img

প্রেমিকের বিরুদ্ধে মামলার রাজসাক্ষী জ্যাকুলিন ফার্নান্দেজ

প্রকাশিত :  ১১:৩৮, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:১২, ১৯ এপ্রিল ২০২৬

প্রেমিকের বিরুদ্ধে মামলার রাজসাক্ষী জ্যাকুলিন ফার্নান্দেজ

‘সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়...’, হাড়ে হাড়ে টের পাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের জন্য থানা-পুলিশ, আদালত অবধি করতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকুলিন!

বহুল আলোচিত ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় জেলে আছেন সুকেশ চন্দ্রশেখর। দীর্ঘদিন ধরে চলা এ আলোচিত মামলায় এবার আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে পারেন প্রেমিকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর ফলে মামলার গতিপথে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অথচ গ্রেফতারের পর থেকেই নানাভাবে জ্যাকুলিনের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে আসছেন সুকেশ চন্দ্রশেখর। চিঠি লিখে তিনি দাবি করেছিলেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং অভিনেত্রী তার কাছ থেকে কোনো আর্থিক সুবিধা চাননি—শুধু ভালোবাসাই চেয়েছেন।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন কেবল যাতনাময়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। প্রেমিকের জন্য থানা-পুলিশ, আদালত অবধি দৌড়াতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ!

অথচ জ্যাকুলিনের মন পেতে সুকেশ চন্দ্রশেখর ‘প্রেম যে কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না’- গানের মতোই আঠা হয়ে লেগে আছেন। বর্তমানে সুকেশ একাধিক জালিয়াতির মামলায় দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন। জেলে বসেই প্রায় প্রতিটি বিশেষ দিনে তিনি জ্যাকুলিনকে উদ্দেশ্য করে চিঠি লিখে আসছেন। দিয়ে যাচ্ছেন হেলিকপ্টারসহ দামি উপহার। তাতেও মন গলেনি প্রেমিকার। সর্বশেষ ভালোবাসা দিবসেও তিনি নিজেদের ভালোবাসাকে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা এবং লাইলি-মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করেছেন। সুকেশের দাবি—কোনো কিছুই তাদের এই বন্ধন ভাঙতে পারবে না। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে খোলা চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি বোম্মা’ বলেও সম্বোধন করেন।

একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে সুকেশ লিখেছেন— ‘লোহার গরাদ আর এই ঠান্ডা দেয়াল আমাদের আলাদা করে রেখেছে। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো মানুষের মতো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি। আজ আমার প্রতিটি হৃদস্পন্দন আমাদের মধ্যবর্তী দূরত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।’ 

সুকেশ বলেন, জ্যাকুলিন ও তার পরিবারের জন্য দেওয়া সব উপহারই তিনি স্বেচ্ছায় দিয়েছেন। এমনকি এ মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ বলেও উল্লেখ করেন। এবার জ্যাকুলিনের জন্য তিনি একটি বিশেষ সারপ্রাইজ উপহারের ব্যবস্থা করেছেন। সেটি হলো— একটি ‘এয়ারবাস এইচ সিরিজ’ লাক্সারি হেলিকপ্টার। 

সুকেশ এর আগে কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি উপহার তো দিয়েছেনই। জিজ্ঞাসাবাদে সেসব বিলাসী উপহারের কথা অভিনেত্রীও স্বীকার করেছেন। এবার সেই প্রেমিকাই তার বিরুদ্ধে মামলার রাজসাক্ষী হতে যাচ্ছেন। এখন দেখার বিষয়—আদালতে দাঁড়িয়ে সুকেশকে নিয়ে কী ধরনের বক্তব্য দেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার সাক্ষ্যই নির্ধারণ করতে পারে এই বহুল আলোচিত মামলার পরবর্তী দিকনির্দেশনা।

img

বাড়ির নাম \'রামায়ণ\' রাখা নিয়ে বিতর্ক, কটাক্ষের মুখে সোনাক্ষী

প্রকাশিত :  ০৮:০৩, ০২ জুন ২০২৬

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ৩৯তম জন্মদিন আজ। প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহার কন্যা ১৯৮৭ সালে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন। ২০১০ সালে সালমান খানের বিপরীতে \'দাবং\' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। 

‘দাবাং’ সিনেমায় প্রথম নজর কেড়েছিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিপরীতে সোনাক্ষীর অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন সিনেমাপ্রেমী দর্শকরা। তবে তারপর থেকে বহু বাধা ও বিতর্কের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী।

বিয়ের জন্য সবচেয়ে বেশি বিতর্কে জড়িয়েছিলেন সোনাক্ষী সিনহা। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক তার। কিন্তু ভিন্নধর্মী বিয়ে বলে সমালোচনার শিকার হন অভিনেত্রী। ২০২৪ সালের জুন মাসে জাহিরের সঙ্গে সোনাক্ষীর বিয়ে হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাদের বিয়ের পোস্টে মন্তব্য বিভাগও বন্ধ করে দিতে হয়েছিল। এ বিয়েতে পরিবারের মত ছিল না, এমনও শোনা যায়। ভিন্নধর্মী বিয়ের কারণেই নাকি বহু দিন ধরে পরিবারকে রাজি করিয়েছিলেন অভিনেত্রী।

বিয়ের পর অন্তঃসত্ত্বা হওয়ার একাধিকবার গুজব ছড়িয়েছে সোনাক্ষীর। বিয়ের কিছু দিনের মধ্যেই তার মা হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তিনি প্রকাশ্যে এ জল্পনার সমালোচনা করেন এবং গুজব উড়িয়ে দেন। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। অবশ্য তারপরও একাধিকবার এই একই গুজব ছড়িয়ে পড়ে।

বলিউডের স্বজন বিতর্কেও উঠে এসেছে সোনাক্ষীর নাম। শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ার কারণে তাকে প্রায়ই ‘নেপোটিজম’ বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে তার সফর শুরু হওয়ায় বারবার এ বিতর্ক তার নামের সঙ্গে জড়িয়েছে।

সোনাক্ষী সিনহা দীর্ঘাঙ্গী ও স্বাস্থ্যবতী। বলিউডে আসার আগে সোনাক্ষীর ওজন বেশি ছিল বলে নিজেই জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য উল্লেখযোগ্যভাবে ওজন কমান। কিন্তু তাও ওজন ও চেহারার গড়ন নিয়ে তাকে কটাক্ষ শুনতে হয়েছিল। যদিও ‘বডিশেমিং’-এর বিরুদ্ধে সরব হতে দুবার ভাবেননি অভিনেত্রী।

এর আগে ২০১৯ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সোনাক্ষী সিনহা। সেই সময়ে ‘রামায়ণ’সংক্রান্ত একটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিনেত্রী। 

কার জন্য সঞ্জীবনী এনেছিলেন হনুমান?— এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী। তার অনুরাগীরা কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রীকে। সোনাক্ষীর বাড়ির নাম ‘রামায়ণ’। দুই ভাইয়ের নাম লব ও কুশ। তাও কীভাবে তিনি এই প্রশ্নের উত্তর জানেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। ২০২৪ সালে অভিনেতা মুকেশ খান্নাও এ ঘটনা নিয়ে সোনাক্ষীকে কটাক্ষ করেছিলেন।

কবি কুমার বিশ্বাসের মন্তব্য ঘিরেও সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। নাম না করেই তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, শৈশব থেকেই শিশুদের রামায়ণ ও গীতা পড়ানো দরকার। তা না হলে বাড়ির নাম ‘রামায়ণ’ হলেও অন্য কেউ আপনার ঘরের লক্ষ্মীকে নিয়ে চলে যাবেন। এ মন্তব্যের নিশানায় রয়েছেন সোনাক্ষী, এমনটিই মনে করেছিলেন নেটিজেনরা।