বিবিসিএর লন্ডন বিল্ড ফেস্টিভালে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতার আশ্বাস
লন্ডন, ১৫ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ও যুক্তরাজ্যের নির্মাণ খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন (বিবিসিএ)-এর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম।
১৪ সেপ্টেম্বর দুপুরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিবিসিএর নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান। একই সঙ্গে আগামী ২৯ নভেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিতব্য ‘ব্রিটিশ বাংলাদেশি বিল্ড ফেস্টিভাল ২০২৬’ সফল করতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার, নির্মাণশিল্পে পেশাগত দক্ষতা বৃদ্ধি, দক্ষ কর্মী তৈরি এবং দুই দেশের নির্মাণ খাতের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মাহমুদ আজিম যুক্তরাজ্য ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বিবিসিএর উদ্যোগকে স্বাগত জানান। তিনি নির্মাণশিল্পে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষিত কর্মী গড়ে তোলা এবং বাংলাদেশি নির্মাণ পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে বিবিসিএর সঙ্গে হাইকমিশনের সহযোগিতার আশ্বাস দেন।
বিবিসিএর আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাদিকুল আলম বলেন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেনিং বোর্ড (CITB)-এর জুন ২০২৬-এ প্রকাশিত ‘কনস্ট্রাকশন ওয়ার্কফোর্স আউটলুক ২০২৬–২০৩০’ রিপোর্ট অনুযায়ী, যুক্তরাজ্যের নির্মাণ খাতে প্রতি বছর অতিরিক্ত ৪১,২০০ জন নতুন কর্মীর প্রয়োজন হবে। ২০৩০ সালের মধ্যে এ খাতে মোট প্রায় ২০৬,০০০ জন অতিরিক্ত দক্ষ কর্মীর প্রয়োজন হবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের যুক্তরাজ্যের নির্মাণশিল্পের শ্রমবাজারের উপযোগী করে প্রস্তুত করতে বিবিসিএ ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে কাজ করলে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে দুই দেশের নির্মাণ খাতের মধ্যে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হতে পারে।
বৈঠকে বিবিসিএর প্রতিনিধিরা যুক্তরাজ্যের নির্মাণ খাতে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান এবং এ খাতে বিদ্যমান বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি যুক্তরাজ্যে দক্ষ নির্মাণকর্মীর চাহিদা, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী তৈরির সম্ভাবনা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। ভবিষ্যতে বাংলাদেশি প্রবাসীদের নির্মাণ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং যুক্তরাজ্যে দক্ষ বাংলাদেশি নির্মাণ পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিবিসিএর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি
বৈঠকে আগামী ২৯ নভেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিতব্য ‘ব্রিটিশ বাংলাদেশি বিল্ড ফেস্টিভাল ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বিবিসিএর আমন্ত্রণ গ্রহণ করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম এবং তিনি উক্ত বিল্ড উৎসবের সফলতা কামনা করেছেন।
বিবিসিএর বিল্ড ফেস্টিভালের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাদিকুল আলম, সভাপতি সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক সুমন আহমেদের নেতৃত্বে ব্রিটিশ বাংলাদেশী বিল্ড ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, আনোয়ারুল ইসলাম, সাকিল আহমেদ, বদরুল রশিদ এবং পাবলিক রিলেশন অফিসার চৌধুরী মো. নাঈমুল ইসলাম। -প্রেস বিজ্ঞপ্তি



















