img

ট্রোলারদের খেয়েদেয়ে কাজ নেই, বললেন শ্রাবন্তী

প্রকাশিত :  ০৭:৪৭, ১৪ মার্চ ২০২৬

ট্রোলারদের খেয়েদেয়ে কাজ নেই, বললেন শ্রাবন্তী

জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে যাচ্ছেন। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাকে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ৩০ বছরের অভিনয়জীবনে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পাওয়াকে তিনি নিজের জন্য বড় আশীর্বাদ হিসেবে দেখছেন।

পর্দায় একজন বৃদ্ধা ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই পর্দায় গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে কেবল বাণিজ্যিক সিনেমার নায়িকার খোলস থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণের এটি একটি দারুণ সুযোগ।

ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় শ্রাবন্তীকে। এ প্রসঙ্গে কড়া জবাব দিয়ে তিনি বলেন যারা খেয়েদেয়ে কাজ পান না তারাই নেতিবাচক মন্তব্য করেন। এতদিন বিষয়টি এড়িয়ে চললেও এখন তা সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি এর প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। এই অভিনেত্রী মনে করেন অভিনয়ে বা যেকোনো কাজে টিকে থাকতে হলে সবার আগে মানসিক শান্তি বজায় রাখাটা জরুরি।

অভিনয়ের পাশাপাশি খুব শিগগিরই প্রযোজনায় আসার ইচ্ছাও প্রকাশ করেছেন শ্রাবন্তী। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত ভাবার সময় পাচ্ছেন না তিনি। তবে তিনি যে প্রযোজনা করবেন সেটি নিশ্চিত করেছেন। এ ছাড়া ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শ্রাবন্তী এখন আর কেবল নাচ-গানের চরিত্রে সীমাবদ্ধ থাকতে চান না, বরং নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ার প্রবল খিদে এখনো তার মাঝে কাজ করছে। 

বিনোদন এর আরও খবর

img

মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে ঈদের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৮:৫০, ০৩ এপ্রিল ২০২৬

জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত একটি প্রেক্ষাগৃহে পৌঁছান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সরাসরি হলে গিয়ে দেখছেন। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা ভবিষ্যতে আরও উৎসাহ পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বাড়তি নিরাপত্তার মধ্যেও সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

ঈদে মুক্তিপ্রাপ্ত বনলতা এক্সপ্রেস সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক তানিম নূর। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় আছে ডোপ প্রোডাকশন্স।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা। এর মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

ঈদের ছুটিতে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়েও তৈরি হয়েছে আলাদা আগ্রহ। অনেকেই মনে করছেন, সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা এনে দেবে।