img

শ্রীমঙ্গলে দুই দিনে ঘর ও হাওর থেকে উদ্ধার দুই বিশাল অজগর ও তক্ষক

প্রকাশিত :  ১৭:১৪, ১৫ আগষ্ট ২০২৬

শ্রীমঙ্গলে দুই দিনে ঘর ও হাওর থেকে উদ্ধার দুই বিশাল অজগর ও তক্ষক

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই দিনে বসতঘর ও হাইল হাওর থেকে দুটি বিশাল আকৃতির অজগর এবং একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা এসব বন্যপ্রাণী অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার রুপসপুরে রুপন পালের বাড়ির ঠাকুরঘরে একটি তক্ষক ঢুকে পড়ে। তক্ষকটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রুপন পাল বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা তক্ষকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করা তক্ষকটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এর আগের দিন শুক্রবার (১৪ আগস্ট) বিকেল তিনটার দিকে শ্রীমঙ্গলের হাইল হাওর এলাকায় ধানখেতের পাশে মাছ ধরার খাইঞ্জায় একটি বিশাল আকৃতির অজগর দেখতে পান স্থানীয় লোকজন। সাপটি দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন অজগরটিকে মারার চেষ্টা করলে মঞ্জু মিয়া তাতে বাধা দেন।

অজগরটিকে রক্ষার জন্য পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

অজগরটিকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মঞ্জু মিয়াকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ফাউন্ডেশন বলেছে, তাঁর সহযোগিতার কারণেই অজগরটি প্রাণে রক্ষা পেয়েছে।

এদিকে এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল শহরের ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বসতঘরের সিলিং থেকে আরও একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হয়।

বাড়ির সদস্যরা ঘুমন্ত অবস্থায় হঠাৎ সাপটি দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। পরে ফাউন্ডেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১২ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন। বিশাল সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে অজগরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


সিলেটের খবর এর আরও খবর

img

মোমবাতি জ্বালিয়ে ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে কুলাউড়ায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশিত :  ০৫:০০, ১৬ আগষ্ট ২০২৬

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার তাতাউরা এলাকায় নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে তাতাউরা এলাকায় নিজের বাড়ির পাশের একটি বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌস। পরে বিদ্যালয়ের কাছের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জান্নাতুল ফেরদৌসের ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায়, এর আগের দিন শুক্রবার রাতেও তিনি মোমবাতি প্রজ্বালন করেন। ওই কর্মসূচির ছবি ও ভিডিওও তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটের খবর এর আরও খবর