img

যুক্তরাজ্যের রাজনীতিতে নাক না গলাতে মাস্ককে সতর্ক করলেন স্টারমার

প্রকাশিত :  ১৯:৩০, ০৫ জুন ২০২৬

যুক্তরাজ্যের রাজনীতিতে নাক না গলাতে মাস্ককে সতর্ক করলেন স্টারমার

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর মালিক ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ককে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

যুক্তরাজ্যজুড়ে তীব্র জনরোষ ও বিক্ষোভের জন্ম দেওয়া একটি হত্যাকাণ্ড নিয়ে মাস্ক এক্সে বিতর্কিত পোস্ট করার পর গতকাল বৃহস্পতিবার স্টারমার এ হুঁশিয়ারি দেন।

একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। গত বছর হেনরি নোয়াক নামের ১৮ বছর বয়সী এক তরুণ ছুরিকাঘাতে আহত হন। ঘটনাস্থলে পুলিশ আসার পর হামলাকারী দাবি করেন, হেনরি প্রথমে তাঁর ওপর বর্ণবাদী হামলা চালিয়েছেন।

এই অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ পুলিশ গুরুতর আহত হেনরিকে বাঁচানোর চেষ্টা না করে উল্টো হাতকড়া পরিয়ে রাখে। পরে হেনরির মৃত্যু হয়।

একপর্যায়ে জানা যায়, হত্যাকারীর ওই অভিযোগ মিথ্যা ছিল। গত সোমবার শিখ সম্প্রদায়ের ওই হত্যাকারীর সাজা ঘোষণা করা হয়।

আদালতের রায় ঘোষণার পর পুলিশের সেই অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। এতে দেখা যায়, মুমূর্ষু ও নির্দোষ নোয়াকের আকুতি আমলেই নিচ্ছেন না পুলিশ কর্মকর্তারা। ভিডিওটি সামনে আসার পর যুক্তরাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও রাজনৈতিক ঝড় তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে পুলিশ কেমন আচরণ করে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই স্পর্শকাতর পরিস্থিতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন ইলন মাস্ক।

কিয়ার স্টারমার বলেন, এ ঘটনায় পুলিশকে জবাবদিহি করতে হবে। তবে ওই ঘটনায় বিক্ষোভের নামে সহিংসতা ও বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, একটি মৃত্যুকে পুঁজি করে উত্তেজনা ছড়ানোর এ চেষ্টা ‘ক্ষমার অযোগ্য’।

সাংবাদিকদের স্টারমার বলেন, ‘মাস্ক কয়েক দিন ধরে আবার আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এবং বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যুক্তরাজ্য এভাবে চলে না।’

স্টারমারের এ বক্তব্যের বিষয়ে এক্স কর্তৃপক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুই পক্ষের এমন অভিযোগ এমন এক সময় সামনে এল, যখন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স মার্কিন শেয়ারবাজারে সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) ছাড়ার জোর প্রস্তুতি নিচ্ছে।

ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মাস্কের

এক্সে দেওয়া পোস্টে ইলন মাস্ক ইঙ্গিত করেন, ব্রিটিশ পুলিশ শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে। পাশাপাশি পুলিশি অভিযানের সমালোচনা করে অন্য ব্যবহারকারীদের করা বেশ কিছু মন্তব্যও তিনি রিপোস্ট করেন।

গত বুধবার এক পোস্টে মাস্ক লেখেন, ‘পাশ্চাত্য এক চরম ক্ষতিকর রাষ্ট্রীয় ধর্ম তৈরি করেছে, যেখানে কাউকে বর্ণবাদী বলাটাই সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়! এমনকি ধর্ষণ বা খুনের চেয়ে একে বড় অপরাধ হিসেবে দেখানো হচ্ছে!’

অবশ্য পুলিশ ও ব্রিটিশ সরকার পুলিশি ব্যবস্থায় এমন বৈষম্য বা পক্ষপাতিত্বের অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

নিহত তরুণের পরিবার গতকাল কিয়ার স্টারমারের সঙ্গে একান্ত বৈঠক করে। পুলিশের এমন আচরণকে ‘অমানবিক ও অবমাননাকর’ বলে উল্লেখ করলেও আদালতের রায়ের পর পরিবারটি বলেছে, নোয়াকের মৃত্যুকে যেন নতুন করে কোনো বিভেদ, ঘৃণা বা উত্তেজনা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়।’

আগেও মাস্কের সমালোচনা করেছিলেন স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইলন মাস্কের এ দ্বন্দ্ব নতুন নয়। আগেও একাধিকবার স্টারমারের তীব্র সমালোচনা করেছেন এই ধনকুবের। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি স্টারমারের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তোলেন।

মাস্ক দাবি করেন, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধান সরকারি কৌঁসুলি থাকার সময় স্টারমার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। মূলত ওই সময়ে তরুণীদের ওপর যৌন নিপীড়ন চালানো একটি অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছিলেন মাস্ক, যাঁদের অধিকাংশ ছিলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

অবশ্য স্টারমার সেই সময়ে নেওয়া তাঁর আইনি পদক্ষেপ ও দায়িত্ব পালনের বিষয়টি দৃঢ়ভাবে সমর্থন করে আসছেন।

এর বাইরেও স্টারমার তাঁর লেবার পার্টির এক নারী সংসদ সদস্যের পাশে দাঁড়িয়েছেন, যিনি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। ওই সংসদ সদস্যের অভিযোগ, মাস্কের গ্রোক এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁর বিকৃত ও আপত্তিকর ভুয়া ছবি তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্টারমার এর আগেও গ্রোক এআইয়ের মাধ্যমে এমন ছবি তৈরির তীব্র সমালোচনা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আইন মেনে চলতে বেশ কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল এক্স কর্তৃপক্ষ।

যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ডুবোড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

প্রকাশিত :  ০৬:২৯, ৩১ মে ২০২৬

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ‘অকাস’ জোটের অধীন ডুবোড্রোন প্রযুক্তি তৈরি করবে। সমুদ্রের তলদেশের কেব্‌ল রক্ষা ও নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে তারা এ উদ্যোগ নিয়েছে।

আগামী বছরের মধ্যেই এই মানববিহীন ডুবোযান (ইউইউভি) বা ড্রোনপ্রযুক্তি প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের মোট ব্যয় কত, তা জানানো হয়নি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, তাঁর দেশ এতে ১৫ কোটি পাউন্ড (২০ কোটি ১০ লাখ ডলার) দেবে।

সিঙ্গাপুরে আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা দেন। মূলত অকাস প্রকল্পের কাজের ধীরগতি নিয়ে ব্যাপক সমালোচনার পরই এমন ঘোষণা এল।

কাজের ধীরগতির সমালোচনা মেনে নেন জন হিলি। তিনি বলেন, ‘অকাস চুক্তিতে আমরা দীর্ঘদিন ধরে শুধু কথাই বলেছি। কাজের কাজ খুব কমই হয়েছে।’ তবে তিন দেশের বর্তমান সরকারের অধীন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।

২০২১ সালে এই অকাস প্রতিরক্ষাচুক্তি সই হয়। এর অধীন পারমাণবিক সাবমেরিন তৈরি এবং নিজেদের সামরিক দক্ষতা বিনিময়ের ঘোষণা দেয় এই তিন দেশ।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ-উপস্থিতি মোকাবিলার একটি উপায় হিসেবেই এই চুক্তিকে দেখেন অনেকে। এ ছাড়া দক্ষিণ চীন সাগরের মতো বিরোধপূর্ণ অঞ্চলগুলোয় উত্তেজনা বাড়ানোর পেছনেও চীনের ভূমিকা রয়েছে। বেইজিংয়ের সেই তৎপরতা ঠেকাতেও এই জোট কাজ করছে।

অকাস চুক্তির ‘পিলার টু’ বা দ্বিতীয় ধাপের প্রথম প্রধান প্রকল্প হলো এই ডুবোড্রোন প্রযুক্তি। চুক্তির এই ধাপের অধীন মিত্রদেশগুলো নিজেদের ‘উন্নত সক্ষমতা’ বাড়াতে একসঙ্গে কাজ করে। এর মধ্যে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ডুবো রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার বিষয়ও রয়েছে।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই ডুবোড্রোনগুলোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ ব্যবস্থা তৈরি করবে নতুন এ প্রকল্প। এসব ড্রোন সমুদ্রের তলদেশের অবকাঠামো রক্ষা করতে পারবে। পাশাপাশি এগুলো হামলা চালানো, নজরদারি করা, তথ্য সংগ্রহ ও রসদ সরবরাহের কাজও করবে। জন হিলি আরও জানান, এই ড্রোনগুলোর জন্য বিশেষ সেন্সর ও অস্ত্রব্যবস্থাও তৈরি করা হবে। এর ফলে জোটের বাহিনীগুলো খুব দ্রুতই উন্নত যুদ্ধপ্রযুক্তি পেয়ে যাবে।

সমুদ্রের তলদেশের কেব্‌ল ও পাইপলাইনের ওপর মানুষের দৈনন্দিন জীবনের অনেকটাই নির্ভর করে। এগুলো যেকোনো হুমকির মুখে পড়লে তা মোকাবিলা করতেও সাহায্য করবে নতুন এই ড্রোন। হিলি আরও বলেন, এ ধরনের উদ্যোগ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও সুমেরু অঞ্চলে তাদের প্রতিরোধক্ষমতা বাড়াবে।

মাসখানেক আগেই রাশিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছিলেন জন হিলি। যুক্তরাজ্যের উত্তরের জলসীমায় কেব্‌ল ও পাইপলাইনে রাশিয়া গোপন অভিযান চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর এ অভিযোগের পরই নতুন ড্রোনের ঘোষণাটি এল। তবে মস্কো যুক্তরাজ্যের এমন অভিযোগ অস্বীকার করেছে।

গত ডিসেম্বরে যুক্তরাজ্য ও নরওয়ে একটি চুক্তি সই করে। সমুদ্রের তলদেশের কেব্‌ল রক্ষা করতে উত্তর আটলান্টিকে রুশ সাবমেরিন খোঁজার জন্যই ওই চুক্তি করেছিল তারা।

যুক্তরাজ্যের সঙ্গে সমুদ্রের তলদেশ দিয়ে প্রায় ৬০টি কেব্‌ল যুক্ত রয়েছে। ব্রিটিশ কর্মকর্তাদের মতে, মস্কোর কারণে এসব কেব্‌ল ক্রমেই হুমকির মুখে পড়ছে। গত কয়েক বছরে যুক্তরাজ্যের জলসীমায় রুশ জাহাজের আনাগোনা ৩০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে তাইওয়ান ও সুইডেনের জলসীমায় সমুদ্রের তলদেশের কেব্‌লের ক্ষতির পেছনে চীনের জাহাজ দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।

বাল্টিক সাগরেও বেশ কয়েকবার কেব্‌ল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ডুবোড্রোন প্রকল্প রাশিয়া ও চীনের সমুদ্রতলের কার্যক্রম মোকাবিলার জন্য নেওয়া হয়েছে কি না, তা নিয়ে গত শনিবার বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়। তবে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এর কোনো উত্তর দেননি।

অকাস প্রকল্পের কাজের গতি খুব ধীর কি না, এমন প্রশ্নেরও জবাব এড়িয়ে যান তাঁরা। প্রতিরক্ষাচুক্তির ‘পিলার ওয়ান’-এর আওতায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পারমাণবিক সাবমেরিন তৈরি করার কথা। পরে সেগুলো নিজ নিজ দেশের নৌবাহিনী ব্যবহার করবে।

বিশেষ করে অস্ট্রেলিয়ার জন্য এ চুক্তি একটি বড় সুযোগ। এর মাধ্যমে দেশটির সামরিক সক্ষমতা অনেকটাই বাড়বে।

যুক্তরাজ্যের পর অস্ট্রেলিয়াই হবে ওয়াশিংটনের পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি পাওয়া দ্বিতীয় দেশ। যুক্তরাজ্য কয়েক দশক আগেই এই প্রযুক্তি পেতে শুরু করেছিল।

তবে অস্ট্রেলিয়ার এই বৃহত্তম প্রতিরক্ষা প্রকল্প নিয়ে খোদ দেশটিতেই প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ার পুরোনো সাবমেরিনগুলোর মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। এগুলো বদলানোর জন্য সময়মতো নতুন সাবমেরিন পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ বাড়ছে। আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে।

অকাস সাবমেরিনগুলো তৈরি হতে ২০৪০–এর দশক পর্যন্ত সময় লেগে যাবে। এর আগপর্যন্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের পারমাণবিক সাবমেরিনগুলো পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ায় পাঠাবে। এরপর ২০৩০-এর দশকে যুক্তরাষ্ট্র থেকে পুরোনো পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া।

সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ সম্মেলনে যোগ দেওয়ার কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই সমালোচনার জবাব দেন। তিনি বলেন, অকাস সাবমেরিন প্রকল্প নিয়ে তাঁদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ, তাঁদের হাতে কোনো ‘প্ল্যান বি’ বা বিকল্প পরিকল্পনা নেই।

শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিনগুলো পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ায় পাঠানোর পরিকল্পনা ‘এখনো ঠিক পথেই আছে’। এই পরিকল্পনার অংশ হিসেবে এ বছরের শেষের দিকেই মার্কিন নৌবাহিনীর প্রথম দলের সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

মার্লেস বলেন, পশ্চিম অস্ট্রেলিয়ার এইচএমএএস স্টার্লিং নৌঘাঁটি ২০২৭ সালের শেষ নাগাদ ওই সাবমেরিন বাহিনী রাখার জন্য প্রস্তুত হয়ে যাবে। এ ছাড়া অকাসের সাবমেরিনগুলো নির্মাণের জন্য দক্ষিণ অস্ট্রেলিয়ায় একটি ইয়ার্ড তৈরির কাজও ‘দ্রুতগতিতে এগোচ্ছে’।

যুক্তরাজ্য এর আরও খবর