ধরনের পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশ মাছের ইনডোর বা কৃত্রিম পরিবেশে চাষ সংক্রান্ত যে আলোচনা ও তথ্য প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।

এতে বলা হয়, বিশেষ প্রযুক্তি রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম ব্যবহার করে ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ ও বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ সংক্রান্ত একটি সভা গতকাল ১ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সার্বিক পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, ইলিশ মাছ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। দেশের নদী ও উপকূলীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র, খাদ্য নিরাপত্তা, ঐতিহ্য এবং বিপুলসংখ্যক জেলে ও মৎস্যজীবীর জীবিকার সঙ্গে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত। ইলিশের উৎপাদন ও ব্যবস্থাপনা মূলত প্রাকৃতিক প্রজনন চক্র এবং নদীনির্ভর পরিবেশের ওপর নির্ভরশীল হওয়ায় এ সংক্রান্ত যেকোনো উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল এবং নীতিনির্ভর বিষয়।

এতে বলা হয়, আলোচনার প্রেক্ষিতে আরও প্রতীয়মান হয় যে, আরএএস কিংবা অন্য কোনো ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ মাছ চাষের বিষয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত বা অনুমোদন নেই। ফলে এ ধরনের পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইলিশ সংক্রান্ত যেকোনো গবেষণা, পরীক্ষামূলক উদ্যোগ বা প্রযুক্তিগত কার্যক্রম অবশ্যই বিদ্যমান আইন, নীতিমালা ও জাতীয় স্বার্থের আলোকে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে পরিচালিত হতে হবে। অনুমোদনবিহীন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে জনগণসহ সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে সরকার কর্তৃক অনুমোদিত ও নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

প্রকাশিত :  ১৬:৪৪, ১২ জুন ২০২৬

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর  সচল হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরোপুরি সচল হয়নি।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, শুক্রবার (১২ জুন) সন্ধ্যা পর্যন্ত এক লাখের বেশি ব্যবহারকারী ফেসবুকে সমস্যার অভিযোগ জানান। একই সময়ে প্রায় ১০ হাজার ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহারে এবং লগইন করতে সমস্যার কথা জানান।

ডাউনডিটেক্টর জানায়, বাংলাদেশে শুক্রবার সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকেই ফেসবুক আইডিতে লগইন করা যায়নি। যেগুলো ছিল, সেগুলোও অটো লগআউট হয়ে যাচ্ছিল। আবার অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে দেরি হওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন অনেকে অনেক ব্যবহারকারী।

ফেসবুকের মূল অ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে অনেক ব্যবহারকারী ত্রুটি বার্তা পাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মেটা এখনো আনুষ্ঠানিকভাবে বিভ্রাটের কারণ জানায়নি। তবে প্রতিষ্ঠানটির স্ট্যাটাস ওয়েবসাইটে ফেসবুক অ্যাডস ম্যানেজার সেবায় ‘উচ্চমাত্রার বিঘ্ন’ দেখা দেওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

মেটার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের প্রকৌশল দল বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে কাজ করছে।’


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর