img

আবারও পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা

প্রকাশিত :  ১৩:৪৭, ৩০ জুন ২০২৫

 আবারও পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা

জীবনে আবারও সুখের ছোঁয়া লেগেছে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ় ও মাইকেল ডোলান দম্পতির। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন ইলিয়ানা।

গত ১৯ জুন তাদের ঘর আলো করে আসে আরেক পুত্রসন্তান। সপ্তাহখানেক চুপচাপ থাকার পর, অবশেষে সোশ্যাল মিডিয়ায় সন্তানের মুখ দেখালেন অভিনেত্রী নিজেই ।

আজ (২৯ জুন) অভিনেত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। সেই ক্যাপশনে তিনি লিখেছেন, “কিয়েনু রেফ ডোনালের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” সন্তানকে পেয়ে তিনি এবং মাইকেল খুব খুশি, সে কথা জানাতেও ভোলেননি।

পোস্টের মাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দিয়ে ক্ষান্ত হননি, তার নামও প্রকাশ্যে আনেন ইলিয়ানা। মাথায় টুপি, সারা গায়ে তোয়ালে জড়ানো সদ্যোজাত পাশ ফিরে শুয়ে। ঘুমে আধবোজা চোখ। ছোট্ট বাচ্চাটির মিষ্টি ছবি ইতোমধ্যেই ভাইরাল। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইলিয়ানা এবং তার বাচ্চাকে।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম মা হন ইলিয়ানা। সেবারও এক পুত্রের জন্ম দিয়েছিলেন তিনি। এছাড়া কাজের দিক দিয়ে সবশেষ তাকে দেখা যায় গত বছর মুক্তিপ্রাপ্ত শীর্ষ গুহ ঠাকুরতা পরিচালনায় নির্মিত সিনেমা ‘দো অর দো পেয়ার’ সিনেমায়। চলচ্চিত্রটিতে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধীসহ অনেকে।


img

জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া

প্রকাশিত :  ১৬:৩৪, ২৬ জুন ২০২৬

ঢালিউড থেকে টলিউড, এমনকি বলিউড সবখানেই নিজের অভিনয়শক্তির দ্যুতি ছড়াচ্ছেন জয়া আহসানে। এবার তার অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ জুন) ট্রেলারটি সামাজিক মাধ্যমে নিজেও শেয়ার করেছেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। 

সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।

২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, ভাঙন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার এক মর্মস্পর্শী গল্প। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে এর পরবর্তী অধ্যায়। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের।’

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেনের পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

প্রথম কিস্তির মতো এই নতুন অধ্যায়টিও দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে, তা জানার জন্য আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।