img

সৌদি-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

প্রকাশিত :  ১০:১৮, ২৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:২৪, ২৭ নভেম্বর ২০২৫

সৌদি-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় সৌদি আরবসহ ৭ দেশের প্রবাসীদের ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব ছাড়া অন্য দেশগুলো হলো- বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার ও আরব আমিরাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় সম্মানিত ভোটারগণ সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত- উল্লিখিত দেশগুলোতে ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।’

আরও বলা হয়েছে, ‘সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতীত ভোটারদের নিকট ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ করা সম্ভব নয়। পরবর্তী করণীয় সম্পর্কে শীঘ্রই অবহিত করা হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মোট ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

কমিউনিটি এর আরও খবর

img

সিলেটে দ্বিতীয় সপ্তাহে ‘ফিড ফ্রাইডে’, বিনামূল্যে খাবার পেলেন প্রায় ২০০ অসহায় মানুষ

প্রকাশিত :  ১২:৫৩, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১৯, ২৪ অক্টোবর ২০২৬

অসহায় ও দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মানবিক উদ্যোগ ‘ফিড ফ্রাইডে’র ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও সিলেটে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল ২৩ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর নগরীর পশ্চিম পীর মহল্লার মৌলভী আব্দুস সমদ জামে মসজিদসংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা হ্যান্ডস অব হিউম্যানিটি ইউকে ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য, প্রতি শুক্রবার অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও এ উদ্যোগে খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যসংকট কিছুটা লাঘব করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে ‘ফিড ফ্রাইডে’ কর্মসূচি। এর আওতায় প্রতি শুক্রবার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

আয়োজকদের মতে, সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের প্রতিদিনের খাবার জোগাড় করতেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে আর্থিক সংকটে থাকা পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিতীয় সপ্তাহের আয়োজনেও স্বেচ্ছাসেবীরা আন্তরিকতার সঙ্গে উপকারভোগীদের মধ্যে খাবার পরিবেশন করেন।  ‘ফিড ফ্রাইডে’ কেবল খাবার বিতরণের একটি কর্মসূচি নয়; বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সামাজিক দায়বদ্ধতা জোরদার করার একটি প্রচেষ্টা।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ কর্মসূচি পরিচালনার মাধ্যমে আরও বেশি অসহায় মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এলে উদ্যোগটির পরিসর আরও বিস্তৃত করা যাবে।

এ কর্মসূচি অব্যাহত রাখতে সিলেটবাসীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা থাকলে এ ধরনের মানবিক কার্যক্রম দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সহজ হবে।
সিলেটে ‘ফিড ফ্রাইডে’র ধারাবাহিক আয়োজন স্থানীয় পর্যায়ে এমন একটি মানবিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা তৈরি করেছে।

দ্বিতীয় সপ্তাহে প্রায় ২০০ মানুষের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটির ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আয়োজকদের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতি শুক্রবার ‘ফিড ফ্রাইডে’র মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।



কমিউনিটি এর আরও খবর