img

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

প্রকাশিত :  ০৫:২৭, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার করা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ।

বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং কিংবা বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ এসব কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে, মেট্রোরেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো ধরনের শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আগে থেকেই কর্তৃপক্ষের কাছে আবেদন করে অনুমতি সংগ্রহ করা বাধ্যতামূলক। মূলত যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


img

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

প্রকাশিত :  ১১:৩৭, ০৯ জুলাই ২০২৬

তুরস্কের সহযোগিতায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই গড়ে তোলা হবে এই কারখানা। একই সঙ্গে উত্তরাঞ্চলে দেশের প্রথম বিমানবাহিনীর বিমানঘাঁটি স্থাপনের কাজও এগিয়ে চলছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে ড্রোন উৎপাদন কারখানা নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে এখনো আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। বিমানবন্দরটির পাশেই স্থাপন করা হবে ড্রোন তৈরির কারখানা, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম বিমানঘাঁটি স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে মোতায়েন করা হবে।

বিএসআরএফ সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রসঙ্গত, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও আন্তর্জাতিক মানে উন্নয়নের উদ্যোগ নানা সময়ে নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে রাজনৈতিক কারণে প্রকল্পটি আর এগোয়নি।

বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর