img

পূজায় মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

প্রকাশিত :  ০৯:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

পূজায় মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

গোয়েন্দা সিনেমা নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ আসন্ন দুর্গাপূজা উৎসবে মুক্তি পাচ্ছে । এরই মধ্যে মুক্তির তারিখ চূড়ান্ত করেছে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা। পূজার উৎসবে রিলিজের জন্য চলচ্চিত্রটি বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতিতে নাম এন্ট্রি করেছে।

চলচ্চিত্রটির প্রযোজক এবং পরিচালক দুজনই নিশ্চিত করেছেন আসন্ন পূজার উৎসব উপলক্ষে ৩ অক্টোবর রিলিজ হবে ‘ব্যাচেলর ইন ট্রিপ’।

আম্মাজান ফিল্মস প্রযোজিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।

পরিচালক নাসিম সাহনিক বলেন, ‘চলচ্চিত্রটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য-উপলক্ষ দর্শককে ভাবাবে। কমেডি উপাদানগুলো দেবে নির্মল আনন্দ। বন্ধুবান্ধব, পরিবারপরিজন, সঙ্গীকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য, সময়টিকে উপভোগ করার জন্য ‘ব্যাচেলর ইন ট্রিপ’ দেখা যেতে পারে।’

অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, ‘ঈদ উৎসবের পর পূজার উৎসেবও আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। চলচ্চিত্রটি পরিচালক নাসিম সাহনিক বেশ যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করি, দর্শক চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হবে।’

অভিনেত্রী শিরিন শিলা বলেন, ‘চলচ্চিত্রটিতে আমার চরিত্রটি দারুণ। আমি সর্বাত্মক চেষ্টা করেছি চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার। এই চলচ্চিত্রের সব শিল্পী বেশ মেধাবী। টানটান উত্তেজনাময় চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ একটি ট্রাভেল স্টোরি। সঙ্গে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়। চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা- পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি।

এ ছাড়া গল্পে আরও দেখা যাবে, সমুদ্রপাড়ে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যও। যা চলচ্চিত্রটিকে আরও টানটান উত্তেজনাময় করে তুলবে বলে আশাবাদী নির্মাতা।

চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে চলচ্চিত্রটির শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি চলচ্চিত্রটির ট্রেইলার উন্মোচন করা হয় এবং গান প্রদর্শন করা হয়।

img

মেসির রেকর্ড ভেঙে জবাব দিলেন রোনালদো

প্রকাশিত :  ১৯:৪৮, ২৩ জুন ২০২৬

ফুটবলপ্রেমীরা বহু বছর পরও স্মরণ করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপনকে। হিউস্টনের স্টেডিয়ামে লাল রঙে রাঙানো গ্যালারিভর্তি সমর্থকদের সামনে ৪১ বছর বয়সেও তিনি দুইবার সেই উদযাপন করেছেন। একই সঙ্গে টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল করে গড়েছেন অনন্য এক ইতিহাস।

উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। 

মেসির দখলে ছিল এই রেকর্ড। গতকাল রাতেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।

এ ছাড়া প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ভিন্ন ছয় আসরে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা।

২০০৬ বিশ্বকাপে ছয় ম্যাচে একটি, ২০১০ সালে চার ম্যাচে একটি, ২০১৪ সালে তিন ম্যাচে একটি, ২০১৮ সালে চার ম্যাচে চারটি ও ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করেন রোনালদো।  

বিশ্বকাপের ভিন্ন পাঁচ আসরে গোল আছে লিওনেল মেসির। এবারের আসরে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার হয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক (১৮টি)।

হিউস্টনে মঙ্গলবার (২৩ জুন) ‘কে’ গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। পর্তুগালের হয়ে অন্য দুটি গোল করেন রাফায়েল লিয়াও (৮৭ মিনিট) ও নুনো মেন্দেজের (১৭ মিনিট)। একটি গোল হয়েছে উজবেকিস্তানের গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোল।  

জয়ে ফিরে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। একটি করে ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচ খেলে উজবেকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

পর্তুগালের দিক থেকে এ ম্যাচ একমাত্র আক্ষেপের জায়গা রোনালদোর হ্যাটট্রিক হয়নি। হ্যাটট্রিকের সুযোগ যে পাননি তা নয়, একাধিকবার সুযোগ পেয়েছেন।

৬ ও ৩৯ মিনিটে গোল করেন রোনালদো। রোনালদোর জন্য এই ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১–১ গোলে ড্রয়ের ম্যাচে ভীষণ নিষ্প্রভ ছিলেন কিংবদন্তি। চারপাশ থেকে ধেয়ে এসেছিল সমালোচনা। জোড়া গোলে দারুণ জবাব দিলেন পর্তুগিজ এ মহাতারকা। 

রোনালদোই এখন বিশ্বের প্রথম ফুটবলার, যিনি ছয়টি পৃথক বিশ্বকাপ আসরে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। অর্থাৎ, টানা ২০ বছর ধরে বিশ্বকাপের মঞ্চে নিজের গোলের উপস্থিতি নিশ্চিত করেছেন তিনি। ফুটবল ইতিহাসে এটি এক অসাধারণ অর্জন। একই বিশ্বকাপে লিওনেল মেসিও একাধিক রেকর্ড গড়েছেন। আধুনিক ফুটবলের ইতিহাস যেন এই দুই মহাতারকার হাত ধরেই নতুন করে লেখা হচ্ছে।

প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর রোনালদোকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে যারা তার অবসর চেয়ে আসছিলেন, তারা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেন। দলের ভেতর থেকেও পূর্ণ সমর্থন না পাওয়ায় তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই চাপের মধ্যে নিজেকে প্রমাণ করে আসা রোনালদো আবারও জবাব দিয়েছেন মাঠেই।

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে, যেখানে প্রতিপক্ষের রক্ষণভাগ কঙ্গোর মতো দৃঢ় ছিল না, সেখানে ইতিহাস গড়া এক পারফরম্যান্স উপহার দেন তিনি। প্রথম সুযোগটি কাজে লাগাতে না পারলেও পরবর্তী দুটি সুযোগ আর নষ্ট করেননি। ক্যারিয়ারজুড়ে সমালোচনা ও ব্যর্থতার জবাব মাঠের পারফরম্যান্স দিয়েই দিয়েছেন এই তারকা। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই আছেন, যারা রোনালদোর মতো এতবার সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছেন। 

প্রথম গোলটি আসে ডান প্রান্ত থেকে জোয়াও কানসেলোর নিখুঁত পাস এবং রোনালদোর চমৎকার দৌড় ও ফিনিশিং থেকে। গোলের পর উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। কিছুক্ষণ পর ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া একটি ফ্রি-কিকে দর্শকরা রোনালদোকেই দেখতে চাইলেও শট নেন নুনো মেন্দেস এবং বল জড়িয়ে দেন জালে। 

তবে উত্তেজনা তখনও থামেনি। অল্প সময়ের মধ্যেই একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এতে আবারও উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ৪১ বছর বয়সেও যে তিনি গভীর পাসে দৌড়ে পৌঁছাতে পারেন এবং ঠান্ডা মাথায় গোল করতে পারেন, সেটিরই প্রমাণ মিলেছে এই গোলটিতে।

রোনালদোর এ দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম ম্যাচের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক পর্তুগালকে দেখা গেছে। সেট-পিস থেকেও তারা সফল হয়েছে, যার একটি থেকে আসে দলের চতুর্থ গোল। আরও একটি কৌশলগত আক্রমণ থেকেও সুযোগ পেয়েছিলেন রোনালদো। ম্যাচের ৭৫ মিনিটে উজবেক গোলকিপার নেমাতভের শট রোনালদোর গায়ে লেগে বক্সেই ছিল, বলটি আবারও ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নিয়েছিলেন রোনালদো। নেমাতভ দারুণভাবে ঠেকান। নইলে হ্যাটট্রিক হয়ে যেত রোনালদোর।    

দলের অধিনায়কের প্রতিযোগিতামূলক মানসিকতা ও নেতৃত্ব পর্তুগালের জন্য বড় অনুপ্রেরণা। তিনি আগের মতো আছেন কিনা, কতটা খেলবেন বা কতটা কার্যকর থাকবেন—এসব বিতর্কের ঊর্ধ্বে উঠে ৪১ বছর বয়সেও ইতিহাস লিখে চলেছেন রোনালদো। তিনি হয়তো বিতর্কের জবাব দিতে মাঠে নামেন না; তিনি খেলেন ইতিহাসে নিজের নাম অমর করে রাখার জন্য।