বক্স অফিসে ঝড়, ৮ দিনেই ২ কোটি ছুঁল ‘বনলতা এক্সপ্রেস
জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ এখন দেশের সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসেও। মুক্তির মাত্র আট দিনেই সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা। এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ছবির সাফল্যের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, একজন প্রযোজক যখন একটি সিনেমায় অর্থ বিনিয়োগ করেন, তখন স্বাভাবিকভাবেই তার প্রত্যাশা থাকে সেই অর্থ ফিরে আসবে। এতে করে নতুন কাজ করার সাহস ও আগ্রহ তৈরি হয়।
তিনি জানান, ‘বনলতা এক্সপ্রেস’-এর ক্ষেত্রে সেই আশার আলো দেখা যাচ্ছে। চঞ্চল আরও বলেন, তিনি নিজেও কয়েকবার প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেছেন এবং দর্শকদের উচ্ছ্বাস তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।
সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ শিল্পী আজমেরী হক বাঁধন মনে করেন, অল্প সময়ের মধ্যে দুই কোটির বেশি টাকা টিকিট বিক্রি হওয়া চলচ্চিত্রের জন্য বড় আনন্দের খবর। তিনি বলেন, একজন শিল্পী হিসেবে এই অর্জনে তিনি গর্বিত। তার মতে, দেশের চলচ্চিত্র অঙ্গনে ভালো সিনেমার যে নতুন জোয়ার শুরু হয়েছে, ‘বনলতা এক্সপ্রেস’ সেই ধারাবাহিকতারই অংশ। প্রযোজকদের বিনিয়োগ ফিরে এলে তারা নতুন নতুন সিনেমা নির্মাণে আরও সাহস পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তিনি মনে করেন, ভালো গল্পের প্রতি দর্শকদের আকর্ষণ সব সময়ই থাকে। মম বলেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর গল্পের আলাদা এক শ্রোতা ও দর্শকগোষ্ঠী রয়েছে। সেই গল্পকে পর্দায় জীবন্ত করে তুলতে পরিচালক তানিম নূর তার দক্ষতার পরিচয় দিয়েছেন। শিল্পীরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি। দর্শকরা ভালো গল্পের পাশে দাঁড়াচ্ছেন—এটিকে তিনি দেশের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক দিক বলে মনে করেন।
অভিনেতা ফারুক আহমেদ বলেন, সিনেমাটির গল্প যেমন শক্তিশালী, তেমনি পরিচালকও অত্যন্ত মেধার সঙ্গে এটি নির্মাণ করেছেন। তার মতে, ছবিটিতে একঝাঁক প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এবং সব মিলিয়ে দর্শক একটি পূর্ণাঙ্গ বিনোদন পাচ্ছেন বলেই আগ্রহ নিয়ে হলে আসছেন।
এই সাফল্যে আনন্দিত হয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার-ও। তিনি বলেন, ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্য তাকে ভীষণ আনন্দিত করেছে। তার মতে, এই সাফল্য আবারও প্রমাণ করেছে যে দর্শকরা সব সময় ভালো সিনেমার পাশে থাকেন।
সব মিলিয়ে বলা যায়, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর ভিড়ে ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যেই নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছে। শক্ত গল্প, দক্ষ নির্মাণ এবং তারকাবহুল অভিনয়ের সমন্বয়ে ছবিটি দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের আশা, আগামী দিনগুলোতেও দর্শকদের ভালোবাসায় সিনেমাটির সাফল্যের ধারা অব্যাহত থাকবে।



















