জামিন শুনানি ২২ মে

img

নুসরাত ফারিয়াকে পাঠানো হলো কারাগারে

প্রকাশিত :  ০৭:০১, ১৯ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:১১, ১৯ মে ২০২৫

নুসরাত ফারিয়াকে পাঠানো হলো কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করেন আদালত।

আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। 

এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। বেলা ১০টার পর তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

এর আগে গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। 

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।

প্রসঙ্গত, রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সাড়া ফেলে দেন তিনি। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

img

তিনি এমন এক প্রতিভা যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে: শাহরুখ

প্রকাশিত :  ১২:৫৩, ১২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৬, ১২ এপ্রিল ২০২৬

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে স্তব্ধ বলিউডসহ পুরো উপমহাদেশ। এই শোকের মুহূর্তে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের ‘কিং খান’  শাহরুখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহরুখ খান লেখেন, ‘আশা  ভোঁসলের  চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক অমূল্য স্তম্ভ ছিল, যা আগামী বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।”

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। শাহরুখ লেখেন, ‘তিনি এমন এক প্রতিভা, যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন। তাঁকে ভীষণ মিস করব। ওপারে ভালো থাকবেন আশা তাই। আপনাকে অনেক ভালোবাসি।’

শাহরুখের এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে বর্ষীয়ান এই শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন। প্রায় আট দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুরণিত হবে।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গিনেস রেকর্ডধারী শিল্পী। তাঁর বিদায়ে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে একটি স্বর্ণালী অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।