img

ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ

প্রকাশিত :  ১৩:১৭, ২৭ নভেম্বর ২০২৬

ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ

দিনের কাজ শেষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করেন অনেকেই। কখনো মেসেজ চেক, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস স্ক্রল কিংবা খবর পড়ার মধ্য দিয়ে ঘুমানোর আগের সময়টুকু কাটে। কিন্তু এই অভ্যাসের কারণে অজান্তেই ঘুমের সময় কমে যেতে পারে এবং শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রাম ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ফোনে দীর্ঘ সময় কাটালে মস্তিষ্ক থাকে সক্রিয়

মোবাইল ফোন এখন যোগাযোগের পাশাপাশি বিনোদন, সংবাদ ও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম। দিনের শেষে শরীর বিশ্রামের জন্য বিছানায় গেলেও ফোনে একের পর এক ছবি, ভিডিও ও তথ্য দেখতে থাকলে মস্তিষ্ক সক্রিয় থাকে।

চিকিৎসকদের মতে, দিনে তিন ঘণ্টার বেশি ফোন ব্যবহার, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানোর সঙ্গে মনোযোগ ও তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার প্রবণতার পরিবর্তনের সম্পর্ক পাওয়া গেছে। ক্রমাগত নতুন কনটেন্ট দেখার অভ্যাস মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করে, যা রাতে ঘুমের প্রস্তুতিকে ব্যাহত করতে পারে।

ঘুমের সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কার্যক্রম চলে

ঘুম শুধু শারীরিক ক্লান্তি দূর করার প্রক্রিয়া নয়। এ সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। ঘুমের মধ্যে মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক ব্যবস্থা দিনের বেলায় জমে থাকা কিছু প্রোটিনজাত বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই পর্যাপ্ত সময় ঘুমানোর পাশাপাশি গভীর ও স্বস্তিদায়ক ঘুমও প্রয়োজন।

নীল আলো ও নেতিবাচক কনটেন্টের প্রভাব

মোবাইলের পর্দা থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে প্রভাব ফেলতে পারে। শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে রাতে ফোন ব্যবহারে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের মানও কমে যেতে পারে।

তবে শুধু নীল আলোই সমস্যার কারণ নয়। ঘুমের আগে কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। উত্তেজক সংবাদ, ভয়াবহ ঘটনা, বিতর্ক কিংবা নেতিবাচক পোস্ট মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক নেতিবাচক খবর দেখার এই অভ্যাসকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এতে ঘুমের আগে মানসিক প্রশান্তির বদলে উদ্বেগ ও উত্তেজনা বাড়তে পারে।

ঘুমের আগে ফোন ব্যবহারের অভ্যাস বদলাবেন যেভাবে

ফোনে অতিরিক্ত সময় কাটানোর কারণে অনেকের ঘুমানোর নির্ধারিত সময় পিছিয়ে যায়। একটি খবর পড়তে গিয়ে অন্য খবর, ভিডিও কিংবা নোটিফিকেশনে মনোযোগ চলে যাওয়ায় বিছানায় যাওয়ার পরও দীর্ঘ সময় জেগে থাকতে হয়।

এ অভ্যাস নিয়ন্ত্রণে ঘুমানোর আগে ফোন ব্যবহার সীমিত করা জরুরি। বিছানায় ফোন না নেওয়া এবং অ্যালার্মের জন্য প্রয়োজনে আলাদা ঘড়ি ব্যবহার করা যেতে পারে।

ফোনের বিকল্প হিসেবে বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো কিংবা পরদিনের কাজের তালিকা তৈরি করা যেতে পারে। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য, সবুজ পরিবেশ, পাহাড় কিংবা বয়ে চলা পানির শব্দ মানসিক প্রশান্তি দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের শেষ সময়টুকু সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতিবাচক খবর থেকে দূরে রেখে মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দেওয়া উচিত। কারণ শরীর বিছানায় গেলেই মস্তিষ্ক বিশ্রামে যায় না। ঘুমের আগে মানসিক প্রশান্তি নিশ্চিত করাও সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অংশ।

img

ঠোঁট ফাটছে শীতের আগেই ? জেনে নিন প্রতিকার

প্রকাশিত :  ০৬:৪৪, ০৫ নভেম্বর ২০২৬

অনেকের ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা কিংবা ঠোঁটের কোণে ফাটল দেখা দেওয়ার সমস্যা দেখা দেয় শীতের মৌসুম শুরু হওয়ার আগেই । আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি শরীরে পানির ঘাটতি, বারবার ঠোঁট চাটা এবং কিছু প্রসাধনীর ব্যবহারেও এমনটা হতে পারে। তাই শীত পুরোপুরি শুরু হওয়ার অপেক্ষা না করে এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া জরুরি।

মুখের অন্যান্য অংশের ত্বকের তুলনায় ঠোঁটের ত্বক বেশ পাতলা। এতে তেল উৎপাদনকারী গ্রন্থিও প্রায় নেই। এ কারণে ঠোঁট সহজেই আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। সঠিক যত্নের অভাবে এই শুষ্কতা থেকে ফাটল, ব্যথা ও জ্বালাপোড়ার সৃষ্টি হতে পারে।

কেন ফাটছে ঠোঁট?

আবহাওয়ার পরিবর্তন: বাতাসের আর্দ্রতা কমে যাওয়া, শুষ্ক বাতাস এবং তাপমাত্রার ওঠানামার কারণে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা কমতে পারে। ফলে শীত আসার আগেই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়।

বারবার ঠোঁট চাটা: ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই জিভ দিয়ে তা ভেজানোর চেষ্টা করেন। কিন্তু লালার পানি শুকিয়ে যাওয়ার পর ঠোঁট আরও শুষ্ক হয়ে পড়ে। এতে ফাটল ও অস্বস্তি বাড়তে পারে।

পানির ঘাটতি: শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে ঠোঁটসহ মুখের বিভিন্ন অংশ শুষ্ক হতে পারে। তবে শুধু ঠোঁট ফাটার লক্ষণ দেখেই শরীরে পানির ঘাটতি রয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না।

প্রসাধনী ও টুথপেস্টের প্রভাব: কিছু লিপস্টিক, লিপবাম, সুগন্ধিযুক্ত প্রসাধনী এবং টুথপেস্টের উপাদান ঠোঁটে অ্যালার্জি বা প্রদাহ সৃষ্টি করতে পারে। এসব পণ্য ব্যবহারের পর ঠোঁটে জ্বালাপোড়া কিংবা শুষ্কতা বাড়লে সেগুলো এড়িয়ে চলা উচিত।

পুষ্টির ঘাটতি: কিছু ক্ষেত্রে আয়রন, ভিটামিন বি১২সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতির সঙ্গে ঠোঁটের সমস্যা, বিশেষ করে ঠোঁটের কোণে ফাটলের সম্পর্ক থাকতে পারে। তবে এ ধরনের লক্ষণ দেখা দিলেই পুষ্টির ঘাটতি হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

 ত্বকের রোগ বা সংক্রমণ: দীর্ঘদিন ধরে ঠোঁট ফাটা, লাল হয়ে যাওয়া, চুলকানি কিংবা ঠোঁটের কোণে ক্ষত হওয়ার পেছনে একজিমা, অ্যালার্জি বা সংক্রমণের মতো কারণও থাকতে পারে।

ঠোঁট ফাটা কমাতে করণীয়

নিয়মিত লিপবাম ব্যবহার: ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সুগন্ধি ও স্বাদযুক্ত উপাদানবিহীন পেট্রোলিয়াম জেলি অথবা সাধারণ লিপবাম ব্যবহার করতে পারেন। ঠোঁট শুকিয়ে গেলে এবং রাতে ঘুমানোর আগে এটি লাগালে উপকার পাওয়া যেতে পারে।

ঠোঁট চাটা থেকে বিরত থাকুন: বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো এবং শুকনো চামড়া টেনে তোলা বন্ধ করতে হবে। এসব অভ্যাস ঠোঁটের ত্বকে ক্ষত তৈরি করতে পারে এবং জ্বালাপোড়া বাড়িয়ে দিতে পারে।

পর্যাপ্ত পানি পান: শরীরের প্রয়োজন অনুযায়ী নিয়মিত পানি পান করুন। দীর্ঘ সময় পানি পান না করে থাকা এড়িয়ে চলুন। তবে ঠোঁটের শুষ্কতা দূর করতে শুধু পানি পান নয়, বাইরে থেকে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

রোদ থেকে সুরক্ষা: সূর্যের অতিবেগুনি রশ্মিও ঠোঁটের ক্ষতি করতে পারে। বাইরে যাওয়ার সময় এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম লিপবাম ব্যবহার করা যেতে পারে। দীর্ঘ সময় বাইরে থাকলে পণ্যের নির্দেশনা অনুযায়ী পুনরায় লাগাতে হবে।

জ্বালাপোড়া তৈরি করে এমন পণ্য পরিহার: মেনথল, কর্পূর, সুগন্ধি কিংবা ঝাঁঝালো উপাদানযুক্ত কিছু পণ্য ঠোঁটের অস্বস্তি বাড়াতে পারে। কোনো পণ্য ব্যবহারের পর জ্বালা বা শুষ্কতা অনুভূত হলে সেটি ব্যবহার বন্ধ করুন।

চিকিৎসকের পরামর্শ নেবেন কখন ?

সাধারণ যত্ন নেওয়ার পরও ঠোঁটের ফাটল না কমলে, সমস্যা দীর্ঘস্থায়ী হলে কিংবা ঠোঁটে তীব্র ব্যথা, প্রদাহ, ক্ষত বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে ঠোঁটের কোণে বারবার ফাটল দেখা দিলে এর অন্তর্নিহিত কারণ নির্ণয় করা জরুরি।

ঠোঁট ফাটাকে সামান্য সমস্যা মনে করে অবহেলা করা উচিত নয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়মিত লিপবাম ব্যবহার, ঠোঁট চাটার অভ্যাস পরিহার এবং জ্বালাপোড়া সৃষ্টিকারী প্রসাধনী এড়িয়ে চলার মাধ্যমে ঠোঁটের শুষ্কতা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।