img

হবিগঞ্জে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০

প্রকাশিত :  ০৮:০৬, ১৯ জুন ২০২৬

 হবিগঞ্জে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০

হবিগঞ্জ  জেলার বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দুই দফা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭)।

রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুই গ্রামের মধ্যবর্তী একটি চলাচলের রাস্তা নিয়ে আদিত্যপুর গ্রামের মোসাহিদ মেম্বার এবং আরিচাপুর গ্রামের নাসির ও আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে সোমবার দুপুর ১টার দিকে দুই গ্রামের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ডুবাঐ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সেলু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত হেলাল মিয়াকে রাত ১১টার দিকে ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কবরস্থানের পাশের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে আ. লীগের মিছিল: ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত :  ১১:০০, ১৯ জুন ২০২৬

সিলেট নগরে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় মিছিলের পর আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালী থানার এসআই মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সংশোধিত ১৩ (৯)(৩)১০-১১-১২-১৩ ধারায় এ মামলাটি (নং ২৬(০৬)২০২৬) দায়ের করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির এই তথ্য নিশ্চিত করেন। তিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন বলেও জানা যায়।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে চারজনকে এবং ও পরে আরেকজনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাইনুল জাকির বলেন, এ মামলায় পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর