img

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট রোববার, সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ

প্রকাশিত :  ১৯:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট রোববার, সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ

লন্ডন, ৩০ সেপ্টেম্বর ২০২৫:  আগামী ৫ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীন ফুটবল মাঠে দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ । টুর্নামেন্টকে সামনে রেখে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় এবং প্রেসিডেন্ট মোঃ জুবায়েরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ফুটবল টুর্নামেন্টের বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন ট্রেজারার সালেহ আহমেদ, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা সংস্থা লন্ডন স্পোটিফের কো-অর্ডিনেটর ফরহাদ উদ্দিন ও ম্যানেজার মুহি মিকদাদ ।

উল্লেখ্য, এলবিপিসি ফুটবল টুর্নামেন্টে এবার ৬টি টিম অংশগ্রহণ করছে । টিমগুলো হচ্ছে, ওয়ানবাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড। উপস্থিত সবার সামনে লটারি মাধ্যমে টিমগুলোকে এ এবং বি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। গ্রুপ এ তে খেলবে বাংলা কাগজ, ওয়ানবাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ ইউনাইটেড । গ্রুপ বিতে খেলবে  দেশ-পত্রিকা ইউনাইটেড, চ্যানেল এস ও মহাম্যাডান এসসি।

গ্রুপ পর্বের প্রথম খেলায় পিচ ওয়ানে  \'বাংলা কাগজ\' খেলবে  \'ওয়ান বাংলার সাথে, ইউকে বাংলা লাইভ খেলবে বাংলা কাগজের সাথে এবং ওয়ানবাংলা খেলবে ইউকে বাংলার সাথে।

পিচ টুতে চ্যানেল এস খেলবে মোহামেডান এসসি\'র সাথে, দেশ-পত্রিকা ইউনাইটেড খেলবে চ্যানেল এস এর সাথে এবং মোহামেডান এসসি খেলবে দেশ-পত্রিকা ইউনাইটেড এর সাথে।

সংবাদ সম্মেলনে লটারীর মাধ্যমে টিমগুলোর জার্সি কালার নির্ধারণ করে দেয়া হয়েছে । বাংলা কাগজ পেয়েছে বেগুনী, ওয়ানবাংলা নীল, মোহামেডান এসসি সবুজ, দেশ-পত্রিকা ইউনাইটেড লাল এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড সাদা ।

সংবাদ সম্মেলনে খেলার নিয়ম-কানুন তুলে ধরেন লন্ডন বাংলা স্পোটিফের ফুটবল কো-অর্ডিনেটর ফরহাদ উদ্দিন ও ম্যানেজার মুহি মিকদাদ। সবশেষে প্রেসিডেন্ট মোঃ জুবায়ের এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ফুটবল টিমের সদস্য ও ক্লাব সদস্যদেরকে তাঁদের পরিবার-পরিজন নিয়ে রোববার স্টেপনী গ্রীন ফুটবল মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করতে আহবান জানান । তাঁরা বলেন, সকলের অংশগ্রহণে আমরা একটি উৎসবমুখর টুর্নামেন্ট উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে অ্যালকোহলজনিত অসামাজিক আচরণঃ বর্তমান পিএসপিও বহাল রাখা হবে কি না, মতামত জানাতে বাসিন্দাদের আহ্বান

প্রকাশিত :  ১৪:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে অ্যালকোহল পানকে কেন্দ্র করে সৃষ্ট অসামাজিক আচরণ মোকাবিলায় বর্তমানে যে পাবলিক স্পেসেস প্রোটেকশন ওর্ডার বা পিএসপিও কার্যকর রয়েছে, সেটি আরও চালু রাখা হবে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে পরামর্শ গ্রহণ শুরু করেছে কাউন্সিল।

কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরামর্শের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বর্তমান ব্যবস্থার বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন এবং অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ মোকাবিলায় ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন, সে বিষয়ে মতামত দিতে পারবেন। 

পাবলিক স্পেসেস প্রোটেকশন ওর্ডার বা পিএসপিও হলো এমন একটি আইনি ব্যবস্থা, যার মাধ্যমে নির্দিষ্ট জনসমাগমের জায়গায় মানুষের জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলে এমন ধারাবাহিক বা গুরুতর অসামাজিক আচরণ মোকাবিলা করা যায়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, পিএসপিও কাউন্সিল ও পুলিশের অনুমোদিত কর্মকর্তাদের নির্দিষ্ট পরিস্থিতিতে হস্তক্ষেপ করার অতিরিক্ত ক্ষমতা দেয়।

টাওয়ার হ্যামলেটসে অ্যালকোহল-সংক্রান্ত পিএসপিও মূলত এমন পরিস্থিতিতে প্রযোজ্য, যেখানে জনসমক্ষে অ্যালকোহল পান করা কোনো ব্যক্তির আচরণ অসামাজিক আচরণের কারণ হচ্ছে বা হওয়ার আশঙ্কা রয়েছে।

কাউন্সিলের \'রেসপনসিবল ড্রিংকিং বরা\' ব্যবস্থার অধীনে, অনুমোদিত কর্মকর্তা কোনো ব্যক্তিকে জনসমক্ষে অ্যালকোহল পান বন্ধ করতে বলতে পারেন। প্রয়োজন হলে তার কাছে থাকা অ্যালকোহল বা অ্যালকোহলের পাত্রও হস্তান্তর করতে বলা যেতে পারে।

পিএসপিও-এর অধীনে অনুমোদিত কাউন্সিল কর্মকর্তা এবং পুলিশ পরিস্থিতি অনুযায়ী কোনো ব্যক্তিকে:

অ্যালকোহল পান বন্ধ করতে বলতে পারেন;

অ্যালকোহল বা অ্যালকোহল রয়েছে বলে যুক্তিসঙ্গতভাবে মনে হওয়া কোনো পাত্র হস্তান্তর করতে বলতে পারেন;

নির্দেশ না মানলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান তথ্য অনুযায়ী, নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ ১০০ পাউন্ড পর্যন্ত ফিক্সড পেনালি্ট নোটিশ দেওয়া যেতে পারে। আদালতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে। 

অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণের ক্ষেত্রে কাউন্সিলের পদ্ধতি শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। কাউন্সিল জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অ্যালকোহল-নির্ভরতা বা অন্যান্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত করার ব্যবস্থাও রয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমান পাবলিক স্পেসেস প্রোটেকশন ওর্ডার বা পিএসপিও ২০১৭ সালের অক্টোবরে আগের ব্যবস্থার পরিবর্তে কার্যকর হয় এবং ২০২৩ সালের অক্টোবরে এটি নবায়ন করা হয়েছিল। বর্তমান আদেশের মেয়াদ ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। 

এখন কাউন্সিলের পরামর্শ গ্রহণের মাধ্যমে পরবর্তী মেয়াদে এই ব্যবস্থা চালু রাখা হবে কি না এবং প্রয়োজনে এতে কোনো পরিবর্তন আনা দরকার কি না, সে বিষয়ে স্থানীয় মানুষের মতামত নেওয়া হচ্ছে।

কেন আপনার মতামত গুরুত্বপূর্ণ?

টাওয়ার হ্যামলেটস একটি ঘনবসতিপূর্ণ ও বৈচিত্র্যময় বরা। অসামাজিক আচরণ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানের ওপর প্রভাব ফেলতে পারে এবং এ ধরনের সমস্যা মোকাবিলায় কাউন্সিল পুলিশ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে। 

নতুন পরামর্শের মাধ্যমে বাসিন্দারা বর্তমান পিএসপিও কীভাবে কাজ করছে, জনসমক্ষে অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ নিয়ে তাঁদের অভিজ্ঞতা কী এবং ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন বলে তাঁরা মনে করেন, সে বিষয়ে মতামত জানাতে পারবেন।

বাসিন্দারা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেটস্ টক্ টাওয়ার হ্যামলেটস (Let’s Talk Tower Hamlets) প্ল্যাটফর্মে গিয়ে অনলাইন পরামর্শে অংশ নিতে পারবেন।

Let’s Talk Tower Hamlets-এ পরামর্শে অংশ নিন »

অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ বা অন্য কোনো এএসবি-এর ঘটনা ঘটলে পরিস্থিতি অনুযায়ী কাউন্সিল বা পুলিশের কাছেও তা রিপোর্ট করা যায়। জরুরি পরিস্থিতিতে ৯৯৯ এবং জরুরি নয় এমন পুলিশি বিষয়ে ১০১ নম্বরে যোগাযোগ করার জন্য বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে।

আপনার এলাকায় অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ নিয়ে অভিজ্ঞতা বা মতামত থাকলে, এই পরামর্শে অংশ নিয়ে কাউন্সিলকে জানাতে পারেন।

কমিউনিটি এর আরও খবর