img

ইসরায়েলে ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত :  ০৫:৪০, ০৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০২, ০৮ জুন ২০২৬

ইসরায়েলে ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে ইয়েমেন থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে আসা নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা সাধারণ জনগণকে সতর্কবার্তা পেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জেরুজালেমের আকাশে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর ধোঁয়া দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

অন্যদিকে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর আইডিএফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার চেষ্টা করছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

পরবর্তীতে আইডিএফ জানায়, পরিস্থিতি পর্যালোচনার পর দেশের বিভিন্ন এলাকায় নাগরিকদের নিরাপদ আশ্রয় থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে দেশজুড়ে উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাতে চালানো এই হামলায় তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে নির্দিষ্ট 'সামরিক লক্ষ্যবস্তু'তে এই হামলা চালিয়েছে। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে একই সময়ে ইসরায়েলের দিকেও ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় আইডিএফ। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

img

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

প্রকাশিত :  ০৭:৩৭, ০৮ জুন ২০২৬

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৮ জুনের) এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ভূমিকম্পের তীব্রতার কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ এই অঞ্চলের কয়েকটি দেশ ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শক্তিশালী এই কম্পনের ফলে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং প্রাথমিক হিসেবে অন্তত ৩৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া কাঠামোর নিচে আর কোনো মানুষ আটকে আছে কি না, তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। ফিলিপাইন প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, মূল ভূমিকম্পটি আঘাত হানার পর থেকে স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ওই অঞ্চলে ১৩৮টি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। এসব অনুকম্পনের মাত্রা ১ দশমিক ৩ থেকে শুরু করে সর্বোচ্চ ৬ দশমিক ৭ পর্যন্ত ছিল, যার কারণে ওই এলাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক এর আরও খবর