img

টিজারেই চমক, ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খান

প্রকাশিত :  ১৩:৫২, ১৪ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৪০, ১৪ মার্চ ২০২৬

টিজারেই চমক, ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খান

জ্যৈষ্ঠ প্রতিবেদক : ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা ঢাকার ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার বা ট্রেলার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। তবে দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে এগিয়ে রয়েছে ঢালিউড সুপারস্টার Shakib Khan অভিনীত সিনেমা ‘প্রিন্স’-এর টিজার।

কয়েকদিন আগে প্রকাশ পাওয়া এই টিজারটি মুক্তির পর থেকেই দর্শকদের দৃষ্টি কাড়ে। ইউটিউবে প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই এটি ট্রেন্ডিং তালিকায় উঠে আসে এবং বর্তমানে মুভি ট্রেন্ডিং চার্টে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ফলে শুরুতেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিজারজুড়ে মূলত শাকিব খানকে বিভিন্ন অ্যাকশনঘন দৃশ্যে দেখা গেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দ্রুতগতির কাট, মারপিট ও নাটকীয় মুহূর্তে ভরপুর এই ঝলক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ টিজারের অ্যাকশন ও স্টাইলের প্রশংসা করছেন, আবার কেউ কেউ কিছু কারিগরি দিক নিয়ে সমালোচনাও করেছেন।

তবে সমালোচনাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন নির্মাতারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যেসব ছোটখাটো ত্রুটি বা অসামঞ্জস্য নিয়ে দর্শকদের আলোচনা হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে পরবর্তী প্রচারণামূলক কনটেন্ট—বিশেষ করে ট্রেলার ও গান—আরও যত্ন নিয়ে প্রস্তুত করা হচ্ছে।

প্রযোজনা সংশ্লিষ্টরা আশা করছেন, ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে। ইতোমধ্যে অনেক দর্শকই সিনেমাটির পূর্ণ ট্রেলার ও গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন। ঈদে মুক্তির তালিকায় থাকা অন্যান্য ছবির সঙ্গে প্রতিযোগিতার মধ্যেও ‘প্রিন্স’ শুরুতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে

বিনোদন এর আরও খবর

img

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম

প্রকাশিত :  ০৮:১০, ১২ মে ২০২৬

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ পোস্টটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন।

পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন। অনেকে মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও বক্তব্যের প্রেক্ষাপটেই এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকে।

এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রহস্যময় এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মারিয়া মিম।