img

সুনামগঞ্জে আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

প্রকাশিত :  ০৫:৫৬, ০৪ অক্টোবর ২০২৬

 সুনামগঞ্জে আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের রুমের ভেতরে আটকা পড়া ৫ জন ছাত্রীকে ১৪ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

গতকাল শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিন তলা একটি ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি রুম ভাড়া নিয়ে থাকেন ৪ ছাত্রী। তাদের মধ্যে ২ জন কলেজ ছাত্রী ও ২ জন নার্সিং ভর্তিইচ্ছুক। শুক্রবার রাত ৯টার দিকে ওই ছাত্রীদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। রুমের ভেতরে ওই ৪ জন ছাত্রীসহ বাসার মালিকের কলেজপড়ুয়া মেয়েও আটকা পড়েন। স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় তারা ৫ জন রুমের ভেতরে আটকা পড়েছিল। কোনোভাবেই দরজা খুলতে না পেরে বাসার মালিক সামছুল হক সকালে ফায়ার সার্ভিসে খবর দেন। ১৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা সদর মডল থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি বাসার তিন তলায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছে এমন জরুরি ফোন পেয়ে আমরা যাই। এরপর সদর থানার ওসির উপস্থিতিতে ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীরা সুস্থ আছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, বেলা ১১টার পর ফায়াস সার্ভিস থেকে ফোনে খবর পাই শহরের বনানীপাড়ায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটক পড়েছে। তাদেরকে উদ্ধার করতে ফায়াস সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করতে চায়। পরে তারা ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।

ওসি আরও জানান, আটকা পড়া ছাত্রীরা ও বাসার মালিক জানিয়েছেন শুক্রবার রাত ৯টার থেকে ওই রুমের দরজা খোলা যাচ্ছিল না। ছাত্রীরা সময় ভেতরে আটক ছিলেন। কিন্তু রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস বা পুলিশকে জানালে তাদের উদ্ধার করা যেত।

সিলেটের খবর এর আরও খবর

img

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার নির্বাচন

প্রকাশিত :  ১৯:১০, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:২৫, ০৪ অক্টোবর ২০২৬

বাহুবল উপজেলার আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা প্রসার ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকা-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নির্বাহী কমিটির নির্বাচন ও সাধারণ সভা আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল উসমানী ইন্টারন্যাশনালে সংগঠনের নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান। সভা সঞ্চালনা করেন এডভোকেট আবুল কালাম আজাদ।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সংগঠনের ব্যাংক হিসাব, সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা প্রণয়ন, নির্বাহী কমিটির নির্বাচন এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবির, সমাজকল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরী, প্রকাশনা সম্পাদক মোশায়েদ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ আব্দুল আজিজ এবং নির্বাহী সদস্য পারভেজ চৌধুরী, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ ও জুবায়ের চৌধুরীসহ অন্যরা।

বক্তারা বাহুবল উপজেলার সার্বিক আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা ঢাকায় বসবাসরত বাহুবল উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে বাহুবলের সামগ্রিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে যারা সংগঠনের সদস্যপদ গ্রহণ করবেন, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সংগঠনের সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মোশায়েদ চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সভায় মো. মহিবুর রহমান তালুকদারের আজীবন সদস্যপদের আবেদন অনুমোদন করা হয়।

এ ছাড়া সংগঠনের প্রকাশনা সম্পাদক মোশায়েদ উদ্দিন চৌধুরীর সহধর্মিণী ডাক্তার ছাইদুননেছা এবং সমাজকল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরীর সহধর্মিণী সালেহা বেগম চৌধুরীর মৃত্যুতে সভায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জালালাবাদ হেলথ ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হওয়ায় সংগঠনের সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমানকে এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবিরকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

সভা থেকে ঢাকায় বসবাসরত বাহুবল উপজেলার আগ্রহী ব্যক্তিদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকা-এর সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়। সংগঠনের আজীবন সদস্য ফি ৩১০০ টাকা এবং সাধারণ সদস্য ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ। পরে আর কোনো আলোচ্য বিষয় না থাকায় সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


সিলেটের খবর এর আরও খবর