img

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেস ব্রিফিং : ১৮ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান

প্রকাশিত :  ০৮:১৩, ৩০ নভেম্বর ২০২৫

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেস ব্রিফিং : ১৮ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান

লন্ডন, ৩০ নভেম্বর ২০২৫:  যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করতে আহবান জানিয়েছে বিলেতের বাংলা মিডিয়ার শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব । ২৮ নভেম্বর শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই আহবান জানানো হয়।

প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম । তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রক্রিয়াটি খুবই সহজ—প্রথমে মোবাইল ফোনে  \'পোস্টাল ভোট বিড\' অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । এতে প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যে ব্যালট পেপার পাঠানোর  ঠিকানা।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে যুক্তরাজ্যের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ । এরপর অ্যাপে লগ ইন করে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এ সময় অবশ্যই মোবাইলের লোকেশন অন রাখতে হবে।

ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সাক্ষরসহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে কিংবা পোস্ট বক্সে ছেড়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে ব্যালটটি। তবে তিনি সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে বলেছেন, একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে । ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলেও ডিভাইস ব্লক হতে পারে বলে জানান তিনি। জনাব ওয়ারিসুল ইসলাম ১৮ ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরকে নাম রেজিস্ট্রেশনের আহবান জানান।

প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, বিশ্বজুড়ে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের দাবি প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ- অবশেষে বাস্তবায়ন হচ্ছে । আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসেই ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসীরা।  এই দীর্ঘ সময়ে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকরা সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে দাবী বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন । তাই এই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন ও প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেস ক্লাবের আজকের এই প্রেস ব্রিফিং । তিনি প্রবাসীদের অবিলম্বে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহবান জানিয়ে বলেন, সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। ১৮ ডিসেম্বর চলে এসেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবেনা।

জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে দীর্ঘদিন যাবত যেসকল সংগঠন ও ব্যক্তিবিশেষ সোচ্চার ভুমিকা পালন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, নির্বাচন কমিশন এবার কমপক্ষে ৫০ লাখ প্রবাসীকে পোস্টাল ভোটের আওতায় নিয়ে আসার টার্গেট গ্রহণ করেছে এবং শুক্রবার পর্যন্ত ৫০ হাজারের বেশি প্রবাসী নাম রেজিস্ট্রেশন করেছেন । শুধু যুক্তরাজ্যেই ৮ লক্ষাধিক বাংলাদেশী বসবাস করেন । তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, যেহেতু এটি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল, তাই আসুন ডেডলাইন অর্থাৎ ১৮ ডিসেম্বরের আগে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোটে অংশগ্রহনের সুযোগ নিই । ভোটে অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে পারবো । যদি আমরা বেশি করে নাম রেজিস্ট্রেশন করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি তাহলে দীর্ঘদিনের আন্দেলন-সংগ্রামের স্বার্থকতা দেখতে পারবো।

কমিউনিটি এর আরও খবর

img

সমাজসেবক কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই’র জানাজা ১৫ জানুয়ারি বৃহস্পতিবার

প্রকাশিত :  ১৮:০৭, ১৪ জানুয়ারী ২০২৬

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র, সমাজসেবায় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই (OBE)’র  জানাজা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর ব্রিটেনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক জনমত এর সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান, আতিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, মরহুম দবির চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি এক সময়ের ব্রিটিশ আসামে‑এ জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করার জন্য ব্রিটেন আসার পর, লন্ডনের বাইরে সেন্ট আলবানসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে কমিউনিটি‑ভিত্তিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তিনি শুধু সমাজসেবক ছিলেন না, বরং ছিলেন একজন উঁচুদরের চারণ কবি ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; রচনা করেছেন বহু কবিতা।

করোনা মহামারীর কঠিন বছরেগুলোতে তার মানবিক কাজ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি পায়। ২০২০ সালের রমজানে রোজা রেখে তিনি তাঁর পূর্ব লন্ডনের বো এলাকার বাসার সামনের বাগানে ৯৭০ লুপ হেঁটেছিলেন, শুধু কিছু অর্থ সংগ্রহের চেষ্টায় নয়, মানুষের দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে অন্যকে অনুপ্রাণিত করতে। এই প্রচেষ্টায় তিনি £৪২০,০০০-এরও বেশি অর্থ তহবিল সংগ্রহ করেন; এর অংশ বিশেষ NHS‑কে দেওয়া হয় এবং বাকিটা দশটিরও বেশি দেশের দরিদ্র, অসহায় ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় পাঠানো হয়।

তাঁর এই উদ্যোগকে কেন্দ্র করে ব্রিটিশ বাঙালি কমিউনিটির মানুষের প্রচেষ্টা একটি গ্লোবাল আন্দোলনে পরিণত হয়।

এই অসাধারণ মানবিক অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে ব্রিটিশ সরকার অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (OBE) দিয়ে ভূষিত করে, যা কমিউনিটির প্রতি তার অম্লান ভালবাসা ও সেবাপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল।

কমিউনিটি এর আরও খবর