img

মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী

প্রকাশিত :  ০৬:১১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী

নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী। নিঃসঙ্গ জীবনে মৃত্যুর সময়ও পাশে ছিল না আপনজন কেউই। ছয় দিন হাসপাতালের বেডে নিঃসঙ্গ পড়ে ছিলেন তিনি। 

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১৯৯৪ সালে সোহরাব-রুস্তম সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে তার প্রথম ছবিটিই হয়ে ওঠে ব্যবসাসফল। এরপর নায়ক মান্না, রুবেল, আমিন খানের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন প্রায় দশটির বেশি সিনেমায়।

রূপালি পর্দায় সাফল্যের মধ্যেই একসময় হারিয়ে যেতে থাকেন বনশ্রী। ধীরে ধীরে পড়েন অভাব-অনটনে। জীবিকার তাগিদে এক সময় শাহবাগে ফুল বিক্রিও করেছেন তিনি। পরে সরকারের কাছ থেকে ২০ লাখ টাকা অনুদান পেলেও জীবনের স্থিতি ফেরেনি।

কোভিড মহামারির সময় রাজধানী ছেড়ে ফিরে যান জন্মস্থান মাদারীপুরের শিবচরে। সেখানে ঘরবাড়ি না থাকায় শুরুতে ছিলেন ভাড়াবাড়িতে, পরে ঠাঁই হয় মাদবরের চর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে — ২৯ নম্বর ঘরের বাসিন্দা ছিলেন তিনি। শেষ সময়টুকু ছেলে মেহেদী হাসানকে নিয়েই কেটেছে তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, বনশ্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর পাঁচদিন আগে থেকে তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।

img

তিনি এমন এক প্রতিভা যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে: শাহরুখ

প্রকাশিত :  ১২:৫৩, ১২ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫৬, ১২ এপ্রিল ২০২৬

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে স্তব্ধ বলিউডসহ পুরো উপমহাদেশ। এই শোকের মুহূর্তে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের ‘কিং খান’  শাহরুখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহরুখ খান লেখেন, ‘আশা  ভোঁসলের  চলে যাওয়ার খবরটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কণ্ঠ ভারতীয় সিনেমার এক অমূল্য স্তম্ভ ছিল, যা আগামী বহু শতাব্দী ধরে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।”

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। শাহরুখ লেখেন, ‘তিনি এমন এক প্রতিভা, যা আরও বহু প্রতিভাকে ছাড়িয়ে বেঁচে থাকবে। সবসময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে রেখেছেন। তাঁকে ভীষণ মিস করব। ওপারে ভালো থাকবেন আশা তাই। আপনাকে অনেক ভালোবাসি।’

শাহরুখের এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে বর্ষীয়ান এই শিল্পীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার বন্ধন। প্রায় আট দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুরণিত হবে।

রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গিনেস রেকর্ডধারী শিল্পী। তাঁর বিদায়ে সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে একটি স্বর্ণালী অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।