টালিউডের ‘আজাদি’ সিনেমায় চমক হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক: সৈয়দ আমানউল্লাহ : টালিউডের সিনেমা **‘আজাদি’**তে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এপার–ওপার দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে কলকাতায় অবস্থান করে সিনেমাটির টানা শুটিং করছেন।
সিনেমাটি পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান নির্মাতা সুমন মুখোপাধ্যায়। তিনি এর আগে সাহিত্যনির্ভর চলচ্চিত্র পুতুল নাচের ইতিকথা নির্মাণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন। নতুন এই সিনেমা **‘আজাদি’**তেও ইতিহাস ও আবেগঘন গল্পকে কেন্দ্র করেই নির্মাণ করা হচ্ছে।
জানা গেছে, ‘আজাদি’ মূলত দেশভাগের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র। এতে চঞ্চল চৌধুরী অভিনয় করছেন একজন মুসলিম পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে, যার নাম সেলিমউল্লাহ। দেশভাগের সময়কার প্রশাসনিক বাস্তবতা, মানুষে মানুষে সম্পর্ক এবং সামাজিক পরিবর্তনের নানা দিক সিনেমার গল্পে তুলে ধরা হবে।
সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আজাদি মূলত দেশভাগের গল্প। এটি খুব আবেগঘন এবং সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি কাহিনি। গল্পটি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। পরিচালক সুমন মুখোপাধ্যায় অত্যন্ত মেধাবী একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য বিশেষ অভিজ্ঞতা।’
তিনি আরও জানান, বর্তমানে টানা শুটিং চলছে। এমনকি একটি দিনের পুরো রাতজুড়েও শুটিং করার পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, ‘গল্পটি খুব শক্তিশালী। আমার বিশ্বাস, এটি অবশ্যই ভালো একটি সিনেমা হবে।’
এদিকে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। আসন্ন ঈদে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে । এগুলো হলো বনলতা এক্সপ্রেস, দম এবং প্রেশার কুকার।
পাশাপাশি ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশন-এ তার অভিনীত সাত পর্বের একটি ধারাবাহিক নাটকও প্রচারিত হবে। সব মিলিয়ে বড় ও ছোট পর্দা—দুই মাধ্যমেই ব্যস্ত সময় কাটছে জনপ্রিয় এই অভিনেতা।



















