img

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৮:১৬, ০৬ আগষ্ট ২০২৫

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র

২০৩০ সালের মধ্যে মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করার মার্কিন উচ্চাকাঙ্ক্ষার অংশ এটি।

পলিটিকোর মতে, নাসার ভারপ্রাপ্ত প্রধান চীন এবং রাশিয়ার অনুরূপ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন—এই দুটি দেশ চাঁদে একটি কিপ-আউট জোন ঘোষণা করতে পারে। তার আগেই চাঁদের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র।

তবে সাম্প্রতিক নাসার বাজেট হ্রাসের কারণে লক্ষ্য এবং সময়সীমা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কিছু বিজ্ঞানী উদ্বিগ্ন হয়ে বলছেন, পরিকল্পনাগুলো ভূ-রাজনৈতিক লক্ষ্য দ্বারা পরিচালিত। বাস্তব কার্যকারিতা উচ্চাকাঙ্ক্ষী প্রশাসন আমলে নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, জাপানসহ কয়েকটি দেশ চাঁদের পৃষ্ঠে রহস্য অন্বেষণের জন্য তাড়াহুড়ো করছে। কিছু দেশ স্থায়ী মানব বসতির পরিকল্পনা নিয়েও এগোচ্ছে।

মার্কিন পরিবহন সচিব শন ডাফিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসার অস্থায়ী প্রধান নিযুক্ত করেন। তিনি জানান, ভবিষ্যতের চন্দ্র অর্থনীতি, মঙ্গলে উচ্চ শক্তি উৎপাদন এবং মহাকাশে আমাদের জাতীয় নিরাপত্তা জোরদার করার জন্য এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে সঠিকভাবে এগিয়ে নিতে সংস্থাটির দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

ডাফি বাণিজ্যিক কোম্পানিগুলোর কাছ থেকে এমন একটি চুল্লি তৈরির প্রস্তাব চেয়েছেন, যা কমপক্ষে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

এটি তুলনামূলকভাবে ছোট। একটি সাধারণ অন-শোর উইন্ড টারবাইন ২-৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। চাঁদে বিদ্যুৎ উৎস হিসেবে পারমাণবিক চুল্লি তৈরির ধারণাটি নতুন নয়। ২০২২ সালে নাসা একটি চুল্লি ডিজাইন করার জন্য কোম্পানিগুলোর সঙ্গে ৫ মিলিয়ন ডলারের তিনটি চুক্তি করেছে।

এই বছরের মে মাসে চীন ও রাশিয়া ঘোষণা করেছে, তারা ২০৩৫ সালের মধ্যে চাঁদে একটি স্বয়ংক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা করছে।

অনেক বিজ্ঞানী একমত যে, এটি চন্দ্রপৃষ্ঠে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সেরা বা সম্ভবত একমাত্র উপায় হবে।

এক চন্দ্র দিবস পৃথিবীতে চার সপ্তাহের সমান। যার মধ্যে দুই সপ্তাহ অবিরাম রোদ এবং দুই সপ্তাহ অন্ধকার থাকে। এর ফলে সৌরশক্তির ওপর নির্ভর করা খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ধার‌ণা করা হচ্ছে, যে দেশ সর্বপ্রথম চাঁদে বিদ্যুৎ শক্তির জোগান দিতে পারবে তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হবে। তাই সুযোগটি হাতছাড়া করতে চাইছে না যুক্তরাষ্ট্র।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

সংশোধন হচ্ছে অন্তর্বর্তী সরকারের করা টেলিকম নীতিমালা

প্রকাশিত :  ১২:০৮, ১২ এপ্রিল ২০২৬

গত বছরের সেপ্টেম্বর মাসে প্রণীত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা-২০২৫’  অংশীজনদের ব্যাপক আপত্তি ও দেশি উদ্যোক্তাদের প্রতি বৈষম্যের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সংশোধনের ঘোষণা দিয়েছে সরকার। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, তথ্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মিলে একটি ক্লাস্টার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নীতিমালা সংশোধনের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। 

অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত এই নীতিমালায় টেলিকম খাতের লাইসেন্সগুলোকে তিন স্তরে নামিয়ে আনা হলেও এর বিভিন্ন ধারা নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি এই নীতিমালাকে একতরফা এবং বড় কোম্পানিগুলোর স্বার্থরক্ষাকারী হিসেবে অভিহিত করে এর আমূল পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল।

নীতিমালাটি পর্যালোচনায় দেখা যায়, এতে ৬৫ শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকে সব স্তরে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে মোবাইল অপারেটরদের বিদেশি মালিকরা চাইলে গ্রাহক পর্যায়ে সেবার পাশাপাশি টাওয়ার বা ফাইবার নেটওয়ার্ক নির্মাণের মতো অবকাঠামো খাতেও বিনিয়োগ করতে পারবে। তবে উদ্বেগের বিষয় হলো, একই ধরনের সুবিধা দেশীয় উদ্যোক্তাদের জন্য রাখা হয়নি। 

এমনকি টাওয়ার বা এনটিটিএন লাইসেন্সধারী দেশি প্রতিষ্ঠানগুলোকে সাবমেরিন ক্যাবলসহ আন্তর্জাতিক অন্যান্য পরিষেবা খাতে লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে দেশি ছোট ও মাঝারি কোম্পানিগুলো বড় টেলিকম জায়ান্টদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

খাত সংশ্লিষ্টদের তথ্যমতে, বাংলাদেশের টেলিকম খাতের মোট রাজস্বের ৮০ শতাংশই বর্তমানে মোবাইল অপারেটরদের দখলে। বাকি ২০ শতাংশ রাজস্বের জন্য ব্রডব্যান্ড সেবাদাতা এবং অবকাঠামো খাতের প্রতিষ্ঠানগুলো লড়াই করছে। ফাইবার অ্যাট হোমের চিফ ইনফরমেশন অফিসার সুমন আহমেদ সাবির এবং সামিট কমিউনিক্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলামের মতে, মোবাইল অপারেটররা যদি সরাসরি ফাইবার ও অবকাঠামো খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, তবে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডারদের (এনআইসিএসপি) ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। 

এমনকি ব্রডব্যান্ড সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি-র সভাপতি আমিনুল হক দাবি করেছেন, নীতিমালায় মোবাইল অপারেটরদের বাসাবাড়িতে ইন্টারনেট দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা সাধারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের অস্তিত্ব সংকটে ফেলবে।

রাজনৈতিক মহলেও এই নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে, নীতিমালায় নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই এবং এটি বড় কোম্পানিগুলোকে অন্যায্য সুযোগ দিচ্ছে। 

এমন পরিস্থিতির প্রেক্ষাপটে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলমও যৌক্তিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তিনি মনে করেন, পুরো নীতিমালা ঢেলে না সাজিয়ে যেসব সুনির্দিষ্ট ধারায় সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা উত্তম হবে। সরকারের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের এই আশ্বাস টেলিকম খাতের দেশি বিনিয়োগকারী ও ছোট উদ্যোক্তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর