img

খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন

প্রকাশিত :  ০৮:২৫, ২৮ নভেম্বর ২০২৬

খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন

আমাদের অনেকেরই খাওয়ার পরপর সোফায় গা এলিয়ে দেওয়া কিংবা শুয়ে পড়ার অভ্যাস রয়েছে। অথচ দৈনন্দিন এই সামান্য অলসতাই ডেকে আনতে পারে গ্যাস্ট্রিক, ওজন বৃদ্ধি ও রক্তে শর্করার অস্থিতিশীলতার মতো জটিলতা। চিকিৎসাবিজ্ঞান বলছে, এর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে প্রতিবেলা খাবারের পর মাত্র ১০-১৫ মিনিট হাঁটার অভ্যাসে।

হেলথলাইন ও ভেরি ওয়েল হেলথের প্রতিবেদন অনুযায়ী, একটু বেশি খাওয়া হয়ে গেলে কিংবা প্রতিদিনের স্বাভাবিক খাবারের পরও মাত্র ১০ থেকে ১৫ মিনিট হাঁটাহাঁটি করলে শরীরে বহুমুখী উপকার মেলে।

খাওয়ার পর হাঁটার উপকারিতা

হজমশক্তি বাড়ায় ও গ্যাস কমায়: খাওয়ার পর হাঁটলে পাকস্থলী ও অন্ত্র উদ্দীপ্ত হয়, ফলে খাবার দ্রুত হজম হয়। গবেষণায় দেখা গেছে, প্রতিবেলা খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটলে পেট ফাঁপা, গ্যাস ও ঢেকুরের সমস্যা অনেকটাই কমে যায়। এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (আইবিএস) রোগীদের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ: বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য খাওয়ার পর হাঁটা অত্যন্ত জরুরি। গবেষণায় প্রমাণিত হয়েছে, দিনে একবার টানা ৩০ মিনিট হাঁটার চেয়ে প্রতিবেলা খাওয়ার পর ১০ মিনিট করে হাঁটা রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া রোধে বেশি কার্যকর।

হৃদ্‌রোগ ও রক্তচাপ কমায়: নিয়মিত হাঁটা রক্তচাপ এবং শরীরের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। এ ছাড়া রাতের খাবারের পর হাঁটলে রাতের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

ওজন নিয়ন্ত্রণ ও ভালো ঘুম: দুপুর ও রাতের খাবারের পর স্বল্প সময়ের হাঁটা অতিরিক্ত ক্যালরি পুড়িয়ে পেটের মেদ ও ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি রাতের ঘুমের মান উন্নত করে এবং দ্রুত ঘুমাতে সহায়তা করে।

 মানসিক স্বাস্থ্য ও অলসতা দূর করে: খাওয়ার পরপরই সোফায় বসে টিভি দেখার অভ্যাস রক্তনালির কার্যকারিতা কমিয়ে দেয়। হাঁটার অভ্যাস দীর্ঘক্ষণ বসে থাকার এই ক্ষতি পুষিয়ে দেয় এবং মানসিক অবসাদ দূর করে মন সতেজ রাখে।

কীভাবে, কতক্ষণ হাঁটবেন

বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পরপরই খুব জোরে হাঁটা বা ভারী ব্যায়াম করা উচিত নয়; এতে পেটব্যথা, বমিভাব বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।

 সময় ও গতি: হালকা বা স্বাভাবিক খাবারের ১০ থেকে ১৫ মিনিট পর এবং ভারী খাবারের ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর হাঁটা শুরু করা ভালো। শুরুতে ২ থেকে ৫ মিনিট দিয়ে অভ্যাস শুরু করে ধীরে ধীরে প্রতিবেলা খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটার চেষ্টা করুন।

হাঁটার ধরন: এমন গতিতে হাঁটুন, যাতে হৃৎস্পন্দন কিছুটা বাড়ে, কিন্তু কথা বলতে বা শ্বাস নিতে কষ্ট না হয় (ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার বা ৩ মাইল গতিতে)। সপ্তাহে ৫ দিন এভাবে দিনে তিনবেলা ১০ মিনিট করে হাঁটলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নির্ধারিত শরীরচর্চার লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হয়ে যায়।

হাঁটার অভ্যাস গড়বেন যেভাবে

নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই, কেবল ছোট কিছু পদক্ষেপই যথেষ্ট—

একবারে ৩০ মিনিট হাঁটার কঠিন লক্ষ্য না নিয়ে মনকে বলুন, শুধু জুতাটা পরে বাইরে থেকে একটু ঘুরে আসব। ঘর থেকে একবার বের হলেই হাঁটা সহজ হয়ে যাবে।

পায়ের সুরক্ষা ও আরামের জন্য ভালো মানের ‘ওয়াকিং শু’ ব্যবহার করুন।

অফিসের জরুরি মিটিংয়ের মতোই হাঁটার সময়টি দৈনন্দিন রুটিনে রাখুন। বাসায় থাকলে পরিবারের সদস্য বা সন্তানদের নিয়ে হাঁটতে বের হতে পারেন, কিংবা অফিসে কাজের ফাঁকে ডেস্কে ওয়াকিং প্যাড ব্যবহার করতে পারেন।

তাই পরেরবার খাওয়ার পর কেউ হাঁটতে বললে বিরক্ত না হয়ে বরং হাসিমুখে পা বাড়ান; কারণ এই ছোট্ট অভ্যাসটিই আপনাকে দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম রাখবে।

img

ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ

প্রকাশিত :  ১৩:১৭, ২৭ নভেম্বর ২০২৬

দিনের কাজ শেষে বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার করেন অনেকেই। কখনো মেসেজ চেক, কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস স্ক্রল কিংবা খবর পড়ার মধ্য দিয়ে ঘুমানোর আগের সময়টুকু কাটে। কিন্তু এই অভ্যাসের কারণে অজান্তেই ঘুমের সময় কমে যেতে পারে এবং শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক বিশ্রাম ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ফোনে দীর্ঘ সময় কাটালে মস্তিষ্ক থাকে সক্রিয়

মোবাইল ফোন এখন যোগাযোগের পাশাপাশি বিনোদন, সংবাদ ও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম। দিনের শেষে শরীর বিশ্রামের জন্য বিছানায় গেলেও ফোনে একের পর এক ছবি, ভিডিও ও তথ্য দেখতে থাকলে মস্তিষ্ক সক্রিয় থাকে।

চিকিৎসকদের মতে, দিনে তিন ঘণ্টার বেশি ফোন ব্যবহার, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় কাটানোর সঙ্গে মনোযোগ ও তাৎক্ষণিক পুরস্কার পাওয়ার প্রবণতার পরিবর্তনের সম্পর্ক পাওয়া গেছে। ক্রমাগত নতুন কনটেন্ট দেখার অভ্যাস মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করে, যা রাতে ঘুমের প্রস্তুতিকে ব্যাহত করতে পারে।

ঘুমের সময় মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কার্যক্রম চলে

ঘুম শুধু শারীরিক ক্লান্তি দূর করার প্রক্রিয়া নয়। এ সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, আবেগ নিয়ন্ত্রণসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। ঘুমের মধ্যে মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক ব্যবস্থা দিনের বেলায় জমে থাকা কিছু প্রোটিনজাত বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই পর্যাপ্ত সময় ঘুমানোর পাশাপাশি গভীর ও স্বস্তিদায়ক ঘুমও প্রয়োজন।

নীল আলো ও নেতিবাচক কনটেন্টের প্রভাব

মোবাইলের পর্দা থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে প্রভাব ফেলতে পারে। শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে রাতে ফোন ব্যবহারে ঘুম আসতে দেরি হতে পারে এবং ঘুমের মানও কমে যেতে পারে।

তবে শুধু নীল আলোই সমস্যার কারণ নয়। ঘুমের আগে কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। উত্তেজক সংবাদ, ভয়াবহ ঘটনা, বিতর্ক কিংবা নেতিবাচক পোস্ট মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক নেতিবাচক খবর দেখার এই অভ্যাসকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এতে ঘুমের আগে মানসিক প্রশান্তির বদলে উদ্বেগ ও উত্তেজনা বাড়তে পারে।

ঘুমের আগে ফোন ব্যবহারের অভ্যাস বদলাবেন যেভাবে

ফোনে অতিরিক্ত সময় কাটানোর কারণে অনেকের ঘুমানোর নির্ধারিত সময় পিছিয়ে যায়। একটি খবর পড়তে গিয়ে অন্য খবর, ভিডিও কিংবা নোটিফিকেশনে মনোযোগ চলে যাওয়ায় বিছানায় যাওয়ার পরও দীর্ঘ সময় জেগে থাকতে হয়।

এ অভ্যাস নিয়ন্ত্রণে ঘুমানোর আগে ফোন ব্যবহার সীমিত করা জরুরি। বিছানায় ফোন না নেওয়া এবং অ্যালার্মের জন্য প্রয়োজনে আলাদা ঘড়ি ব্যবহার করা যেতে পারে।

ফোনের বিকল্প হিসেবে বই পড়া, হালকা গান শোনা, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো কিংবা পরদিনের কাজের তালিকা তৈরি করা যেতে পারে। পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য, সবুজ পরিবেশ, পাহাড় কিংবা বয়ে চলা পানির শব্দ মানসিক প্রশান্তি দিতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের শেষ সময়টুকু সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতিবাচক খবর থেকে দূরে রেখে মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ দেওয়া উচিত। কারণ শরীর বিছানায় গেলেই মস্তিষ্ক বিশ্রামে যায় না। ঘুমের আগে মানসিক প্রশান্তি নিশ্চিত করাও সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অংশ।