img

২০২৫ সালে বিয়ে করেন যেসব তারকা

প্রকাশিত :  ০৮:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫

২০২৫ সালে বিয়ে করেন যেসব তারকা
২০২৫ সাল বিনোদন জগতের তারকাদের জন্য শুধু ক্যারিয়ার–সাফল্যের বছরই নয়, ব্যক্তিগত জীবনেও ছিল গুরুত্বপূর্ণ বাঁকবদলের সময়। দীর্ঘদিনের সম্পর্কের পর পরিণয়, হঠাৎ বিয়ের ঘোষণা কিংবা নতুন সংসার শুরুর খবর—সব মিলিয়ে তারকাদের জীবনে যোগ হয়েছে নতুন অধ্যায়। গত এক বছরে এমন কিছু মুখই বেশি আলোচনায় ছিল, যাঁরা কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন যাত্রা শুরু করেছেন। সংক্ষিপ্তভাবে ফিরে দেখা যাক সেই পরিবর্তনের চিত্রটি।

চলতি বছরের শুরুতেই আলোচনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন বছর শুরুর আমেজ না কাটতেই বিয়ে করে সবাইকে চমকে দেন তিনি। ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এ তারকা। এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ব্যক্তিজীবনে অভিনেতার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এ বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা। 

এরপরে ১৩ বছরের প্রেমে লুকোচুরি খেলা শেষে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এ বিয়ের খবর প্রকাশ্যে আসে ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়; এর মাধ্যমে তাদের ১৩ বছরের প্রেমের সমাপ্তি পরিণয়ের মধ্য দিয়ে শেষ হয়।

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন তিনি। এ অভিনেতা বিয়ে নিয়ে হরহামেশাই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন শামীম হাসান।

গত ৬ এপ্রিল বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন বিয়ে করেন। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন জামিল। সেখান থেকেই তাদের দুজনের পরিচয় থেকে প্রেম; অবশেষে পরিণয়। 

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। সেই সংসার ভেঙে যায়।  প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

img

জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া

প্রকাশিত :  ১৬:৩৪, ২৬ জুন ২০২৬

ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউড সবখানেই নিজের অভিনয়শক্তির দ্যুতি ছড়াচ্ছেন জয়া আহসানে। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ জুন) ট্রেলারটি সামাজিক মাধ্যমে নিজেও শেয়ার করেছেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। 

সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।

২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে এর পরবর্তী অধ্যায়। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

প্রথম কিস্তির মতো এই নতুন অধ্যায়টিও দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে, তা জানার জন্য আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।