img

জগন্নাথপুরে ‘মানবপাচারকারী’ ভাই-বোন গ্রেপ্তার

প্রকাশিত :  ০৫:৪৪, ০৪ অক্টোবর ২০২৬

জগন্নাথপুরে ‘মানবপাচারকারী’ ভাই-বোন গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।

থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে কম টাকার লোভ দেখিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। প্রতারণার মাধ্যমে ভূক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে দেয়ার অভিযোগ রয়েছে । তাদের ফাঁদে পড়ে অনেকেই নিস্ব।

আসামি সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

ভুক্তভোগী জগন্নাথপুর বাজার ব্যবসায়ী শেরন ভান্ডারী জানান, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি সুভি বেগম বিদেশ প্রত্যাশী অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।ওই নারীর স্বামী ও তার ভাই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। ইতালি পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তারা আমার নিকট থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার নির্বাচন

প্রকাশিত :  ১৯:১০, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:২৫, ০৪ অক্টোবর ২০২৬

বাহুবল উপজেলার আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা প্রসার ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকা-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নির্বাহী কমিটির নির্বাচন ও সাধারণ সভা আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল উসমানী ইন্টারন্যাশনালে সংগঠনের নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান। সভা সঞ্চালনা করেন এডভোকেট আবুল কালাম আজাদ।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সংগঠনের ব্যাংক হিসাব, সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা প্রণয়ন, নির্বাহী কমিটির নির্বাচন এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবির, সমাজকল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরী, প্রকাশনা সম্পাদক মোশায়েদ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ আব্দুল আজিজ এবং নির্বাহী সদস্য পারভেজ চৌধুরী, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ ও জুবায়ের চৌধুরীসহ অন্যরা।

বক্তারা বাহুবল উপজেলার সার্বিক আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা ঢাকায় বসবাসরত বাহুবল উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে বাহুবলের সামগ্রিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে যারা সংগঠনের সদস্যপদ গ্রহণ করবেন, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সংগঠনের সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মোশায়েদ চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সভায় মো. মহিবুর রহমান তালুকদারের আজীবন সদস্যপদের আবেদন অনুমোদন করা হয়।

এ ছাড়া সংগঠনের প্রকাশনা সম্পাদক মোশায়েদ উদ্দিন চৌধুরীর সহধর্মিণী ডাক্তার ছাইদুননেছা এবং সমাজকল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরীর সহধর্মিণী সালেহা বেগম চৌধুরীর মৃত্যুতে সভায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জালালাবাদ হেলথ ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হওয়ায় সংগঠনের সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমানকে এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবিরকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সভা থেকে ঢাকায় বসবাসরত বাহুবল উপজেলার আগ্রহী ব্যক্তিদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকা-এর সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়। সংগঠনের আজীবন সদস্য ফি ৩১০০ টাকা এবং সাধারণ সদস্য ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ। পরে আর কোনো আলোচ্য বিষয় না থাকায় সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


সিলেটের খবর এর আরও খবর